× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময়ের পথিক

শাহেরীন আরাফাত

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৩:৫৮ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শহরের প্রান্তে জরাজীর্ণ গলিটাতে তখন অমাবস্যার চেয়েও গাঢ় অন্ধকার। নিস্তব্ধ সরু গলি ধরে উদ্ভ্রান্তের মতো হাঁটছে ফাগুন, যেন সে কোনো এক অনন্ত গোলকধাঁধায় আটকা পড়েছে, যেখানে শুরুর বিন্দু আর শেষের বিন্দুর কোনো তফাত নেই। চারপেয়ে প্রাণীদের চিৎকার দূর থেকে ভেসে আসছে, কোনো এক আদিম বাদ্যযন্ত্রের মতোÑ টানা, একঘেয়ে এবং অশুভ। সেই সুরে একটা বার্তা ছিলÑ আমরাও তো এই শহরেরই বাসিন্দা, আমাদের কোনো দলিল নেই, ঠিক যেমন তোমার নেই কোনো বর্তমান।

ফাগুনের হাতের কব্জিতে একটা পুরনো ক্যাসিও ঘড়ি, কাঁটাগুলো থমকে আছে রাত দুটো বেজে ছাব্বিশ মিনিটে। গত তিন দিন ধরে ওটা ওখানেই আটকে আছে, নাকি তিন বছর? ফাগুন মনে করতে পারে না। হলুদ ফিলামেন্ট বাল্বের রুগ্‌ণ আলোয় সে ঘড়ির কাচের দিকে তাকায়। কাচের ওপর আড়াআড়ি চিরটা যেন গতকালও ছিল না। এই চিরটা কখন হলো? স্মৃতির ধুলোবালি সরিয়ে সে মনে করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ঠিক যেমন তার মনে পড়ে না শেষবার কেউ তাকে নাম ধরে ডেকেছিল কখন। কাচের ওই সূক্ষ্ম চিরটি যেন ঘড়ির নয়, তারই অস্তিত্বের মাঝ বরাবর বয়ে যাওয়া এক অদৃশ্য রেখা।

গলির স্যাঁতসেঁতে দেয়ালে হেলান দিয়ে সে একটা সিগারেট ধরায়। দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই আগুনের লাল আভায় মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ায়। ধোঁয়ার কুণ্ডুলীতে ভেসে ওঠে একত্রিশ বছর আগের এক সন্ধ্যাÑ যেদিন সে প্রথম বুঝেছিল পৃথিবীটা আসলে এক মস্তবড় কসাইখানা। বাবা সেদিন রাতের খাবারের টেবিলে চামচ দিয়ে স্যুপ নাড়তে নাড়তে বলেছিলেন, ‘তোমার মা আমাদের ছেড়ে চলে গেছে।’ বাবার কণ্ঠে কোনো আবেগ ছিল না, অনেকটা আবহাওয়ার সংবাদ পাঠের মতো। ছোট্ট ফাগুন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেছিল, মা কোনো সাধারণ গাড়িতে ওঠেননি; বরং মা গাড়ির দরজা খুলতেই একদলা কুয়াশায় পরিণত হলেন, তারপর মিশে গেলেন বাতাসের সঙ্গে। সেই থেকে ফাগুন জানে, মানুষ চলে যায় না, মানুষ হাওয়ায় মিলিয়ে যায়।

ছোটবেলা থেকেই এই চারপেয়েদের প্রতি তার ভীষণ ভয়। তাদের জ্বলজ্বলে চোখের দিকে তাকালে তার মনে হতো, ওরা মানুষের আত্মার গোপন পাপগুলো দেখতে পায়। কিন্তু আজ, এই নিশুতি রাতে, অদ্ভুতভাবে কোনো ভয় কাজ করছে না। বরং একধরনের আত্মীয়তা অনুভব করছে সে। জাতহীন, কুলহীন, ঠিকানাহীন, শ্রেণিহীন এই প্রাণীগুলোর সাথে নিজের অস্তিত্বের এক অদ্ভুত সামঞ্জস্য খুঁজে পায় ফাগুন। ওরাও অপেক্ষা করে এমন কিছুর জন্য যা কখনও আসবে না, ফাগুনও তাই।

চারপাশের কুকুরগুলোর চিৎকার তার কানে পৌঁছায় না আর। তার বদলে সে শোনে এক শিশুর কান্না। এ কান্না বড় চেনা। এ তো আট বছরের ফাগুন নিজেই কাঁদছে! গলি পেরোনোর সময় পুরনো এক বাড়ির আধখোলা জানালা থেকে মায়ের ভেজা, আর্দ্রকণ্ঠ ভেসে আসেÑ ‘ফাগুন, বাবা... বাড়ি ফিরবা কখন?’ সে থমকে দাঁড়ায়। শরীরের সব রক্ত হিম হয়ে আসে। জানালাটা বন্ধ। ভেতরে যুগান্তরের অন্ধকার। জানালার গ্রিলে মরিচা পড়েছে, ওটা হয়তো গত এক শতাব্দী ধরে খোলা হয়নি। শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ পায় ফাগুন। কী হচ্ছে এসব? ফাগুন ভাবতে থাকেÑ ওর কি ‘অডিটরি হ্যালুসিনেশন’ হচ্ছে? নাকি সময় তার নিজের নিয়ম ভেঙে অতীতকে বর্তমানে টেনে আনছে?

এই শহরে চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়ে ফাগুন এখন এক ভাসমান শ্যাওলা। বাবার মৃত্যুর পর ফ্ল্যাটটা বিক্রি করতে হয়েছিল ঋণের দায়ে। সেই ঋণ টাকার ছিল না, ছিল স্মৃতির। বাবার রেখে যাওয়া প্রতিটি আসবাবে মায়ের অদৃশ্য উপস্থিতি এত ভারী হয়ে উঠেছিল যে, ফাগুন আর নিঃশ্বাস নিতে পারছিল না।

মুখে ম্রিয়মাণ হাসি আর এক বুক অপ্রকাশিত আকাঙ্ক্ষা সাথী করে জোর কদমে ছুটে চলে ফাগুন। বড় রাস্তার মোড়ে এসে বুঝতে পারে, পৃথিবীটা তার জন্য একটু বেশিই দ্রুত ঘুরছে। পাশ দিয়ে যাওয়া মানুষগুলো তাকে দেখেই না, যেন সে কাচের তৈরি। সে চিৎকার করে কাউকে ডাকতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না, বের হয় একরাশ বাতাস। একটি নেড়ি কুকুর, যার এক কান কাটা, তার পায়ের কাছে এসে বসে। কুকুরটার ঘোলাটে চোখে নিজের প্রতিবিম্ব দেখে ফাগুনের গা শিউরে ওঠে। সেই চোখে ফাগুন নিজেকে দেখে না, দেখে এক কঙ্কালসার ছায়াকে।

ক্লান্ত ফাগুন একটা ক্যাফেতে ঢোকে। ক্যাফের কাচের দরজায় নিজের ছায়াটা খোঁজার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত! কাচের ওপর রাস্তার ল্যাম্পপোস্টের আলো পড়ছে, ওপাশের টেবিলে বসা যুগলদেরও দেখা যাচ্ছে, শুধু ফাগুনের প্রতিবিম্ব নেই। আয়নায় তার মুখ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, যেমন করে জলরঙের ছবি ধুয়ে যায় বৃষ্টিতে। পাশে দাঁড়ানো এক নারী অবয়ব, যার মুখটা ঝাপসা, ফিসফিস করে বলে ওঠেÑ ‘নিজেকে দেখতে না পেলে, অন্যরা তোমায় দেখবে কীভাবে? অস্তিত্ব তো দেখার বিষয় নয়, অনুভবের বিষয়।’ ফাগুন চমকে পাশে তাকায়। কেউ নেই। শুধু এক কাপ ধোঁয়া ওঠা কফি টেবিলে রাখা, যার মালিক অদৃশ্য।

হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক জীর্ণ বইয়ের দোকানের সামনে। ঝাপসা আলোর রেখা। দোকানটা যেন সময়ের বাইরে কোনো এক গুহা। সামনে চশমা-পরা এক বৃদ্ধ বসে আছেন। তার চামড়ায় হাজার বছরের ভাঁজ, হাতে চায়ের কাপ, চোখে এমন প্রশান্তি যা কেবল মৃতদের চোখেই দেখা যায়। তিনি বই পড়ছেন না, বরং বইয়ের পাতার ঘ্রাণ নিচ্ছেন। ‘ঘড়ির কাচে চির ধরার কারণ জানতে চাও?’ বৃদ্ধ একবারও ওপরের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর কুয়োর গভীর থেকে উঠে আসা প্রতিধ্বনির মতো শোনাল।

