সিফাত আল মাহীন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৩:২৩ পিএম
মনের সুখে হাসছে ওরা
মেয়ে সন্তান চেয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের আম্বিয়া খাতুন। সন্তান জন্মের পর তার সেই ইচ্ছাও পূরণ হয়। কিন্তু জন্মের কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, নবজাতক কন্যাশিশু আকসা জন্মগতভাবে ঠোঁট কাটা অবস্থায় জন্মেছে। সন্তান জন্মের আনন্দ খুব দ্রুতই বদলে যায় দুশ্চিন্তায়। আত্মীয়স্বজন ও আশপাশের মানুষের কাছ থেকেও শুনতে হয় নানা কথা। কেউ কেউ শিশুটির মাকেই দায়ী করেন।
আম্বিয়া বলেন, ‘আমার বংশে আগে একজনের এমন সমস্যা ছিল। এজন্য অনেকে আমাকে দোষ দিত। খুব টেনশনে ছিলাম। সবচেয়ে বড় ভয় ছিল, মেয়েটা ঠিকভাবে খেতে পারবে কি না, কথা বলতে পারবে কি না।’ মাত্র চার মাস বয়সে আকসার অস্ত্রোপচার হয়। এখন সে স্বাভাবিকভাবে খেতে পারে, স্পষ্টভাবে কথা বলতে পারে এবং অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে। আম্বিয়া বলেন, ‘এখন সবাই ভালো কথা বলে। ও খুব হাসিখুশি।’ একই ধরনের সামাজিক কুসংস্কারের মুখোমুখি হয়েছিল চট্টগ্রামের সাতকানিয়ার আফিফা বিনতে আলমগীরের পরিবারও। জন্মের পর প্রতিবেশীদের কেউ কেউ তাদের বলেছিল, শিশুটিকে না খাইয়ে মেরে ফেলতে। স্বল্প আয়ের পরিবারটির জন্য মেয়ের চিকিৎসার খরচ বহন করা সহজ ছিল না। আফিফার বাবা একজন নির্মাণশ্রমিক। মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা পরিবারটি পরে গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের ‘ক্যাম্পেইন থাউজ্যান্ড স্মাইলস’-এর মাধ্যমে বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ পায়। এখন চার বছর বয়সী আফিফা পুরোপুরি স্বাভাবিক। আগামী বছর তাকে স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছে পরিবার। পরিবারের সদস্যরা বলছেন, আগে মানুষ নানা কথা বললেও এখন শিশুটিকে দেখে ইতিবাচক মন্তব্য করেন।

চিকিৎসকদের মতে, ঠোঁট কাটা ও তালু কাটার চিকিৎসা যত দ্রুত করা যায়, শিশুদের কথা বলা এবং স্বাভাবিক বিকাশের সুযোগও তত বাড়ে। তবে আফিফার মতো অনেক শিশুই অতটা সৌভাগ্যবান হয় না। দেরিতে অস্ত্রোপচারের ফলে তাদের কথা বলায় জড়তা বা অস্পষ্টতার ঝুঁকি অনেক বেশি থাকে। একইভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জের রবিউল ইসলামের জন্ম হয়েছিল তালু কাটা সমস্যা নিয়ে। ছোটবেলা থেকেই তার কথা স্পষ্ট বোঝা কঠিন ছিল। ফলে পরিবার তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ছিল। চার বছর বয়সে অস্ত্রোপচারের সুযোগ পায় রবিউল। এখন তার কথা অনেকটাই বোঝা যায়, যদিও কিছু জড়তা রয়ে গেছে। রবিউলের মা ঝর্ণা বেগম বলেন, ‘আগে আমি চোখে শুধু অন্ধকার দেখতাম। ভাবতাম, ওকে কীভাবে পড়াশোনা করাব। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখি।’ ফরিদপুরের নগরকান্দার আদিবার পরিবারও একসময় একই দুশ্চিন্তায় ছিল। তালু কাটার অস্ত্রোপচারের পর এখন পরিবারের ইচ্ছা, বড় হয়ে সে একজন হাফেজা হোক।
চিকিৎসকদের মতে, ঠোঁট কাটা ও তালু কাটা নিয়ে জন্মানো শিশুদের অনেকেই খাওয়া, কথা বলা এবং সামাজিক জীবনে অংশ নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়। তবে সময়মতো অস্ত্রোপচার হলে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু দেশের অনেক নিম্নআয়ের পরিবারের জন্য এই চিকিৎসা এখনও ব্যয়বহুল। আবার অনেক পরিবার জানেই না, কোথায় গেলে এই চিকিৎসা পাওয়া যায়। ক্লেফট বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর পাঁচ হাজারের বেশি শিশু ঠোঁট কাটা বা তালু কাটা সমস্যা নিয়ে জন্ম নেয়। এমন বাস্তবতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। সংগঠনটির ‘ক্যাম্পেইন থাউজ্যান্ড স্মাইলস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি সংগঠনের পৃষ্ঠপোষকতায় ঢাকা, ফরিদপুর, সিলেট, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ১১টি সার্জিক্যাল ক্যাম্পের মাধ্যমে ১১১ জন শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে সর্বশেষ মে ও জুন মাসে IIX Global-এর সহায়তায় ঢাকা ও জামালপুরে আরও দুটি ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে ২০ জন শিশুর অস্ত্রোপচার করা হয়েছে। সংগঠনটির সংশ্লিষ্টরা বলছেন, এখনও দেশের বিভিন্ন অঞ্চলে এমন অনেক শিশু রয়েছে, যাদের পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, অথবা কোথায় চিকিৎসা পাওয়া যায়, সে তথ্য জানে না। অস্ত্রোপচারের মাধ্যমে আরও বেশি শিশুকে চিকিৎসার আওতায় আনার পাশাপাশি পরিবারগুলোর কাছে তথ্য পৌঁছে দেওয়াও ক্যাম্পেইন থাউজ্যান্ড স্মাইলস -এর অন্যতম লক্ষ্য।
আকসা, আফিফা, রবিউল কিংবা আদিবার পরিবারের মতো আরও অনেক পরিবার একসময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ছিল। একটি অস্ত্রোপচারের পর সেই পরিবারগুলো এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।