দীপু মাহমুদ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৪২ পিএম
অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
নিবারণ সূত্রধর রথের মেলায় এসেছে কাঠ দিয়ে বানানো তার হিরামন পাখি নিয়ে। সে এবার একটি পাখিই বানিয়েছে। দেখলে মনে হয় জীবন্ত।
পাখির মাথার রঙ হলুদ। সবুজ আর বেগুনি ডানা। নীল সবুজ রঙে মেশানো লেজ। বুকের ওপাশে নীল।
নিজের সৌন্দর্য নিয়ে কাঠের পাখি বেশ আনন্দিত। সবসময় মনে হয়েছে রথের মেলায় সেই দেখতে সবচেয়ে সুন্দর। তাই সবাই তাকে ভালোবাসবে।
নিবারণ সূত্রধরের মন আনমনা হয়ে আছে। বিকাল গড়িয়ে যাচ্ছে। পাখি বিক্রি হয়নি। পাখির দাম চেয়েছে বেশি। অত দাম দিয়ে কেউ কাঠের পাখি কিনতে চাইছে না।
পাখিও ভাবছে, ‘যার-তার কাছে যেতে চাই না। যার অনেক টাকা আছে, আমি যাব তার কাছে।’
বাবার সাথে রথের মেলায় এসে হিমি সেই পাখি কিনে নিল। হিমিকে পছন্দ হয়েছে পাখির। তার মনে হলোÑ ‘আমি মেলার সবচেয়ে সুন্দর পাখি। আমার জায়গা শুধু হিমির ঘরেই।’
হিমি বলল, বাবা দেখো, কাঠের পাখি, তবু দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের। আর কী ভীষণ সুন্দর রঙ। এই পাখির নাম দিলাম রঙপাখি।
কাঠের পাখির মন খারাপ হয়ে গেল। হিরামন নাম পছন্দের ছিল। তবু মনে হলো কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতেই হয়। রঙপাখিও সুন্দর নাম।
রঙপাখিকে কাছে নিয়ে হিমি রাতে ঘুমায়। ইশকুলে সাথে করে নিয়ে যায়। রঙপাখি আছে বেশ আনন্দে।
হিমি ট্রেনে চড়ে মায়ের সাথে যাচ্ছে নানুবাড়ি। সে বসেছে জানালার পাশে। জানালা খুলে দিয়েছে। তার হাতে রঙপাখি। হিমি ট্রেনের জানালা দিয়ে হাত বের করে রঙপাখিকে দোলাতে দোলাতে বলল, ‘ওই দেখ বিশাল আকাশ, তুমি ডানা মেলে উড়ে যাবে আকাশে!’
অমনি ট্রেনের ঝাঁকুনিতে হিমির হাত থেকে রঙপাখি ছিটকে নিচে পড়ে গেল। ট্রেন তখন খুব জোরে যাচ্ছে, ট্রেন এগিয়ে গেছে অনেক দূর। হিমির ভীষণ মন খারাপ হয়েছে। মা বললেন, ‘মন খারাপ কোরো না। নানুবাড়ি গিয়ে তোমাকে আরেকটা পাখি কিনে দেব।’
রেললাইনের পাশে জঙ্গলের ভেতর পড়ে রঙপাখির প্রচণ্ড কষ্ট হচ্ছে। চারপাশে কাঁটাঝোপ। মনে হলো সে কোনোদিন এখান থেকে যেতে পারবে না। ভাবল জীবন শুধু নরম বিছানা নয়, এই কাঁটাঝোপও।
আজিবর মিয়া কৃষক। মাঠে কাজ সেরে ফেরার সময় রেললাইনের পাশে কাঁটাঝোপের ভেতর দেখল সুন্দর কাঠের রঙিন পাখি। সে পাখিটি তুলে নিয়ে তার নাতি-নাতনিকে দিল।
আজিবর মিয়ার নাতির নাম রাহা আর নাতনির নাম রিয়া। রঙপাখি পেয়ে দুই ভাইবোন ভীষণ খুশি হয়েছে। তাদের দরিদ্র কুঁড়েঘর দেখে রঙপাখির মন খারাপ হয়ে গেল। তার মনে হলোÑ এত সুন্দর দেখতে সে, এমন ভাঙা বাড়িতে তাকে মানাবে না।
ভাইবোন দুজন সারাদিন পাখি নিয়ে খেলা করল। সন্ধ্যার সময় তারা বলল, ‘পাখি গাছে থাকে। রাতে গাছেই ঘুমাবে।’
পাখিকে বাড়ির উঠানের মাঝখানে বরইগাছে রেখে দিল। রাত হয়ে এসেছে। অন্ধকারে রঙপাখি খুব ভয় পেতে থাকল। তার ইচ্ছে হলো ঘরে থাকতে।
তখন বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। জোরে জোরে মেঘ ডাকছে। ভয়ে রঙপাখি কেঁপে উঠল। তারপর শুরু হলো বৃষ্টি। কষ্টে রঙপাখি কাঁদতে থাকল।
তাকে অবাক করে দিয়ে রাহা আর রিয়া বৃষ্টির ভেতর দৌড়ে এসে রঙপাখিকে ঘরে নিয়ে গেল। রঙপাখি অনুভব করল কেউ তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ভাইবোনের ভালোবাসা দেখে রঙপাখি মুগ্ধ হয়ে গেল। তার মনে হলো, যে ভালোবাসতে পারে, সে ভালো মানুষ। ভালো মানুষ হতে টাকা-পয়সার দরকার হয় না।
রঙপাখি মনে মনে বলল, ‘আজ বুঝতে পারছি, আমাকে নিয়ে গর্ব করার কিছু নেই। মানুষ আমাকে ভালোবাসে। সবচেয়ে সুন্দর রঙ কাঠের গায়ে হয় না। সবচেয়ে সুন্দর রঙ থাকে মানুষের হৃদয়ে।’
সেদিন থেকে রঙপাখি বদলে গেল। হাসি আর আনন্দ নিয়ে সে সকলের সাথে মিশে থাকল।