ফাগুনের গলা শুকিয়ে কাঠ। ‘আপনি... কী করে জানলেন?’ বৃদ্ধ হাসেন, সেই হাসিতে বিষণ্নতা আর কৌতুক মেশানো। ‘সময় সবাইকে ভুলে যায়, বিশেষ করে যাদের কেউ মনে রাখে না। বিস্মৃতি একধরনের পোকা, যা প্রথমে স্মৃতিকে গিলে ফেলে, তারপর নাম, আর শেষে শরীর।’

ফাগুনের চোখে ভেসে ওঠে কলেজের সেই দিনগুলো, যখন বন্ধুরা তার জন্মদিন ভুলে যেত। অফিসের সেই পার্টি, যেখানে সে উপস্থিত থেকেও ছিল অনুপস্থিত। মিমের সঙ্গে শেষ দেখা, যখন সে বলেছিলÑ ‘তুমি তো সবসময়ই কেমন যেন... বাতাসের মতো। আছ, আবার নেই। এক অদৃশ্য সুপারহিরো।’ তখন তা রসিকতা মনে হলেও আজ বোঝা যায়, মিম আসলে তার ভবিতব্য পড়ে ফেলেছিল। আর সেটাই ছিল সতর্কবার্তা।

‘তুমি জানো না কীভাবে হারিয়ে গেলে?’ বৃদ্ধ একটা বই খুললেন। বইয়ের পাতায় কোনো অক্ষর নেই, আছে কেবল সাদা শূন্যতা। ‘প্রথমে মানুষ তোমার নাম ভুলবে। তারপর মুখ। শেষে তারা এমনকি তোমার অনুপস্থিতিটাও টের পাবে না। তুমি হয়ে যাবে এক দীর্ঘশ্বাস, যা বাতাসে মিশে আছে কিন্তু কেউ অনুভব করে না।’

ফাগুনের হাত কাঁপে। সে মনে করে তার বাবার কথা, যিনি মৃত্যুর আগপর্যন্ত রোজ বিকালে বারান্দায় বসে থাকতেন মায়ের ফিরে আসার অপেক্ষায়। মা ফেরেনি, কিন্তু বাবাও কি ছিলেন? নাকি তিনিও ফাগুনের মতো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গিয়েছিলেন? বৃদ্ধ আবার বলেন, ‘তুমি সময়ের গায়েও চির ধরাতে শুরু করেছ। দেখো না, তোমার পাশ দিয়ে কেউ হাঁটছে না, ছায়াগুলো চলেছে নিজেদের মতো করে। তোমার ছায়াও তোমাকে ত্যাগ করেছে, কারণ অদৃশ্য জিনিসের ছায়া হয় না।’

ফাগুন পেছনে ফিরে তাকায়। স্ট্রিটলাইটের তীব্র আলোয় তার পায়ের নিচে কোনো অন্ধকার নেই। সে মাটির ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো ছায়া পড়ছে না মাটিতে। শুধু সেই চারপেয়েরা, যারা এখন নিঃশব্দে তাকে ঘিরে দাঁড়িয়েছে বৃত্তাকারে। তাদের চোখে একই প্রশ্নÑ ‘তুমিও কি আমাদের মতো হারিয়ে গেছ? স্বাগতম, বিস্মৃতির জগতে।’

বৃদ্ধ একটা পৃষ্ঠা উল্টে বললেন, ‘এই শহরে কিছু মানুষ ‘অদৃশ্য’ হয়ে যায়। এটা কোনো অভিশাপ নয়, এটা একধরনের মুক্তি। যখন তাদের অস্তিত্ব কেউ স্বীকার করে না, সময়ও তাদের ভুলে যায়। ঘড়ির কাচটা ভাঙার অর্থÑ তুমি এখন সময়ের বাইরে। তুমি এখন অমর, কারণ যার অস্তিত্ব নেই, তার মৃত্যুও নেই।’ কম্পমান কণ্ঠে ফাগুন বলে, ‘কিন্তু... আমি তো কারও ক্ষতি করিনি! আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম।’ ‘ক্ষতি? না, অবহেলা তো আরও নিষ্ঠুরÑ এটা ধীরে ধীরে মজ্জার ভেতর ঢুকে ঘুণপোকার মতো কুরে কুরে খায়। কেউ টেরও পায় না।’ বৃদ্ধ বলে চলেন, ‘তোমার মতো মানুষরা কারও খোঁজ নেয় না ভয়ে, পাছে কেউ তাদের প্রত্যাখ্যান করে। একদিন তারা হারিয়ে যায়। শুধু শহরের ঠিকানাহীন কুকুরগুলো মনে রাখে। কারণ তারাও একই নিয়মের শিকার।’

