নিজামুল হক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম
মাত্র এক দশকের কিছু বেশি সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি শক্তিশালী ‘মস্তিষ্ক’ হিসেবে দ্রুত বিকশিত হয়েছে। শেখা, যুক্তি বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের সক্ষমতায় এআই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তবে এআই-এর ‘মস্তিষ্কের’ এই দ্রুত বিকাশের সঙ্গে এর ‘দেহের’ উন্নয়ন সমানতালে ঘটেনি। অথচ পরবর্তী প্রজন্মের এআইকে বাস্তব জগতে কার্যকরভাবে কাজ করতে হলে এর শারীরিক সক্ষমতারও উন্নতি জরুরি। এমনটাই মনে করেন টোকিও ইলেকট্রনিক্স অ্যান্ড কেমিক্যালসের (টিডিকে) করপোরেট স্ট্র্যাটেজি সদর দপ্তরের মহাব্যবস্থাপক তারো ইকুশিমা। তার বিশ্বাস, এই ঘাটতি পূরণে টিডিকের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ‘এআই-এর উদ্ভাবন বা বিবর্তন এখন শুধু সাইবার জগতেই সীমাবদ্ধ নয়; এটি ধীরে ধীরে বাস্তব বা ভৌত জগতেও বিস্তৃত হচ্ছে।’ তবে এআই-সক্ষম রোবট মানুষের প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানোর আগে এখনও অনেক বাধা অতিক্রম করতে হবে। ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত রয়টার্স নেক্সট ফোরামে বক্তব্য দিতে গিয়ে ইকুশিমা বলেন, ‘স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এবং নিজে চিন্তা করতে সক্ষমÑ এমন রোবট তৈরি করা নিঃসন্দেহে অত্যন্ত রোমাঞ্চকর। কিন্তু সেটি বাস্তবে সম্ভব করতে হলে এখনও অনেক সমস্যা সমাধান করতে হবে। টিডিকে যদি আমাদের প্রযুক্তির মাধ্যমে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ রোবট তৈরিতে অবদান রাখতে পারে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব।’
ইকুশিমার মতে, এসব সমস্যার সমাধানে অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করাই হবে মূল চাবিকাঠি। তিনি জানান, এআই খাতের প্রবৃদ্ধির গতি অত্যন্ত বিস্ময়কর। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে এআই মডেলের কম্পিউটিং সক্ষমতা এক কোটিগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ডেটা উৎপাদন ৬০০ জেটাবাইটে পৌঁছাবে। এক জেটাবাইট সমান এক ট্রিলিয়ন গিগাবাইট, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। এআই যখন বাস্তব জগতে প্রবেশ করছে, তখন শক্তি ব্যবহার, সংযোগ ব্যবস্থা, সেন্সর প্রযুক্তি, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতাÑ এসব বিষয় পরবর্তী প্রজন্মের বুদ্ধিমান প্রযুক্তির বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
শুধু ‘চিন্তা’ করলেই হবে না
ইকুশিমার মতে, বাস্তব জগতে কার্যকরভাবে কাজ করতে শুধু বুদ্ধিমত্তাই যথেষ্ট নয়। বর্তমানে এআইকে মূলত একটি ‘মস্তিষ্ক’ হিসেবে দেখা হলেও পরবর্তী বড় চ্যালেঞ্জ হলোÑ এটিকে এমনভাবে গড়ে তোলা, যাতে এটি বাস্তব পরিবেশে নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। তিনি বলেন, স্বয়ংক্রিয় রোবটকে ব্যাপকভাবে ব্যবহারযোগ্য করতে হলে আরও উন্নত ব্যাটারি, অধিক সংবেদনশীল সেন্সর এবং উচ্চমানের ইলেকট্রনিক উপাদান প্রয়োজন। তার ভাষায়, ‘আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার রোবট মাত্র ৩০ মিনিট পর ব্যাটারি শেষ হয়ে বন্ধ হয়ে যাক, অথবা আশপাশের পরিস্থিতি ভুলভাবে বুঝুক।’ ভবিষ্যতের এই প্রযুক্তিকে এগিয়ে নিতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো ফোটোনিক্স (আলোর কণা বা ‘ফোটন’ তৈরি, নিয়ন্ত্রণ এবং ব্যবহারের বিজ্ঞান ও প্রযুক্তি)। ইকুশিমা জানান, ডেটা সেন্টারে প্রচলিত সার্ভার-টু-সার্ভার বা র্যাক-টু-র্যাক সংযোগের বাইরে গিয়ে এখন অপটিক্যাল সংযোগকে চিপের (কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে প্রসেসর, মেমোরি বা অন্যান্য সার্কিট থাকে) কাছাকাছি নিয়ে আসার দিকে শিল্প খাত অগ্রসর হচ্ছে। এতে একদিকে শক্তি খরচ কমবে, অন্যদিকে ডেটা স্থানান্তরের সক্ষমতা বাড়বে। এই পরিবর্তনকে সমর্থন দিতে টিডিকে ইতোমধ্যে ফোটোনিক্স ডিভাইস উন্নয়নের কাজ করছে। এআই যদি বাস্তব জগতে ব্যাপকভাবে বিস্তৃত হয়, তাহলে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠবে। এআই কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধির ফলে ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ ব্যবহার ও শীতলীকরণ ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উন্নত তাপ ব্যবস্থাপনা এবং ফোটোনিক্স প্রযুক্তি এই সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফিজিক্যাল এআই গড়ে তোলা
এআইকে বাস্তব জগত সম্পর্কে আরও সচেতন করে তুলতে, উন্নত সেন্সর প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে টিডিকে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুলাই মাসে ‘টিডিকে সেন্সইআই’ প্রতিষ্ঠা করে, যা অত্যাধুনিক সেন্সর ও সফটওয়্যারের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তি ইতোমধ্যে শিল্পকারখানায় ব্যবহৃত হচ্ছে। অতিসংবেদনশীল সেন্সরের মাধ্যমে ক্ষুদ্রতম পরিবর্তন শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে, কোনো কারখানার মোটরে অতি সূক্ষ্ম অস্বাভাবিক কম্পন শনাক্ত করে আগেই যন্ত্রপাতির সম্ভাব্য ত্রুটি সম্পর্কে সতর্ক করা যায়। একইভাবে অতিরিক্ত তাপ, শব্দ, চাপ বা কম্পনের মতো সমস্যাও স্বয়ংক্রিয়ভাবে এবং তাৎক্ষণিকভাবে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্মার্ট চশমায় নতুন সম্ভাবনা
টিডিকের উন্নয়নাধীন স্মার্ট চশমা দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির একটি উদাহরণ। এসব চশমা যোগাযোগ, তাৎক্ষণিক ভাষান্তর, নেভিগেশন, স্পেশাল কম্পিউটিংসহ নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এর লক্ষ্য হলো মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করা। ‘সফট-আই’ অধিগ্রহণের মাধ্যমে টিডিকে এমন প্রযুক্তি অর্জন করেছে, যা ব্যবহারকারীর চোখের নড়াচড়া অনুসরণ করতে এবং তিনি কী দেখছেন তা শনাক্ত করতে সক্ষম। এআইয়ের সঙ্গে এই প্রযুক্তি যুক্ত হলে আরও স্বাভাবিক ব্যবহারকারী ইন্টারফেস তৈরি হবে, যেখানে কণ্ঠ বা স্পর্শের মাধ্যমে নির্দেশ দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। টিডিকের মতে, স্মার্ট চশমার জন্য লেজারভিত্তিক অপটিক্যাল ইঞ্জিন অপরিহার্য। হার্ডডিস্ক ড্রাইভ (HDD) প্রযুক্তি থেকে উদ্ভূত ন্যানো-নির্ভুল অ্যালাইনমেন্ট ব্যবস্থার মাধ্যমে তৈরি নতুন এই প্রযুক্তিতে মালিকানাধীন রেটিনাল প্রজেকশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর চোখের রেটিনায় সরাসরি অতি উচ্চ 4K রেজল্যুশনে তথ্য প্রদর্শন করতে পারে। ডিভাইসটি হালকা, শক্তি-সাশ্রয়ী এবং বৃহৎ পরিসরে উৎপাদনের উপযোগী।
সাইবার জগত থেকে বাস্তব জগতে
টিডিকের লক্ষ্য শুধু আলাদা আলাদা যন্ত্রাংশ সরবরাহ করা নয়। এআই যখন ডিজিটাল জগত ছেড়ে বাস্তব জগতে প্রবেশ করছে, তখন প্রতিষ্ঠানটি ব্যাটারি, সেন্সর, ইলেকট্রনিক উপাদান এবং ফোটোনিক্সে নিজেদের দক্ষতা একত্রিত করে সমন্বিত সমাধান দেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। ইকুশিমার ধারণা, এআই-সক্ষম প্রথম দিকের রোবটগুলো কারখানা ও গুদামের মতো নিয়ন্ত্রিত পরিবেশে ব্যবহার শুরু হবে। সেখানে প্রযুক্তিটি পরীক্ষা ও উন্নয়নের পর ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হবে।
তিনি বলেন, ‘যখন কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বাস্তবে উপলব্ধ হবে, তখন রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।’ তবে এর অনেক সীমাবদ্ধতাও রয়েছে। ব্যাটারি শেষ হয়ে ৩০ মিনিটের মধ্যে রোবট বন্ধ হয়ে যেতে পারে। নির্দেশনা ভুল বুঝতে পারে। আশপাশের যন্ত্রপাতির শব্দে বিভ্রান্ত হয়ে অস্বাভাবিক আচরণও করতে পারে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন আরও উন্নত সেন্সর, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নির্ভরযোগ্য যন্ত্রাংশ সরবরাহ এবং উচ্চমানের উপাদান। ইকুশিমার মতে, এআইয়ের পরবর্তী অধ্যায় শুধু বুদ্ধিমত্তার উন্নয়নের ওপর নির্ভর করবে না; বরং এমন প্রযুক্তির ওপর নির্ভর করবে, যা এআইকে বাস্তব জগতে নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্যভাবে কাজ করার সক্ষমতা দেবে। রয়টার্স নেক্সটের শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ এআইকে শুধু একটি মস্তিষ্ক হিসেবে দেখে। কিন্তু যখন AGI বাস্তবে আসবে, তখন সেটি বাস্তব বা ভৌত জগতে প্রবেশ করবে।’