× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন বেরিম্যান: কবিতায় মিশে আছে আত্মহত্যার অণু-পরমাণু

ফজল হাসান

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:১৬ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১২:১৭ পিএম

জন বেরিম্যান, ১৫ অক্টোবর ১৯১৪-৭ জানুয়ারি ১৯৭২

জন বেরিম্যান, ১৫ অক্টোবর ১৯১৪-৭ জানুয়ারি ১৯৭২

মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক কবিতা আর আত্মহত্যা একই সঙ্গে চলে, যেমন বিয়ে আর বিবাহবিচ্ছেদ। বিংশ শতাব্দীর মার্কিন কবি সারা টিসডেল, সিলভিয়া প্লাথ, অ্যান সেক্সটন, হার্ট ক্রেইন, র‍্যান্ডাল জ্যারেল এবং আরও অনেকে, যারা বিভিন্ন কারণে এবং বিভিন্ন উপায়ে আত্মহত্যা করেছেন। হয়তো তাদের আত্মহনন ছিল এক ধরনের পাগলামি, যে পাগলামি দুনিয়ার ব্যর্থতাকে বেশি করে ভালোবাসা এবং একই সঙ্গে তার বিপরীত বাস্তবতাকেও কামনা করে। হয়তো মানসিক অবসাদ, শৈশবের কোনো অনাকাঙ্ক্ষিত আঘাত কিংবা সৃজনশীল সাহিত্য রচনা করতে না পারার ভয় বা ব্যর্থতা তাদের আত্মহননের পথে ঠেলে দিয়েছিল। এমনই একজন ছিলেন কবিতায় পুলিৎজার পুরস্কার বিজয়ী কবি জন বেরিম্যান। তিনি ছিলেন মার্কিন সাহিত্যের অন্যতম কবি, যিনি ‘কনফেশনাল পোয়েট্রি মুভমেন্ট’-এ (বা আত্মস্বীকারোক্তিমূলক কবিতা আন্দোলন) অবদানের জন্য খ্যাতি লাভ করেছিলেন। 

একজন সফল কবি এবং একাডেমিক হিসেবে পরিচিতি লাভ করলেও জন বেরিম্যানের ব্যক্তিগত জীবন ছিল অস্থির। তিনি জীবনের পুরো সময় বিষণ্নতা এবং মদপান নিয়ে লড়াই করেছেন, যার অন্যতম কারণ ছিল তার বাবার আত্মহত্যার মানসিক আঘাত। এই ভয়ংকর ঘটনা সারাক্ষণ তাকে তাড়া করে বেড়িয়েছে এবং তার কবিতায় বারবার উপস্থিত হয়েছে। বাবার অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যু এবং অস্থির পারিবারিক জীবনÑ তার মা পুনরায় বিয়ে করে অন্য জায়গায় চলে যানÑ এগুলো ছিল তার গভীর মানসিক অস্থিরতার কারণ। আর সেই মানসিক অবসাদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রচুর পরিমাণে মদ্যপান করতেন এবং তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অবশেষে তিনি ১৯৭২ সালে আত্মহত্যা করেন।

‘জন বেরিম্যান : কবিতায় মিশে আছে আত্মহত্যার অণু-পরমাণু’ প্রবন্ধে কবে, কোথায় ও কীভাবে আত্মহত্যা করেছেন, আত্মহত্যার কারণ, আত্মহত্যার আগে বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা এবং উত্তরাধিকার (লেগ্যাসি) বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তবে এসবের আগে জন বেরিম্যানের জীবনী ও সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো।

জীবনী ও সাহিত্যকর্ম

জন বেরিম্যান (জন্মনাম : জন অলিন স্মিথ, জুনিয়র) যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের ম্যাকএলস্টারে ১৯১৪ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি শৈশবের বেশিরভাগ সময় ওকলাহোমায় কাটিয়েছেন। ১৯২৬ সালে পিতার আত্মহত্যার কয়েক সপ্তাহ পরে তার মা পুনরায় বিয়ে করেন এবং তিনি সৎপিতার নামের শেষাংশ নিজের নামের সঙ্গে যুক্ত করে নাম রাখেন জন বেরিম্যান। একসময় সবাই নিউইয়র্ক শহরে চলে যান।

জন বেরিম্যান ১৯৩৬ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ফেলোশিপ নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। আত্মহত্যার সময় তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি শিক্ষকতার সময়ে হার্ভার্ড, প্রিন্সটন, ইউনিভার্সিটি অব সিনসিনাটি এবং ইউনিভার্সিটি অব আইওয়ার মতো কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তিনি তিনবার বিয়ে করেছিলেন, এমনকি অন্য নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক বজায় রেখেছিলেন। 

জন বেরিম্যান ১৯৭২ সালে আত্মঘাতী হন। তাকে মিনেসোটার মেন্দোটা হাইটসের ‘রেজারেকশন’ ক্যাথলিক কবরস্থানে সমাহিত করা হয়।

অ্যান সেক্সটন এবং সিলভিয়া প্লাথের মতো বিখ্যাত কবিদের সঙ্গে জন বেরিম্যানের কবিতাও কনফেশনাল আন্দোলনের সঙ্গে জড়িত। উল্লেখ্য, কনফেশনাল আন্দোলন এমন একটি ধারা, যা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মানসিক আঘাতকে সৃজনশীল প্রকাশের উৎস হিসেবে গণনা করা হয়। তিনি ২৬ বছর বয়সে (১৯৪০ সালে) কবিতা প্রকাশ করা শুরু করেন এবং আমৃত্যু কখনোই তার কলম থেমে থাকেনি।

অন্য কবিদের সঙ্গে মিলে জন বেরিম্যান প্রথম কাব্যগ্রন্থ ফাইভ ইয়ং অ্যামেরিকান পোয়েটস (১৯৪০) প্রকাশ করেন। তার প্রথম একক কবিতার বই পোয়েমস প্রকাশিত হয় ১৯৪২ সালে, যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করেছিল। তিনি কবি হিসেবে সুনাম কুড়িয়েছেন ১৯৫৬ সালে প্রকাশিত হোমেজ টু মিসট্রেস ব্র্যাডস্ট্রিট কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে। তার কাব্যিক সনেটগ্রন্থ সেভেনটি সেভেন ড্রিম সঙস প্রকাশিত হয় ১৯৬৪ সালে। এ বইটি ১৯৬৫ সালে ‘পুলিৎজার প্রাইজ’ লাভ করে। পরে তিনি আরও তিনশ’র বেশি সনেট যোগ করে ১৯৬৮ সালে প্রকাশ করেন হিজ টয়, হিজ ড্রিম, হিজ রেস্ট কাব্যগ্রন্থ। উল্লেখ্য, এই গ্রন্থের হেনরি চরিত্রটি বাস্তবে তার নিজের প্রতিফলন। এই গ্রন্থ দুটি একত্রিত করে তার মহাকাব্যিক সৃষ্টিকর্ম দ্য ড্রিম সঙস ১৯৬৯ সালে প্রকাশিত হয়। তার হোমেজ টু মিস্ট্রেস ব্র্যাডস্ট্রিট কাব্যগ্রন্থ ১৯৫৬ সালে প্রকাশিত হয়, যাকে মহাকাব্যিক দৈর্ঘ্যের কারণে টিএস এলিয়টের দি ওয়েস্ট ল্যান্ড-এর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তিনি দুটি গদ্যগ্রন্থ (স্টিফেন ক্রেইন, ১৯৫০ ও দি ফ্রিডম অব দ্য পয়েট, ১৯৭৬) এবং কল্পকাহিনী রিকভারি (১৯৭৩) রচনা করেন। তিনি কবিতায় ‘পুলিৎজার প্রাইজ’ ছাড়াও হিজ টয়, হিজ ড্রিম, হিজ রেস্ট কাব্যগ্রন্থের জন্য ১৯৬৯ সালে ‘ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর পোয়েট্রি’ এবং ‘বলিঞ্জেন প্রাইজ’ জিতেছেন।

জন বেরিম্যানের কবিতার স্টাইল ছিল অকপটে প্রকাশ করার ক্ষমতা, যা পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কবিজীবনের শুরু থেকেই তিনি নিজেকে সাহিত্যের মানদণ্ডে এক বিশেষ স্থানে পৌঁছুতে সক্ষম হয়েছিলেন।