একটা কুকুর এসে তার হাত ছুঁয়ে দেয় ভেজা নাক দিয়ে। সেই স্পর্শে ফাগুন চমকে ওঠে। এত বছর পর এই প্রথম কোনো জীবন্ত স্পর্শ তাকে উষ্ণতা দিল। সে বুঝতে পারে, মিম তাকে ফোন করে না দুই সপ্তাহ ধরেÑ শেষবার যে বার্তাটি পাঠিয়েছিল, তাতে লেখা ছিলÑ ‘তুমি কি আছ?’

বৃদ্ধ বইয়ের দোকানটা ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। নাকি দোকানটাই কুয়াশায় মিলিয়ে যাচ্ছে? তিনি বললেন, ‘যাও, ওদের সাথে। ওরাই এখন তোমার স্বজন। হয়তো একদিন... কোনো এক ভোরে কেউ তোমাকে আবার দেখতে পাবে। তখন সময় আবার তোমাকে স্পর্শ করবে। ততক্ষণ পর্যন্ত, তুমি এই শহরের দীর্ঘশ্বাস হয়েই থাক।’ দীর্ঘশ্বাস ফেলে তিনি থামেন। বাতিটা নিভে যায়।

অন্ধকারে মিশে যাওয়ার আগে ফাগুন পেছনে তাকায়Ñ বৃদ্ধ নেই, বইয়ের দোকানও নেই। সেখানে কেবল একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে, যার শিকড়গুলো কংক্রিট ভেদ করে উঠে এসেছে। শুধু সেই ফিলামেন্ট বাল্বটি শূন্যে ঝুলে আছে, জ্বলছে আর নিভছেÑ যেন সময়ের শেষ চোখ, যা সবকিছু দেখছে কিন্তু কিছুই বলছে না।

ভোর হয়। কুয়াশা মোড়ানো ভোর। কুকুরগুলো ফাগুনকে ঘিরে শুয়ে আছে। ফাগুন ফুটপাথে বসে। একজন প্রাতঃভ্রমণকারী তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটু থমকে দাঁড়ায়। জিজ্ঞেস করে, ‘আপনি ঠিক আছেন?’ ফাগুন মুখ তুলে হাসে। কিন্তু প্রাতঃভ্রমণকারীর চোখে কোনো ভাবান্তর হয় না। সে ফাগুনকে দেখছে না, সে দেখছে দেয়ালের গায়ে পড়ে থাকা একটা অস্পষ্ট ছায়াকে। অথবা হয়তো সে বাতাসের সাথে কথা বলছে। কুকুরগুলো ফাগুনের দিকে তাকায়। তাদের চোখে ভাষা ফোটেÑ ‘তুমি এখন আমাদেরই একজন। আমাদের কোনো গতকাল নেই, কোনো আগামীকাল নেই। আছে শুধু অনন্ত বর্তমান।’

সে বুঝতে পারে, এই শহরে তার জন্য অপেক্ষা করছে না কেউ। না মিম, না বাবা, না সেই মা যে একত্রিশ বছর আগে ট্যাক্সিতে নয়, বিস্মৃতির যানে চড়ে হারিয়ে গেছেন। শুধু এই ঠিকানাহীন প্রাণীরা, যারা তার মতোই সময়ের খাতায় নামহীন, গোত্রহীন।

ফাগুন মুচকি হাসে। তার হাসিতে কোনো শব্দ হয় না। হয়তো এটাই চূড়ান্ত স্বাধীনতাÑ কারও স্মৃতিতে না থাকার স্বাধীনতা, কারও প্রত্যাশার ভার না বইবার স্বাধীনতা। সে উঠে দাঁড়ায়। শরীরটা পালকের মতো হালকা মনে হয়। সে চারপেয়েদের অনুসরণ করে হাঁটা শুরু করে কুয়াশার চাদর ভেদ করে।

হয়তো কোথাও, অন্য কোনো সমান্তরাল ভুবনে, কেউ একজন তাকে আবার দেখতে পাবে। আর যদি নাও পায়, তাতেই বা কী আসে-যায়! সে এখন সময়ের পথিক, যার গন্তব্য ফুরিয়ে গেছে বহু আগেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা