প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:২২ পিএম
অনেকদিন ধরেই ব্যবহারকারীদের অন্যতম বড় অভিযোগ ছিলÑ হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিজের ফোন নম্বর প্রকাশ করা ছাড়া উপায় নেই। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার এই সীমাবদ্ধতা দূর করতে অবশেষে বড় পরিবর্তন আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। খুব শিগগিরই ফোন নম্বরের পরিবর্তে ইউজার নেইম দিয়েই যোগাযোগ করা যাবে, ফলে ফোন নম্বর শেয়ার না করেও নতুন মানুষের সঙ্গে সংযুক্ত হওয়া যাবে আরও সহজ ও নিরাপদে।
হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য নতুন ইউজার নেইম সুবিধা চালু করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে চ্যাট করা যাবে। সুবিধাটি সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই চলতি সপ্তাহ থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজার নেইম সংরক্ষণ করার সুযোগ পাবেন।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের তিনশ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এত বিপুল ব্যবহারকারীর কারণে একই ধরনের নাম ব্যবহারের সম্ভাবনাও বেশি। তাই গুরুত্বপূর্ণ ও পছন্দের ইউজার নেইম আগে থেকেই সংরক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেকে নিজেদের পছন্দের পরিচয় নিশ্চিত করতে পারেন।
ইউজার নেইম এমন হওয়া উচিত যা সহজে আলাদা করে চেনা যায় এবং যাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তারাই সেটি জানবেন। অর্থাৎ এটি ব্যবহারকারীর একটি ব্যক্তিগত ডিজিটাল পরিচয় হিসেবে কাজ করবে, যা গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যারা নিজের জন্য উপযুক্ত ইউজার নেইম নির্বাচন করতে পারবেন না, তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে নামের পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এই ফিচার ব্যবহারকারীর জন্য উপযুক্ত কয়েকটি বিকল্প নাম সাজেস্ট করবে।
শুধু সাধারণ ব্যবহারকারীই নন, কনটেন্ট ক্রিয়েটর, ছোট ব্যবসা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানও এই সুবিধা থেকে উপকৃত হবে। তারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজার নেইম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন। ফলে বিভিন্ন প্ল্যাটফর্মে একই পরিচয় বজায় রাখা আরও সহজ হবে।
মেটা বলছে, নতুন এই ফিচার হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। ইউজার নেমের কোনো উন্মুক্ত তালিকা থাকবে না এবং কোনো সার্চ সাজেশনও দেখানো হবে না। ফলে কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে চাইলে তার সঠিক ইউজার নেইম জানা প্রয়োজন হবে।
নিরাপত্তা আরও জোরদার করতে যোগ করা হয়েছে একটি ঐচ্ছিক ‘ইউজার নেইম কী’ সুবিধা। এটি চালু থাকলে প্রথমবার বার্তা পাঠানোর জন্য শুধু ইউজার নেইম নয়, নির্দিষ্ট কী-ও প্রয়োজন হবে। এতে অনাকাঙ্ক্ষিত বার্তা বা স্প্যাম কমানোর সুযোগ তৈরি হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলোÑ ইউজার নেইম সক্রিয় থাকলে প্রথমবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে বার্তা বিনিময়ের সময় অপর প্রান্তে আর ফোন নম্বর দেখা যাবে না। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় আরও নিরাপদ ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন।
ইউজারনেইম সংরক্ষণ করতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে গিয়ে Settings > Account > User name অপশনে প্রবেশ করতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা চালু করা হবে। কোনো দেশে ফিচারটি চালু হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ থেকেই জানিয়ে দেওয়া হবে।