শাহাবুদ্দীন নাগরী
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৩৫ পিএম
সামনে কখনও হাঁটতে চাইলে
হিসেব করবে পুরনো মাইলে,
হাজার মিটারে এক কিলো হয়
মাইলের চেয়ে কম,
দুধ-ছানা খেতে মনটা চাইলে
ফোল্ডার খুলে দেখবে ফাইলে
দুধের চেয়েও কতো সুস্বাদু
পানতোয়া-চমচম।
নদীপথে যেতে চাইলে লঞ্চে,
মনে হবে তুমি উঠলে মঞ্চে,
তার চেয়ে তুমি নৌকায় ওঠো
দেখবে নদীর ছন্দ,
মন যদি চায় কবিতা লিখবে
পাখ-পাখালির ভাষাটা শিখবে
যখন অঝোর বৃষ্টি পড়বে
মুছে যাবে সব দ্বন্দ্ব।
যা কিছু ভাবছো, হয়তো স্বপ্ন,
নয়তো গল্প-কিচ্ছে,
স্বপ্ন দেখলে প্রতিবার মনে
জাগবে বাঁচার ইচ্ছে।