প্রবা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:০৫ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জয়গাথা ।। জুলাই ২৪
হাসান হাফিজ
জ্বলজ্বলে ছত্রিশ জুলাই। ধন্য জেন জেড।
চব্বিশ খ্রিস্টাব্দ তুমি প্রগতির নতুন সোপান।
‘মাতৃভূমি, নয় মৃত্যু।’ উই আর ওয়ান।
গ্রাফিতির অগ্নিভাষা পবিত্র ও সুরেলাসুন্দর।
ফুলের সুগন্ধ দ্যুতি তুচ্ছ ম্লান তার কাছে!
দম্ভ কিন্তু একদিন অবশ্যই চূর্ণ হয়।
প্রতিশোধ ঠিকই নেয় নিরীহ প্রকৃতি।
এই সত্য ভুলে ছিল হীনম্মন্য স্বৈরাচার।
ধন্য ধন্য তারুণ্যের সর্বপ্লাবী অনন্ত উদ্ভাস।
হে যৌবন, সম্মিলিত মহাশক্তি ফুল্ল অভিষেক,
জয়তু শহিদ, তোমাদের রক্তিম স্যালুট।
বিপ্লব সংহত হোক। চিরঞ্জীব হোক।
সময়ের আকাঙ্ক্ষার দাবি ও প্রত্যয় তা-ই।
উদ্যত সঙ্গীত
সাখাওয়াত টিপু
আমাকে ফেরাবে কেÑ গুপ্ত ঘাতক চেয়ার
যার চারপায়ে ঘা, দু’হাতে করাত পোকা
আমাকে ফেরাবে কেÑ তিন পায়ের টেবিল
যার ভাঙা পা নিয়ে গেছে প্রাচীন হার্মাদ
আমাকে ফেরাবে কেÑ ক্ষুধার্ত মানুষের মুখ
যার শত্রুরা বোবা মূর্তির মতোন অবিচল
আমাকে ফেরাবে কেÑ বুলেটের তীক্ষ্ণ দাঁত
যার কপালে আঁকা প্রিয়তমার শেষ চুম্বন
আমাকে ফেরাবে কেÑ দলিতের নিঃস্ব ভাষা
যার বর্ণমালা খেয়েছিল বাঙালি জাতীয়তাবাদ
আমাকে ফেরাবে কেÑ হাইডেগারের চশমা
বলবে : মানুষ দেখে, দেখাও মানুষ দেখে
আমাকে ফেরাবে কেÑ কথা বলার মেশিন
যার বাক-স্বাধীনতা মিশেছিল টিয়ার-শেলে
আমাকে ফেরাবে কেÑ দিনপঞ্জির ৩৬ জুলাই
যার রক্তাক্ত শরীর এখনো দুঃস্বপ্নে জাগায়
ঢাকা ।। ২০২৬
জুলাই : রক্তলোকের অনুলিপি
মাহফুজা অনন্যা
সময়ের বুকে গেঁথে থাকা অগণিত লাল অক্ষরে মোড়ানো জুলাইÑ ভূখণ্ডের ধমনিতে এখনও শুকায়নি রক্তের দাগ; রাজপথ আজও স্মৃতিখনিজে নির্মিত দীর্ঘ উপাখ্যান যা রাতের ভেতর শহীদদের পদচিহ্ন মুড়িয়ে ঘুমায়!
কত মায়ের বুক শূন্যতার দীর্ঘ উপকূল! কত মায়ের কোল সদ্য ফোটা তারার মতো সময়ের অন্তশ্বাসে দ্রবীভূত, কখনও জ্বলে ওঠে বিস্তৃত আকাশেÑ অনাথ পতাকার মতো ওড়ে সন্ধ্যার বাতাস!
পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো বিবেকের রক্তাক্ত প্রত্নতত্ত্বÑ জুলাই! রক্তের লালস্রোত, যে স্রোত বারবার আসে, বারবার ধুয়ে দেয় ক্ষমতার লড়াই, ভয়, দাসত্বÑ নতজানু ইতিহাসের মরচে।
ইতিহাসের ভাঙা আয়নায় আত্মপরিচয়ের পুনর্লিখনÑ জুলাই! ভবিষ্যতের কপালে জেগে থাকা সূর্য; বাঙালি জাতির আত্মার স্বরূপ। বিস্মৃতি সবচেয়ে বিপজ্জনক শাসকÑ তবু জুলাই ফিরে আসে আমাদের অস্তিত্বের বিচারসভায়!
জীবন দিয়ে যারা দিয়ে গেছে জুলাই, তারা মৃত নয়Ñ তারা ভাষাহীন বিবেক হয়ে বাংলাদেশের প্রতিটি শিশুর ভবিষ্যতের ভেতর অবিরাম হেঁটে চলে!
বৃত্রারি বর্ষাতি
নকিব মুকশি
পাথরের ঘষা থেকে একদিন জ্বলে ওঠে বহ্নি
দাবানল ফুসলিয়ে ধেয়ে চলে বৃত্র-শিরোস্ত্রাণেÑ
ভাঙা যায়, ভেঙে যায় এনভার হোক্সারের অহি
আলবেনিয়ার ইসমাইল কাদারে তিরোধানেÑ
ভাঙার প্রস্তুতি আড়ে লাল বটফল উঁকি মারে
যুবক বাতাস এলে হলুদ পাতারা গাছ ছাড়ে
আমাদের ঘরে পেকে উঠছে জুলুম ক্রমাগত
মিছিল মিছিল কণ্ঠ গুম হয় বঙ্গবৃত্রজালেÑ
জুলাই এসেছে, পথে পায়ের স্লোগান মজ্জাগত
ঘোড়ার খুরের ধুলা বঙ্গের রাবণ-উপকূলেÑ
মাটির শরীর শুষ্ক হলে ভেজে আকাশের চোখ
ডানা পেলে মেঘদূত কমে যায় জমিনের শোক
বৃষ্টির মাফিলে জেগে ওঠে সারি সারি বুনো ফুল
আষাঢ়ি জলসা বসে, ধুলায় মেঘের পদাবলিÑ
যুগদীর্ঘ নিষ্পেষণে রক্তের গ্রাফিতি আঁকে শূল
পয়লা পয়লা বৃষ্টি মুছতে পারে না বদকালিÑ
ফসলের মুখে হাসি নদীর ডিভান ভেজা হলে
মাথায় সাপের ফণা বৃত্র হয় কড়া বিষ পেলে
ছয়পেয়ে অ্যারিয়েল দেখে অলি বার্ড ওয়েলসে
নিজ ঘরে ডাকে তাকে, লোনলি ফিলটা দূর হোকÑ
বঙ্গবৃত্রজাঁতাকলে রেবেল আত্মারা পিষে খসে
বৃষ্টিবনে উঁকি মারে সেই রেমালের থাবা রোগÑ
তুফান বাধিয়ে দেয় সিন্ধুবায়ু ফাঁকা স্থান পেলে
বর্ষারক্তে দিনমণি লাল হয়ে দ্রোহী পাখা মেলে
আশি হাজারের বেশি আগ্নেয়গিরির লাভা নিয়ে
ভেনাস ফুটছে দূরে, বিস্ফোরিত হবে একদিনÑ
জুলাই এমন শুক্র, যেন পশ্চিমের দাবানল;
জুতার মিছিল রক্তসংগীত বারুদ অন্তর্লীনÑ
রিভোল্ট রিভোল্ট ঢেউ ছড়িয়ে পড়েছে উপবনে
ব্যারিকেড ভেঙেচুরে চলে যায় জোঁকের খিলানে
রক্তনালি ব্লক করে প্রেম খেলা খেলে প্রভু শিলা
ক্রীতদাসী রানি বলে, ‘তারে যা দিয়েছি আজীবন
মনে রাখবে’, মনে রাখে ক্ষত শুষ্ক নালিগুলা
একদিন বৃষ্টি আসে, জাগে মাটি, পাতাঝরা বন
জঙ্গলবাসের পর লোকালয় গুয়ানতানামো
মানুষ হারালে সারে নরায়িত পৃথিবীর ব্যামো
ছাত্র-নাগরিক অভ্যুত্থান
রাজিয়া সুলতানা ঈশিতা
‘মালঞ্চ’ সন্ধ্যার বুক কেটে
ধা করে বেরিয়ে গেলো ফল্গুধারার পানে
আমার মতো দুই ট্যাকার কেরানি
আর আধিপত্যকারী মারকুটে দল
অগত্যা উভয়ই বসে আছি
ট্রাফিকের ইশারায়,
এইতো সেদিন শংকর প্লাজা আর
আই হসপিটাল,
বিক্ষুব্ধ জনতার রণে রঞ্জিত ছিল,
আমার চোখের সামনেই দুরন্ত কিশোর
রক্ষীবাহিনীর ছোঁড়া টিয়ারশেল
ছোঁ মেরে উলটে ছুড়ে দিল,
লিকলিকে শরীরের আরেক যুবক
তরতর করে বেয়ে উঠলো
সিগন্যালের ল্যাম্পপোস্টের খাম,
সাঁটিয়ে দিয়ে এলো
‘স্বৈরাচার নিপাত যাক’
রাবার বুলেট উড়ে এসে পড়লো
আমার পায়ের কনিষ্ঠা অঙ্গুলি বরাবর।
ওড়নার খুঁটে বেঁধে
ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছিলাম
ব্যারিকেড ভেঙে,
পরবর্তীতে খবর এসেছে
কে কে সেদিন নাম লিখিয়েছে শহীদের দলে।
এতসব ভাবতে ভাবতে পার হচ্ছি
পুড়ে যাওয়া ট্রাফিক বক্স,
পার হচ্ছি আল-মানারে ফাইয়াজের শব
পার হচ্ছি জেনেভা ক্যাম্পের
ছোট ছেলেটার পড়ে থাকা
মৃতদেহের দাগ!
