× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্টফোন থেকে হোম অ্যাপ্লায়েন্স– টেক দুনিয়ায় শাওমির ব্যাপক বিস্তৃতি

আরফাতুন নাবিলা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৪:৪১ পিএম

মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান, শাওমি বাংলাদেশ

মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান, শাওমি বাংলাদেশ

বর্তমানে টেক ইন্ডাস্ট্রিতে ‘শাওমি বাংলাদেশ’-এর নাম বেশ জনপ্রিয়। স্মার্টফোন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সবখানেই শাওমি নিজেদের দিন দিন সমৃদ্ধ করে তুলছে। সঙ্গে যুক্ত হচ্ছে নতুন চ্যালেঞ্জ, আসছে বাধা। তবু সবকিছুকে ছাপিয়ে শাওমি এখনও শীর্ষে রয়েছে। শাওমি বাংলাদেশের যাত্রাপথের বিভিন্ন দিক নিয়ে জানিয়েছেন মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান। তার সঙ্গে কথা বলেছেন আরফাতুন নাবিলা...

প্রবা : ২০২১ সালে গাজীপুরে শাওমি বাংলাদেশের নিজস্ব কারখানা চালুর পর বর্তমানে ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা আগের থেকে কতটুকু বৃদ্ধি পেয়েছে?

মো. আসাদুজ্জামান : অনেক বেশি। বর্তমানে শাওমির ৯৯.৯৯ শতাংশ ফোনই গাজীপুরের হাইটেক পার্কের কারখানা থেকে উৎপাদিত হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদনের কারণে অনেক সাশ্রয়ী দামে পণ্যগুলো এখন ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে। ফলে, শাওমি বাংলাদেশের মার্কেট শেয়ার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে।

প্রবা : কাস্টমাইজেশন ও ফিচারের জন্য শাওমি বরাবরই জনপ্রিয়। ব্র্যান্ডটির আফটার সেলস সার্ভিসে কী কী রয়েছে? 

মো. আসাদুজ্জামান : এই মুহূর্তে সারা বাংলাদেশে শাওমির ৪৩টি সার্ভিস সেন্টার রয়েছে। ফলে, ক্রেতারা চাওয়ামাত্রই প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। এখানে আমরা সব ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বমানের মানদণ্ড মেনে চলার চেষ্টা করি। আমাদের টেকনিশিয়ানরা অনেক বেশি দক্ষ; এক্ষেত্রে তাদের সবধরনের সর্বাধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ক্রেতাদের যেকোনো ধরনের সমস্যা তারা খুব সহজেই চিহ্নিত করতে পারে ও সে অনুযায়ী সমাধান দিতে পারে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এসব সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। শুধু তাই না, আমরা আমাদের বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার থেকে ক্রেতাদের কোয়েরি বা অভিযোগ গ্রহণ করে থাকি। শাওমি কমিউনিটির অ্যাপে প্রায় ১০ লক্ষেরও বেশি ইউজার রয়েছেন। আমাদের কমিউনিটি মডারেটররা সেখান থেকে ক্রেতাদের সমস্যা বুঝে তা সমাধানকরার চেষ্টা করে যাচ্ছেন।

 প্রবা : শাওমি স্মার্টফোন ব্র্যান্ড ছাড়াও গ্যাজেট বা হোম অ্যাপ্লায়েন্সের অনেক বড় একটি ইকোসিস্টেম। বাংলাদেশে এই খাত বড় করার কী কী পরিকল্পনা রয়েছে?

মো. আসাদুজ্জামান : শাওমিকে মানুষ আসলে টেক ব্র্যান্ড হিসেবেই জানে। বিগত দিনগুলোতে আমাদের বিভিন্ন ধরনের নন-মোবাইল ক্যাটাগরি আইটেম; যেমন- স্মার্ট টিভি, এয়ার ফ্রায়ার, এয়ার পিউরিফায়ার, আইওটি ইকোসিস্টেম পণ্যগুলোর ব্যাপক চাহিদা লক্ষ্য করেছি। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে এই ইকোসিস্টেম পণ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বলে সিদ্ধান্ত নিই। এ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে আমরা ‘স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছি, যেখানে আমরা অনেক ধরনের নতুন পণ্য নিয়ে এসেছি। দেশে প্রতিটি পণ্যেরই খুব ভালো চাহিদা রয়েছে।

প্রবা : চলতি বছরের বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে ‘অ্যামেজিং প্রোডাক্টস উইথ অনেস্ট প্রাইসিং’ ধারণার সঙ্গে মিলিয়ে কীভাবে শাওমিকে ক্রেতাদের দুয়ারে পৌঁছে দেওয়ার কথা ভাবছেন? 

মো. আসাদুজ্জামান : বিগত বছরগুলোতে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক নানা অস্থির পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। অনেস্ট প্রাইসিং শাওমির অন্যতম প্রধান লোকাল স্ট্র্যাটেজি; আর এটা আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি। তবে, এজন্য আমাদের অনেক গভীরভাবে কাজ করতে হয়েছে। আমাদের সরবরাহ ব্যবস্থা উন্নত করা থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবাÑ সবকিছুর মধ্যেই আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, যেন আমাদের এই স্ট্র্যাটেজি মূলধারার সঙ্গে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এন্ট্রি-লেভেল থেকে শুরু করে ফ্ল্যাগশিপ পর্যন্ত সবধরনের পণ্যের সমাহার রয়েছে। ফলে, আমরা ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থেকেও তাদের সবধরনের প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারি। 

প্রবা : শাওমির ফ্ল্যাগশিপ ও বাজেট ফোনগুলোতে এআই কীভাবে সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিচ্ছে? 

মো. আসাদুজ্জামান : এখন তো সবকিছুতেই এআই ব্যবহৃত হতে শুরু করেছে। বলা চলে, এআই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এমন খাতগুলোর মধ্যে স্মার্টফোন অন্যতম। আর সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাওমি সবার আগেই রয়েছে। এর মধ্যে এআই ক্যামেরা দিয়ে অনেক কিছু নিখুঁতভাবে ধারণ করা সম্ভব। এমন অনেক অনবদ্য ফিচার এখন এআই ক্যামেরায় নিয়ে আসছে শাওমি। তবে কেবল ক্যামেরা নয়, আমাদের অপারেটিং সিস্টেম হাইপারওএস-ও এআই ইন্টিগ্রেটেড। হাইপারওএসে থাকা এআই ইকোসিস্টেম ক্রেতাদের প্রতিদিনের ব্যবহারের ওপর ভিত্তি করে প্যাটার্ন বের করে। সেই প্যাটার্নের ওপর নির্ভর করে এটি সিস্টেমকে অপ্টিমাইজ করে ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রবা : বিশ্ববাজারে এআই-নির্ভর প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে কি র‍্যাম ও ফ্ল্যাশ মেমোরির দাম বাড়ছে? শাওমির প্রস্তুতি কী? 

মো. আসাদুজ্জামান : সত্যি বলতে আমরা সবাই এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। মেমোরি চিপের কারণে স্মার্টফোনের দাম বাড়ছে। গত ১৮ মাসে মেমোরি চিপের দাম প্রায় ৬০০ শতাংশ বেড়েছে। এর কারণ হচ্ছে, এআই ইকোসিস্টেমের জন্য প্রয়োজনীয় ডেটা ও ক্লাউড সেন্টারে প্রচুর পরিমাণে মেমোরি চিপ ব্যবহার করতে হয়। আর বিশ্বের বেশিরভাগ মেমোরি চিপ ৩-৪টি প্রতিষ্ঠান সরবরাহ করে। তো, এখন এই প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী পণ্যের জোগান দিতে পারছে না। আর এটার বড় প্রভাব আমাদের স্মার্টফোন খাতের ওপর পড়ছে। এ কারণে, গত এক বছরে স্মার্টফোনের দাম অনেক বেড়ে গেছে। সামনে এটা আরও কিছুদিন বাড়তে থাকবে বলে আশঙ্কা করছি আমরা। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই দামকে ক্রেতাদের নাগালের মধ্যে রাখা যায়। 

প্রবা : বাংলাদেশে অবৈধ পথে আনঅফিসিয়াল ফোনের বাজারে এখন অনেক ফোন আসে, এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করছেন?

মো. আসাদুজ্জামান : বাংলাদেশে স্মার্টফোন খাত এখন অনেক বড়, যার একটি বড় অংশই আসলে গ্রে-মার্কেটের দখলে। আমরা যারা বৈধভাবে স্মার্টফোন উৎপাদন অথবা আমদানি করছি, তাদের জন্য অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা জানি, স্মার্টফোন বৈধভাবে আমদানি করতে হলে সরকারকে নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিতে হয়। অন্যদিকে বৈধ ফোন আইএমইআই হোয়াইটলিস্টিংয়ে অন্তর্ভুক্ত থাকে। আমরা আমাদের ফোনগুলোতে অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকি, সেক্ষেত্রে ক্রেতাদের জন্যও ফোনের বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করা সম্ভব হয়। আর এই সবকিছুই অবৈধ ফোনে অনুপস্থিত থাকে। 

প্রবা : দেশে প্রযুক্তি খাতের শীর্ষস্থানে থাকা শাওমি বাংলাদেশে আপনি দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের জন্য যারা করপোরেট জগত বা টেক খাতের সঙ্গে যুক্ত হতে চান, ক্যারিয়ার হিসেবে এটিকে নিতে চান, তাদের জন্য আপনার কী পরামর্শ রয়েছে?

মো. আসাদুজ্জামান : এই খাতের একটি বিনিয়োগ বর্তমানে এআইয়ের দিকে যাচ্ছে। এর মানে আগামীতে প্রযুক্তি এআইয়ের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠবে। এ ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আমাদের এআই লিটারেসি বাড়াতে হবে। এখন এআই লিটারেসি বাড়ানো খুবই সহজ; অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে, প্রচুর লার্নিং ম্যাটেরিয়াল, নানাধরনের কোর্স রয়েছে। এআই লিটারেসি বাড়াতে পারলে আমাদের প্রযুক্তি-নির্ভর জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া আরও বেশি সহজ হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা