সাইফুল হক মোল্লা দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভ্রমণজীবনে অসংখ্য হোটেলে থাকার অভিজ্ঞতা হয়েছে। তবে খুব কম স্থানই আছে, যেখানে একটি হোটেল নিজেই ইতিহাসের অংশ হয়ে ওঠে। লন্ডনের ক্রয়েডন অ্যারোড্রোম হোটেল তেমনই একটি স্থান। এখানে ছয় রাত অবস্থানের অভিজ্ঞতা শুধু একটি আবাসনে থাকার স্মৃতি নয়, বরং আধুনিক বিমান চলাচলের শুরুর দিনের ইতিহাসের কাছাকাছি যাওয়ার সুযোগ।
প্রথম দিন হোটেলে পৌঁছে এটি পরিচ্ছন্ন, আরামদায়ক এবং কিছুটা পুরনো ধাঁচের একটি চার-তারা হোটেল বলেই মনে হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে উপলব্ধি হয়েছে, এটি শুধু একটি আবাসন নয়; এটি এমন একটি ভবন, যেখানে বিমান চলাচলের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ছাপ রয়েছে। হোটেলের করিডোরে সাজানো পুরনো আলোকচিত্র, স্থাপত্যশৈলী ও পরিবেশ জানান দেয়, একসময় এই ভবনের সঙ্গে যুক্ত ছিলেন আকাশপথে পৃথিবীকে নতুনভাবে আবিষ্কারের অভিযাত্রীরা।
আজকের দিনে লন্ডনের প্রধান বিমানবন্দর হিসেবে হিথরো কিংবা গেটওয়ে পরিচিত হলেও একসময় সেই মর্যাদা ছিল ক্রয়েডন বিমানবন্দরের। বিশ শতকের তৃতীয় ও চতুর্থ দশকে এটি ছিল যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিমান চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র। ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত ও দূরপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বিমান এখান থেকেই চলাচল করত। তখন বিমানযাত্রা ছিল না আজকের মতো সহজলভ্য। এটি ছিল বিলাসিতা, রোমাঞ্চ ও সাহসিকতার এক অনন্য অভিজ্ঞতা। দীর্ঘ দূরত্বের যাত্রায় একাধিকবার বিরতি নিতে হতো। আবহাওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও যান্ত্রিক চ্যালেঞ্জ ছিল নিত্যসঙ্গী। সেই সময়ের আকাশযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ক্রয়েডন।
বিমান চলাচলের স্বর্ণযুগের সাক্ষী
১৯২৮ সালে বিমানবন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে নির্মিত হয় ক্রয়েডন অ্যারোড্রোম হোটেল। দূরপাল্লার যাত্রী, বৈমানিক ও বিমানকর্মীদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করাই ছিল এর উদ্দেশ্য। বিমানবন্দর-সংলগ্ন হোটেল নির্মাণের ধারণা তখন ছিল আধুনিক ও ব্যতিক্রমী। প্রায় এক শতাব্দী পরও ভবনটির স্থাপত্যে সেই সময়ের বৈশিষ্ট্য স্পষ্ট। আর্ট ডেকো শৈলীর প্রভাব, সরল অথচ গাম্ভীর্যপূর্ণ নকশা এবং পুরনো দিনের অভিজাত আবহ হোটেলটিকে আলাদা পরিচয় দিয়েছে।
আজ আমরা কয়েক ঘণ্টায় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছে যাই। কিন্তু ১০০ বছর আগে বিমানযাত্রা ছিল এক ধরনের অভিযান। লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা অস্ট্রেলিয়ার পথে যাত্রা শুরু করা যাত্রীদের জন্য ক্রয়েডন ছিল গুরুত্বপূর্ণ একটি যাত্রাবিন্দু।
হোটেলের লবিতে বসে কিংবা করিডোরে হাঁটতে হাঁটতে মনে হয়, হয়তো এই স্থানেই কোনো বৈমানিক পরদিনের উড্ডয়নের প্রস্তুতি নিয়েছেন। হয়তো কোনো যাত্রী প্রথমবারের মতো দূরদেশে যাওয়ার উত্তেজনায় রাত কাটিয়েছেন।
কিংবদন্তিদের স্মৃতি
ক্রয়েডনের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম Amy Johnson। ১৯৩০ সালে তিনি এখান থেকে একক উড্ডয়নে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন এবং ইতিহাস সৃষ্টি করেন। তার এই অভিযান শুধু ব্রিটিশ বিমান চলাচলের ইতিহাসেই নয়, নারীর সাহস ও সক্ষমতার প্রতীক হিসেবেও স্মরণীয়। হোটেলের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন কক্ষের নাম আজও তার স্মৃতিকে ধারণ করে রেখেছে।
পাশেই ইতিহাসের জাদুঘর
হোটেলের অন্যতম আকর্ষণ এর পাশেই অবস্থিত Croydon Airport Visitor Centre। সময় স্বল্পতার কারণে সেখানে বেশি সময় কাটানো সম্ভব হয়নি। তবে যতটুকু দেখা গেছে, তাতেই বোঝা যায় ঐতিহাসিক স্মৃতিগুলো সংরক্ষণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সেখানে রয়েছে পুরনো কন্ট্রোল টাওয়ার, যোগাযোগ ব্যবস্থার সরঞ্জাম, বিমানচালকদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ, দুর্লভ আলোকচিত্র এবং বিমান চলাচলের শুরুর যুগের নানা স্মারক।
করিডোরে এখনও অতীতের উপস্থিতি
দুই দফায় তিনজন মিলে ছয় রাত অবস্থান করা হয়েছিল এই হোটেলে। প্রথম দিন এটিকে একটি পুরনো কিন্তু আরামদায়ক আবাসন বলেই মনে হয়েছিল। কিন্তু শেষ দিনে এসে উপলব্ধি হয়েছে, এটি শুধু একটি হোটেল নয়; এটি ইতিহাসের একটি জীবন্ত অংশ। রাতে করিডোরে হাঁটার সময় মনে হতো, এই পথ ধরেই হয়তো একসময় হেঁটে গেছেন দূরদেশগামী বৈমানিকরা। কেউ গেছেন আফ্রিকার পথে, কেউ ভারত কিংবা অস্ট্রেলিয়ার উদ্দেশে। হোটেলের নীরব পরিবেশ, পুরনো ছবি ও বিমান চলাচলের স্মৃতিচিহ্ন মিলিয়ে তৈরি হয়েছে এক বিশেষ আবহ। এখানে অবস্থান করলে অতীতকে শুধু পড়া যায় না, কিছুটা অনুভবও করা যায়।
বিদায়ের স্মৃতি
ভ্রমণের স্মৃতি সাধারণত মানুষ, প্রকৃতি কিংবা স্থাপত্য ঘিরে তৈরি হয়। কিন্তু ক্রয়েডন অ্যারোড্রোম হোটেলের অভিজ্ঞতা ভিন্ন। এই হোটেলে থাকা মনে করিয়ে দেয়, আধুনিক পৃথিবী এক দিনে তৈরি হয়নি। আজকের সহজ বিমানযাত্রার পেছনে রয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন, পরীক্ষা-নিরীক্ষা, সাহস ও অধ্যবসায়। ক্রয়েডনের রানওয়েতে এখন আর বিমান ওঠানামা করে না। বিমানবন্দরও বহু বছর আগে তার কার্যক্রম হারিয়েছে। কিন্তু ইতিহাসের সব দরজা কখনও পুরোপুরি বন্ধ হয় না। লন্ডনের অসংখ্য দর্শনীয় স্থানের ভিড়ে ক্রয়েডন অ্যারোড্রোম হোটেলে কাটানো ছয় রাত তাই ভ্রমণস্মৃতিতে আলাদা একটি অধ্যায় হয়ে থাকবে।