পার হচ্ছি বিক্ষুব্ধ সময়
নাম তার জুলাই অভ্যুত্থান।
সাহসী আবেগ
রেজাউল করিম রনি
যে তোমার অতীতকে তোমার থেকে বিচ্ছিন্ন করেÑ
সে তোমার ততো বড় শত্রু নয়,
যে তোমার ভবিষ্যতকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়
Ñসেও তোমার ততো বড় শত্রু নয়,
আসলে যে তোমার বর্তমানকে তোমার থেকে বিচ্ছিন্ন করতে চায়
Ñসেই তোমার প্রকৃত শত্রু।
অতীতে অনেকে বেঁচেছিল
ভবিষ্যতেও অনেক হয়তো বাঁচবে
কিন্তু এই দুইয়ের যোগসূত্র ধরেÑ
তুমিই একমাত্র বর্তমানে বেঁচে আছো।
অতীতের যেইসব গল্প আমাদের বর্তমানকে কুয়াশাচ্ছন্ন করেছে
ভবিষ্যতের অলীক ভেল্কিগাধা শুনিয়ে যারা আমাদের বর্তমানকে
ধ্বংস করতে চেয়েছে
Ñএই ভাবেই ক্ষমতার ইতিহাসের ঝুড়িতে জমা হয়েছে লাশের গল্প।।
প্রতিবাদের প্রতিভা আমাদের টেনে নিয়ে গিয়েছিল
বৃষ্টি ও বারুদের দ্বন্দ্বমুখর জুলাইয়ের পথে পথে
আমাদের চোখের ধুলার আস্তর বৃষ্টিতে ধুয়ে গেলে জানতে পারিÑ
ইতিহাসের দায় শোধ করতে হয় বর্তমানের নিক্তিতেই,
গত ও আগামীর অসাম্যতার মিশেলেÑ
আমাদের আজকের বেঁচে থাকার মধ্যে
ঘুমিয়ে আছে জালেম তাড়ানো সাহসী আবেগ।
২০/৭/২৬
বেঁচে থাকতে চাই
জব্বার আল নাঈম
বেঁচে থাকার প্রধান শর্তÑ গতিসম্পন্ন হওয়া।
তার মানে এই নয়, সারাক্ষণ মাঠে-ময়দানে বেগতিক ছুটতে হবে;
বরং খেয়াল রাখতে হবেÑ ফুটপাতের অনাথ শিশুটির দিকে,
যে চোর নয়, তবু গণপিটুনির ভিড়ে
নিজের নামটুকুও হারিয়ে ফেলে।
যে পুরুষ তার ক্ষমতাবান স্ত্রীর নিষ্ঠুর ছায়ায়Ñ ঘরই হয়ে ওঠে নির্বাসন কেন্দ্র!
যখন সন্ধ্যা নামে, পার্কের কোনায়, যেখানে সোডিয়াম আলো পৌঁছায় নাÑ অথচ ঘুমিয়ে আছে
একটি নির্যাতিত মুখÑ
তার অপরাধ, দেশকে ভালোবেসেছিল।
সে পালাতে চায়, পারে না;
তার পিছু নেয় জলপাই রঙের পোশাক,
রাষ্ট্রের শীতল চোখ,
ক্রসফায়ারের অদৃশ্য নিশানা।
তবু পালিয়ে থাকা, কিংবা পালানোর স্বপ্নÑ
সেটুকুই তার শেষ স্বাধীনতা।
কথাগুলো বলছি, যেন নীরবতার ভাষা বুঝতে পারো
যেন সময়ের আগেই দৌড়াতে পারো,
যেন রক্তস্রোত পেরিয়ে
যেন স্মৃতির প্লাবনে একা ভেসে গিয়ে
বঙ্গোপসাগরের অতলে হারিয়ে না যাও।
গতিহীন তুমি স্রষ্টাকেই অভিযুক্ত করবে এবং বলবেÑ
তিনি তোমার অধিকার কেড়ে নিয়েছেন।
অথচ স্রষ্টার ইচ্ছাÑ
মানুষ অনন্তকাল বেঁচে থাকুক
লড়াই জারি রেখে কিংবা অন্যায়ের বিরুদ্ধাচরণ করে।
ঘুমের মধ্যে আজও রক্ত দেখি
শাহীন রেজা
ঘুমের মধ্যে আজও রক্ত দেখি
নিষ্পাপ মুখগুলো কত সহজেই ছায়া হতে হতে পাখি হয়ে যায়
কত সহজেই রাতের ওলানগুলো ভেঙ্গে পড়ে ভোরের কিনারে
এইতো জীবনÑ
অরণ্যের ক্লান্তি নিয়ে প্রতিটি সকাল
কেমন ইয়ামিন হয়ে ওঠে,
হয়ে ওঠে মুগ্ধ কিংবা সাঈদ
আমার প্রার্থনাগুলো সমুদ্র ছোঁয়
পাহাড়ের বুক বেয়ে মেঘ ছুঁই ছুঁই
হে আমার সন্তানেরাÑ
ঝরা বকুলের গন্ধ নিয়ে আর কতকাল তোমরা ঝুলে থাকবে শিথানে,
মোটা কাঁচের মধ্য দিয়ে দৃষ্টিরা স্পর্শ করে যাবে তোমাদের দেহ;
আর কতকাল?
একবিংশে শোকের আয়ু কিছুতেই বছরের সমান বয়সী নয়
আমরা ধরে রাখব তোমাদের
চোখে এবং বুকে আর চিরকালের এক নদী হয়ে ছুঁয়ে যাব ক্লান্তিহীন
ধুসর মায়ায়।
২৮ জুলাই ২০২৬
সতের পঞ্জিকা
রহমান হেনরী
ইতিহাস : মাড়িয়ে এসেছিÑ
শ্রমজীবী মানুষের স্বপ্নগুলো : নগ্ন, উন্মাদ,
প্রগলভ, মানুষের ঢিল খাচ্ছেÑ বিভিন্ন সড়কে;
গিরিখাতে, মাঝারি পাহাড় হয়ে,
স্তূপীকৃত মানুষের অস্থি ও করোটি
Ñনীল রঙে জাগে;
এইসব ঠেলেঠুলে :
কাঁকর-বিছানো পথ
বেল কাঁটা...
বন্ধুত্বের আশ্বাসবিহীন দিনে :
অগণিত ফণী-অধ্যুষিত বন...
বিরুদ্ধ জ্যোৎস্নার রাত,
খালি পায়ে, পার হয়ে,
প্রাসাদের নিকটে, এসেছিÑ
এসে, দেখছি :
ভয়ানক ডাইনীকে
মহান সাম্রাজ্ঞী বলা হয়!
জুলাই তুমি
জুলফিকার শাহাদাৎ
জুলাই তুমি রক্তে লেখা এক ইতিহাস, রক্তপলাশ
ঘুমিয়ে আছে তোমার বুকে শহিদ কত
দু চোখ বেয়ে অশ্রু ঝরে অবিরত।
তুমি ছিলে জুলুমবাজের বিরুদ্ধে এক শক্ত কাঁটা
নিপীড়নের বিরুদ্ধে এক কঠিন দেয়াল
তোমার ভয়ে পালিয়ে গেছে দুষ্টু শেয়াল।
জুলাই তুমি মুগ্ধ, সাঈদ
বুক পেতেছে রক্ত দিতে তোমার বুকে
তাদের মুখে মুক্তির গান
তাদের হাতে অগ্নিমশাল
তাদের চোখে হার না মানার দীপ্ত শপথ।
জুলাই তুমি লাল সবুজের পতাকাকে রক্ষা করার তীব্র লড়াই
আগলে রাখা স্বাধীনতা
মুক্ত আকাশ ফিরিয়ে আনার এক জনস্রোত।
জুলাই তুমি মা ও বোনের আহাজারি
বাবার কাঁধে পুত্রের লাশ
ছোট্ট শিশুর রক্তে ভেজা ঘাসের ডগা।
জুলাই তুমি ভাইয়ের কান্না, রুদ্রমিছিল
লক্ষ লোকের ঢেউ জাগানো গণজোয়ার
প্রতিবাদের স্রোত থামাতে কে পারে আর?
কেউ পারেনি। পালিয়ে গেছে অসুর শাবক
জুলাই তুমি বাংলাদেশের ইতিহাসের অভিভাবক।