কবে, কোথায় এবং কীভাবে আত্মঘাতী হয়েছেন

জন বেরিম্যান ১৯৭২ সালের ৭ জানুয়ারি হাড় হিম করা কনকনে শীতের সকালে ওয়াশিংটন অ্যাভিনিউ সেতু থেকে মিসিসিপি নদীর পশ্চিম তীরে লাফ দিয়ে আত্মহত্যা করেন। জানা যায়, আত্মহননের আগে ঘর থেকে বের হওয়ার সময় জন বেরিম্যান স্ত্রী কেটকে বলেছিলেন যে, তিনি ক্যাম্পাসে তার অফিসকক্ষ পরিষ্কার করতে যাচ্ছেন। তিনি আরও বলেছিলেন, ‘আমার জন্য আর চিন্তা করার দরকার হবে না।’ সকাল সাড়ে ন’টায় তিনি সেতুর কাছে পৌঁছে দেখতে পেলেন যে, নদী ভীষণ খরস্রোতা। তারপর তিনি সেতুর উত্তরের পাশে থাকা বুকসমান উচ্চতার রেলিংয়ের ওপরে ওঠেন এবং ঝাঁপ দেন। তিনি প্রায় একশ’ ফুট নিচের বাঁধের ওপর পড়েন। পরে পুলিশ তার ওয়ালেটের মধ্যে খালি চেক দেখে শনাক্ত করে। এ ছাড়া ভাঙা চশমার ফ্রেমে তার নাম ছিল।

আত্মহত্যা করার মাত্র দুদিন আগে (৫ জানুয়ারি ১৯৭২) জন বেরিম্যান নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেদিন তিনি প্রচুর মদ্যপান করেছিলেন এবং আত্মঘাতী হওয়ার জন্য ওয়াশিংটন অ্যাভিনিউ সেতু থেকে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে বিকেলবেলা ঘর থেকে বের হন। তিনি স্ত্রী কেটের জন্য রান্নাঘরের টেবিলে একটি চিরকূট রেখে গিয়েছিলেন এবং সেখানে লেখা ছিল, ‘আমি একজন জঘন্য মানুষ।’ কিন্তু কিছুক্ষণ পরেই তিনি ফিরে আসেন এবং এই ঘটনা নিয়ে একটি কবিতা লেখেন। কবিতাটি শুরু হয়েছিল এভাবে, ‘আমি করিনি, এবং আমি করিনি,’ আর তার জীবন ও চাকরির বিষণ্ন বিবরণ দেওয়ার পর শেষ হয়েছিল এভাবে, ‘কিটিক্যাট, তারা আমাকে চাকরিচ্যুত করতে পারে না।’ বলা হয়, সেটাই ছিল তার জীবনের শেষ কবিতা। তিনি তারও আগে অন্তত দুবার (১৯৩১ এবং ১৯৩২ সালে) আত্মহননের চেষ্টা করেছিলেন। 

আত্মহত্যার কারণ 

আত্মঘাতী হওয়ার আগে জন বেরিম্যান আত্মহত্যার চিরকূট (সুইসাইডস নোট) রেখে যাননি। তবে এ কথা সত্যি যে, জন বেরিম্যানের কবিতায় মিশে আছে আত্মহত্যার অণু-পরমাণু। কেননা তিনি বছরের পর বছর ধরে বহু কবিতায় বারবার নিজের আত্মহত্যার বিষয়টি প্রকাশ করেছেন। এসব কবিতার মধ্যে তার ১৯৭০ সালে প্রকাশিত ‘দ্য সুইসাইড’ কবিতাটি সম্ভবত সবচেয়ে হৃদয়বিদারক। তবে পণ্ডিত, সমালোচক এবং জীবনী লেখকেরা মনে করেন যে, তার আত্মহত্যা ছিল দশকের পর দশক ধরে মনের মধ্যে জমে থাকা অমীমাংসিত শোক, বিষণ্নতা এবং মাদকাসক্তির করুণ পরিণতি। আর এগুলো আরও বাড়িয়ে দিয়েছিল বাবার অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যু থেকে সৃষ্ট মানসিক ক্ষত এবং তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের চাপ। তিনি এতটাই মানসিক আঘাত পেয়েছিলেন যে, পরবর্তীতে স্বীকার করেন পিতার মৃত্যুর কারণে তার জীবন থেকে ছেলেবেলা চুরি হয়ে যায় এবং তাকে নতুনভাবে তার জীবন শুরু করতে হয়েছে। অল্প বয়স থেকেই তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

জন বেরিম্যানের আত্মহত্যার নেপথ্যে আরও কিছু কারণ খুঁজে পাওয়া যায় (যদিও সেগুলো তেমন জোরালো নয়), যেমন আত্মহত্যার আগে তিনি আশা করেছিলেন যে, তার মানসিক উদ্বেগ, বিষণ্নতা এবং মদ্যপান নিয়ে তিনি স্ত্রী এবং সন্তানদের আরও দুঃখ ও কষ্ট দিতে চাননি। আত্মহত্যার আগে তিনি সম্ভবত আত্মঘাতী বাবার সঙ্গে পুনর্মিলনের কথা ভেবেছিলেন, কেননা তার বাবা তাকে স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।

আত্মহত্যার আগে বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা

জন বেরিম্যান জীবনের শেষদিকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য অনেক কিছুই করেছিলেন, যেমন তিনি ভদ্র থাকার চেষ্টা করেছেন, অত্যধিক পরিমাণে মদ্যপান করে সবকিছু ভুলে থাকতে চেয়েছেন, এমনকি নারীদের প্রতি আসক্তি দেখিয়েছেন। এ ছাড়া তিনি নিজেকে লেখার মধ্যে ডুবিয়ে রেখেছিলেন এবং কবিতা দিয়ে মানসিক অবসাদ ও শারীরিক অসুস্থতাকে পরাস্ত করার চেষ্টা করেছেন। তিনি ছাত্রছাত্রীদের জন্য লেকচার তৈরি করতেন এবং গভীর মনোযোগ ধরে রাখার জন্য তিনি কোর্সগুলো অত্যন্ত সতর্কভাবে শেখাতেন, যাতে তার মনের মধ্যে আত্মহত্যার চিন্তা না ঢোকে। তিনি নিজের সন্তানদের সঙ্গে খেলতেন এবং আনন্দ উপভোগ করতেন, এমনকি একসময় সৃষ্টিকর্তাকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠাগার থেকে অসংখ্য বই নিয়ে আসতেন এবং চোখ ক্লান্ত না হওয়া পর্যন্ত বইয়ের মধ্যে ডুবে থাকতেন। যে নির্দিষ্ট বই পড়ে তিনি সান্ত্বনা পেতেন, সেসব বই তিনি বারবার পড়তেন। একসময় তিনি ভ্রমণ করার চিন্তাভাবনাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত চেষ্টা বৃথা যায়।

উত্তরাধিকার (লেগ্যাসি) 

জন বেরিম্যানের আত্মহত্যা ছিল তার কবিতার মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় মানসিক অবসাদ ও কষ্ট এবং শারীরিক অসুস্থতা। মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থ, যেমন ডেলিউশনস ইটিসি (এটসেটরা) এবং আত্মজীবনীমূলক উপন্যাস রিকভারি, তার জীবনসংগ্রামকে তুলে ধরেছে এবং তার সাহিত্যিক উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করেছে। যদিও এসব সাহিত্যকর্ম বিষাদময়, তবে আত্মস্বীকৃতিমূলক হওয়ার কারণে তার সাহিত্যিক উত্তরাধিকার কনফেশনাল কবিতাকে প্রভাবিত করে চলেছে।

জন বেরিম্যানের কবিতায় আবেগপূর্ণ তীব্রতা এবং শৈল্পিক উদ্ভাবনের জন্য তার জীবন এবং সাহিত্যকর্ম এখনও পাঠকদের অনুপ্রাণিত করে এবং মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার জটিলতার বিষয়ে অন্তর্দৃষ্টি খুলে দেয়। এ ছাড়া তার শিক্ষাগত কাজ এবং মেন্টরশিপ কবি এবং ছাত্র প্রজন্মকে প্রভাবিত করছে।

জন বেরিম্যান মার্কিন কবিতার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তিনি সবচেয়ে বেশি পরিচিত তার স্বীকারোক্তিমূলক (কনফেশনাল) কবিতা আন্দোলনের জন্য। তার জীবন ছিল ব্যক্তিগত সংগ্রাম, যার মধ্যে রয়েছে পিতার আত্মহত্যা, অতিরিক্ত মদ্যপানের সমস্যা, মানসিক অবসাদ ও শারীরিক অসুস্থতা। এসব বিষয় তার কবিতার ওপর গভীর প্রভাব ফেলেছিল। 

জন বেরিম্যানের কবিতায় মিশে আছে আত্মহত্যার অণু-পরমাণু। কেননা তিনি বছরের পর বছর ধরে বহু কবিতায় বারবার নিজের আত্মহত্যার বিষয়টি তুলে ধরেছেন। তাই তার আত্মহনন হঠাৎ সিদ্ধান্তের ফল ছিল না, বরং তার আত্মহত্যা ছিল অস্থির জীবনের চূড়ান্ত পরিণতি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা