রওনক জাহান পুষ্প
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৪:৪০ পিএম
জুয়েলারি ছাড়াই পরিপাটি
বর্তমানে ট্রেন্ডও বলছে একই কথা। খুব বেশি জুয়েলারি পরার বদলে হালকা, এভরিডে ও এফোর্টলেস লুকই এখন বেশি পছন্দ করছেন অনেকে। কিন্তু জুয়েলারি না পরলে কি স্টাইল হবে না? একদমই না। বরং আজ আলোচনা করব এমন কিছু টিপস ও ট্রিকস নিয়ে, যাতে জুয়েলারি ছাড়াও দেখতে সুন্দর ও পরিপাটি লাগবে।
মেকআপ
জুয়েলারি না পরলে মুখই হয়ে ওঠে লুকের মূল আকর্ষণ। তাই ভারী মেকআপের পরিবর্তে ত্বককে সতেজ ও পরিচ্ছন্ন দেখানোর দিকে নজর দিন। হালকা বেস, সামান্য ব্লাশ, মাসকারা এবং লিপস্টিকেই সুন্দরভাবে মানিয়ে যাবে সাজ। দিনের বেলায় হালকা মেকআপ এবং রাতের অনুষ্ঠানে চোখ বা ঠোঁট- যেকোনো একটিকে গুরুত্ব দিলে লুক আরও ব্যালেন্সড লাগবে।
হেয়ার স্টাইল
জুয়েলারি না পরলেও পরিচ্ছন্ন ও পরিপাটি হেয়ার স্টাইল আপনার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলতে পারে। চুল পরিষ্কার ও গোছানো থাকলে সাধারণ সাজও অনেক সুন্দর দেখায়। সুন্দর করে হেয়ার স্টাইল করার পাশাপাশি চুলে ব্যবহার করতে পারেন স্টাইলিশ হেয়ারব্যান্ড, ক্লিপ বা খোঁপার কাঁটা। এতে জুয়েলারি না পরলেও সাজে যোগ হবে সুন্দর একটি অনুষঙ্গ।
সানগ্লাস
সুন্দর একটি সানগ্লাস বেছে নিলে সাধারণ পোশাকও দেখতে বেশ আকর্ষণীয় ও শার্প লাগে। মুখের গড়নের সঙ্গে মিলিয়ে চৌকোনা, গোল, ওভাল বা ওভারসাইজড ফ্রেম বেছে নিতে পারেন। বাইরে ক্যাজুয়াল পোশাকের সঙ্গে যেমন মানানসই, তেমনি ফর্মাল লুকে পকেটে রাখা একটি কালো সানগ্লাসও হতে পারে পাওয়ার মুভ।
ব্যাগ
ব্যাগ এখন শুধু প্রয়োজনীয় জিনিস বহনের মাধ্যম নয়, এটি ফ্যাশনেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ বেছে নেওয়া জরুরি। লম্বা কুর্তা বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে ক্যানভাস বা সুতির টোট ব্যাগ ভালো মানায়। অফিস পোশাকের সঙ্গে মানিয়ে যায় হ্যান্ডব্যাগ। আবার ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ক্রস-বডি বা স্লিং ব্যাগ এবং শাড়ি বা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে ক্লাচ কিংবা পটলি ব্যাগ পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। চাইলে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে তারুণ্যের ছোঁয়া দিতে কাঁধে নিতে পারেন স্টাইলিশ ব্যাকপ্যাকও।
স্কার্ফ ও বেল্ট
