ফারিয়া লাফি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৪:৪৪ পিএম
চাই চাওমিন
বন্ধুদের আড্ডা হোক অথবা স্কুলের টিফিন– ছোট থেকে বড় সবাই চাওমিন খেতে ভালোবাসে। এক ধরনের না হয়ে চাওমিনের স্বাদ যদি মাঝে মাঝে ভিন্ন হয় তাহলে খেতে একদম খারাপ লাগে না। আজকের হেঁশেলে রইল ভিন্ন স্বাদের কয়েকটি চাওমিনের রেসিপি।
চিকেন চাওমিন
যা যা লাগবে
চিকেন কিউব কাট ১ কাপ, আদা, রসুন বাটা ১ চা চামচ, মরিচগুঁড়া ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ১ টেবিল চামচ, গোলমরিচ ১ চা চামচ, চিনি ১/২ চা চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১/৪ কাপ, গাজরকুচি ১/৪ কাপ, সবুজ ক্যাপসিকাম ১/৪ কাপ, লাল ও সবুজ ক্যাপসিকাম ১/৪ কাপ, অ্যাগ নুডুলস সিদ্ধ ১ কাপ, তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ।

যেভাবে বানাবেন
কিউব করা চিকেন, আদা, রসুন বাটা, মরিচগুঁড়া, সয়াসস, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে মেরিনেট করে রাখতে হবে ৩০ মিনিট। এরপর অল্প তেলে ভালো করে ভেজে নিতে হবে। ১টি বাটিতে টমেটো সস, সয়াসস, ওয়েস্টার সস, চিনি এবং গোলমরিচ মিক্স করে রাখুন। এবার ১টি ফ্রাইপ্যানে তেল নিন এবং রসুন কুচি দিয়ে দিন। এরপর একে একে পেঁয়াজ কুচি এবং সমস্ত সবজি উপকরণ ভেজে নিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিন। এবার ভাজা হলে সস-এর মিক্সচারটা দিয়ে দিন। এবার নুডুলস ও চিকেন এক সঙ্গে অল্প সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন চাওমিন।
চাওমিন পাকোড়া
যা যা লাগবে
ইনস্ট্যান্ট নুডুলস সিদ্ধ ২ প্যাকেট, ইন্সট্যান্ট নুডুলস কাঁচা ১ প্যাকেট, আলু সিদ্ধ ২টি,
ডিম ২ পিস, পেঁয়াজ কুচি ১/২ কাপ, কাঁচামরিচ কুচি ৩/৪টা, ধনেপাতা কুচি প্রয়োজনমতো, ভাজা জিরা গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ৩/৪ টেবিল চামচ, সয়াবিন তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
সিদ্ধ নুডুলস, আলু, পেঁয়াজ, সব মসলা, ডিম, লবণ, ধনিয়াপাতা একসাথে মিক্স করে নিন। এবার পছন্দমতো শেপ দিন। এবার বাকি ১ প্যাকেট কাঁচা নুডুলস ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এবার চপগুলো কর্নফ্লাওয়ার বা ডিমে চুবিয়ে ভাঙা নুডলসে গড়িয়ে কোট করে নিতে হবে। সবগুলো চপ কোট করে নরমাল ফ্রিজে ১০ মিনিট রেখে এরপর পরিমাণমতো তেল গরম করে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার মচমচে চাওমিন পাকোড়া।
ক্রিস্পি বাটার পনির উইথ চাওমিন
যা যা লাগবে
দেশি পনির ২৫০ গ্রাম, বাটার ২ টেবিল চামচ, মেয়োনেজ ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, চাওমিন সিদ্ধ ১ কাপ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
প্রথমে পনির বড় কিউব সাইজ আকারে কেটে পিস করে নিতে হবে। এবার বাটার প্যানে দিয়ে গরম করে পনিরগুলো ভেজে নিতে হবে হালকা করে। এবার একটা পাত্রে সব ধরনের সস, মেয়োনেজ, কর্নফ্লাওয়ার, লবণ মিক্স করে নিতে হবে। নুডুলস বা চাওমিন নিতে হবে লম্বা ধরনের এবং সেগুলো ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার সেই সস মিক্সিং এ পনিরগুলো ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে চাওমিন দিয়ে পনিরগুলো সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। একটা একটা করে পেঁচিয়ে গরম তেলে দিয়ে দিন ভাজার জন্য। ভালো করে ভাজা হলেই তুলে নিন। এটা যেকোনো গ্রিন সস এর সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগবে।