লাবিবা ইরম
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৪:৪৮ পিএম
বন্ধু যখন মানসিক সাপোর্ট
‘পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছ ভুল, আর তোরা বলিস ঠিক..’ গায়ক তপুর তুমুল এই জনপ্রিয় গান আমাদের যেন বন্ধুত্বের সংজ্ঞা জানিয়ে দেয় একটানে। বন্ধুরা না থাকলে আসলেই জীবন বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কী কখনও ভেবেছি কেন? উত্তর হচ্ছেÑ না জেনেই বন্ধুরা অনেক সময় আমাদের মনে ডাক্তার হয়ে ওঠে। অনেক সময় আমরাও অন্যজনের মনের ডাক্তার হয়ে উঠি। কীভাবে? চলুন আজকে একটু জেনে নিই, বন্ধুদের মানসিক সাপোর্টের এই সুন্দর ব্যাপারটা।
বন্ধু যখন অ্যান্টিডিপ্রেসেন্ট
হ্যাঁ ঠিকই পড়ছেন, একজন ভালো বন্ধু অ্যান্টিডিপ্রেসেন্টের মতো কাজ করে। বিভিন্ন সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে, শক্তিশালী সোশ্যাল কানেকশন মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করে। স্ট্রেস ও টেনশন কমাতে সাহায্য করে কাছের বন্ধুরা: জীবনের কঠিন পরিস্থিতিতে বন্ধুদের সাথে কথা বললে রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা কমে আসে। বন্ধু যখন বলেÑ ‘চিন্তা করিস না, আমি আছি তো’, তখন মস্তিষ্ক নিরাপদ অনুভব করে আর রিল্যাক্স হয়।
একাকিত্ব কাটে
সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার বন্ধু থাকলেও বাস্তব জীবনে একা লাগাটা অস্বাভাবিক কিছু না। আর এই অনুভূতির সাথে সাথে চলে আসতে পারে ডিপ্রেসন, অ্যাংজাইটিসহ বিভিন্ন মানসিক সমস্যা। একজন বিশ্বস্ত বন্ধু এগুলোকে পাশ কাটিয়ে জীবনে পজেটিভিটি ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখে।
মন খুলে কথা বলতে পারার নিরাপদ আশ্রয়
একজন বিশ্বস্ত কাছের বন্ধু, যাকে নির্দ্বিধায় সব কিছু বলা যায়Ñ এমন কেউ আপনাকে জীবনের স্ট্রেস, ডিপ্রেসন থেকে বাঁচায়। অনেক সময় এমন সব কথা আছে যা কাউকে বলা যায় না, পরিবার বা সমাজকে বলা যায় না, কিন্তু বন্ধুকে সহজে বলে ফেলা যায়Ñ এমন পরিস্থিতি আপনার মানসিক চাপ দূর করে।
কেন বন্ধুর সাপোর্ট অনন্য
মানসিক সাপোর্ট তো পরিবারও দেয় অনেক সময়, তাহলে বন্ধুই কেন অনন্য? কারণ
বন্ধু বোঝে আমাকে: একজন বন্ধু তার বন্ধুর পরিস্থিতি খুব কাছ থেকে দেখে। তাই যেকোনো জটিল পরামর্শ দেওয়ার বদলে বন্ধুর অনুভূতির দিকে বেশি খেয়াল রাখে।
তুই আর আমি তো একই: বন্ধুত্বের মধ্যে সাধারণত উঁচু-নিচু, বড়-ছোট ভেদাভেদ থাকে না। সমমনা হওয়ার কারণে বোঝাপড়াটা হয় দারুণ।
সবসময় আছি তোর সাথে: বন্ধুত্বে কোনো ধরাবাঁধা সময় নেই। কাউন্সেলরের মতো সিরিয়াল দিয়ে চেম্বারে যেতে হয় না, করতে হয় না কোনো আনুষ্ঠানিকতা। বরং রাত তিনটায় খারাপ লাগলে একটা কল দিলে বা মেসেজ দিলেই বন্ধুকে পাওয়া যায়। তাই খারাপ লাগাটা সামলে উঠতে সময়ই লাগে না!
বন্ধুর জন্য মেন্টাল সাপোর্ট হয়ে উঠবেন কীভাবে
চাইলেই বন্ধুর মেন্টাল সাপোর্ট হয়ে ওঠা কোনো ব্যাপার না। ছোট ছোট কিছু কাজ করেও বন্ধুকে সবচেয়ে বড় ইমোশনাল আর মেন্টাল সাপোর্ট দেওয়া যেতে পারে। যেমন-
কথা শোনা: একজন বন্ধু যখন কষ্ট পায় বা বিষণ্নতায় ভোগে তখন তার কথাগুলো বললে তা ভালোভাবে শোনা প্রয়োজন। কথার মাঝে থামিয়ে দেওয়া বা এটা নিয়ে রসিকতা করা তার মানসিক স্বাস্থ্যের জন্য খুব খারাপ হতে পারে। বরং কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করাই প্রথম কাজ।
সহানুভূতি দেখানো: অনেক সময় মানুষ আসলে সমাধান খোঁজে না, বরং একটু সহানুভূতি চায়। তার দুঃখ কষ্টের দিনে সহানুভূতিশীল আচরণ করাও বন্ধুর জন্য বড় মানসিক সাপোর্ট।
বাস্তব জীবনে সাহায্য
মানুষ কষ্ট পেলে বা মানসিক উদ্বেগে থাকলে নিজেকে গুটিয়ে নিতে চায়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে শুধু মানসিকভাবে সাপোর্ট না দিয়ে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে হাঁটতে বের হওয়া, চা-কফির আড্ডায় যাওয়ার মতো কাজ করা যায়। এতে সে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে পারে।
জাজ না করা
একজন মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সে অনেক কিছু করে৷ ভুল কাজ করে ফেলতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই সময়টাতে তাকে জাজ করা যাবে না। বরং বন্ধুকে বোঝাতে হবে, এগুলো অস্বাভাবিক কিছু না। সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
জীবনযুদ্ধের কঠিন সময় একজন বন্ধুর একটু সহানুভূতিশীল কথা, বাড়িয়ে দেওয়া হাত অথবা এক চিলতে হাসি বদলে দিতে পারে গোটা জীবনটাই। বিপদের দিনে এমন বন্ধুত্ব নতুন করে বেঁচে ওঠার আশা জোগায়। তাই একজন ভালো বন্ধু হলো সেরা একটি সম্পদ। আপনার এমন বন্ধু থাকলে তার যত্ন নিন। আর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি এমন বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন। আর নিজেও হয়ে উঠুন অন্য কারও এমন নিরাপদ আশ্রয়।