একঘেয়ে পোশাকে নতুনত্ব আনতে স্কার্ফ বেশ জনপ্রিয়। একটি রঙিন বা প্রিন্টেড স্কার্ফ মুহূর্তেই সাধারণ লুককে আকর্ষণীয় করে তুলতে পারে। অনেকে পোশাকের প্রিন্ট বা রঙের সঙ্গে মিলিয়ে স্কার্ফ ব্যবহার করেন। অন্যদিকে, কুর্তা, শার্ট বা ড্রেসের সঙ্গে বেল্ট ব্যবহার করলে পোশাকের কাট ও গঠন আরও সুন্দরভাবে ফুটে ওঠে। বেল্ট, ব্যাগ, জুতা ও স্কার্ফের মধ্যে রঙের সামঞ্জস্য রাখলে পুরো সাজ আরও পরিপাটি দেখায়।
জুতা
স্টাইলের কয়েকটি উপাদান যখন কমে যায়, তখন বাকি উপাদানগুলোর গুরুত্ব আরও বেড়ে যায়। যেমনÑ জুতা। স্টাইলিংয়ের ক্ষেত্রে জুতা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অন্তত চার-পাঁচটি ভিন্ন স্টাইলের জুতা সংগ্রহে রাখুন। ক্যাজুয়াল পোশাকের সঙ্গে স্নিকার্স, অফিস পোশাকের সঙ্গে লোফার বা ব্লক হিল এবং ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে মানানসই স্যান্ডেল বা হিল বেছে নিতে পারেন। নিয়মিত জুতা পরিষ্কার রাখা ও যত্ন নেওয়াও সমান জরুরি।
কিছু সাধারণ টিপস
১. রুল অব ৭
স্টাইলিংয়ে জনপ্রিয় একটি ধারণা হলো ‘রুল অব ৭’। কোনো ফ্যাশন লুকে সাধারণত ৭টি ভিজ্যুয়াল এলিমেন্ট পর্যন্ত যোগ করলে লুকটি ব্যালেন্সড দেখায়। অর্থাৎ পোশাক, জুতা, ব্যাগ, চুল, অ্যাকসেসরিজÑ সব মিলিয়ে মোট কতগুলো স্টাইল উপাদান আছে, সেটার ভারসাম্য খেয়াল করাই এই নিয়ম।
যেমনÑ
টপ/শার্ট + প্যান্ট = ২ পয়েন্ট
জুতা + বেল্ট + ব্যাগ = ৩ পয়েন্ট
সানগ্লাস + স্কার্ফ = ২ পয়েন্ট
রুল অব ৭-এর মূল উদ্দেশ্য হলোÑ অ্যাকসেসরি যেন খুব কম বা খুব বেশি না হয়। এটি অনুসরণ করতে পারলে অনেক গয়নাগাটি ছাড়াও আপনাকে সুন্দর ও পরিপাটি লাগবে।
২. পোশাক, ব্যাগ, জুতা ও অন্যান্য অনুষঙ্গের রঙের মধ্যে সামঞ্জস্য রাখুন। এতে পুরো লুক আরও পরিপাটি ও ভারসাম্যপূর্ণ দেখাবে।
৩. একসঙ্গে অনেক ট্রেন্ড অনুসরণ না করে একটি বা দুটি স্টাইলিং উপাদানকে গুরুত্ব দিন। অতিরিক্ত অনুষঙ্গ ব্যবহারে মিনিমাম লুকের সৌন্দর্য নষ্ট হতে পারে।
৪. পরিষ্কার ও আয়রন করা পোশাক যেকোনো স্টাইলিংয়ের প্রথম শর্ত। যত দামি পোশাকই হোক, অগোছাল দেখালে পুরো লুকের সৌন্দর্য কমে যায়।
৫. নিজের শরীরের গঠন, ত্বকের রং ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাকের রঙ, কাট ও ফিট বেছে নিন। সব ট্রেন্ড সবার জন্য সমানভাবে মানানসই নাও হতে পারে।
৬. ব্যাগ, জুতা ও বেল্ট ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের রঙ বা টোন বেছে নেওয়ার চেষ্টা করুন। এতে পুরো স্টাইলিং আরও পরিপূর্ণ ও পরিশীলিত দেখায়।
৭. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোÑ আত্মবিশ্বাস। আপনি যা পরছেন, সেটি সুন্দরভাবে ক্যারি করতে পারলে সাধারণ পোশাকেও ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব।