সরকার মাসুদ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৩:৪০ পিএম
তাহার বেন জেলুন, ১ ডিসেম্বর, ১৯৪৪। ছবি: সংগৃহীত
মরক্কোর প্রধান লেখকদের একজন তাহার বেন জেলুন (১ ডিসেম্বর, ১৯৪৪Ñ) আলী আজাকু (১৯৪২-২০০৪, লতফি আকালে (১৯৪৩-২০১৯, নাজিব এল আউফি (১৯৪৮Ñ) প্রমুখ তার সমসাময়িক লেখক। জেলুনের লেখালেখির আরম্ভ ষাটের দশকের গোড়ায় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মুখ্যত কথাকার হলেও তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৭১ সালে। পেশাগত জীবনে ছিলেন সাইকোথেরাপিস্ট। পরে অধ্যাপনাও করেছেন। এসব থেকে আহৃত অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে তার রচনাকে। সত্তরের দশকের শেষদিক থেকে আশির দশকের মাঝামাঝি সময়ের ভেতর তিনি সুপরিচিত লেখক হয়ে ওঠেন। ইংরেজিতে অনূদিত উপন্যাসে The Sand child প্রকাশিত হওয়ার পর জেলুন খ্যাতিমান হয়ে ওঠেন। ২০০৪ সালে তিনি Thids Blinding Absense of light উপন্যাসের জন্য পেয়েছেন বিশ্বের অন্যতম সাহিত্য পুরস্কার ‘ইমপ্যাক ডাবলিন লিটারেরি অ্যাওয়ার্ড। বইটি তার খ্যাতির দিগন্ত প্রসারিত করেছে।
জেলুন স্থায়ীভাবে বাস করছেন ফ্রান্সে। মাতৃভাষা আরবি কিন্তু লেখালেখি করছেন ফরাসি ভাষায়। This Blinding Absence of Light রচিত হয়েছে ফরাসিতে। এ উপন্যাসের আখ্যান গড়ে উঠেছে মরক্কোর বাদশা দ্বিতীয় হাসানের বিরুদ্ধে ১৯৭১ সালে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থান ও তার পরের নির্যাতনকে কেন্দ্র করে। মরুভূমির ভূগর্ভস্থ কারাগারে আটক এক সৈনিকের ওপর মর্মন্তুদ নির্যাতন এবং বছর-বিশেকের ভয়াবহ নির্যাতন সত্ত্বেও তার বেঁচে ফিরে আসাকে উপজীব্য করা হয়েছে এ উপন্যাসে। গল্পের ভিত্তি বাস্তব ঘটনা। কাহিনী এগিয়েছে কেন্দ্রীয় চরিত্র সালিমের চরিত্রের স্মৃতির বর্ণনার ভেতর দিয়ে। সালিম অংশগ্রহণ করেছিল সেনা কর্মকর্তা মোহাম্মদ আবাবাওয়ের নেতৃত্বে সংঘটিত ওই অভ্যুত্থান প্রচেষ্টায়, কোনো কিছু ভালো করে না বুঝেই। সে তখন ছিল শিক্ষার্থী নতুন অফিসার। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করতে গিয়ে সে জড়িয়ে পড়ে ওই ঘটনার সঙ্গে। জানালাবিহীন কারাগারে আটক ছিল ৫৮ জন সৈনিক। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির চাপে ১৯৯১ সালে বাদশা হাসান ভূগর্ভস্থ নির্যাতন সেলটি খুলে দেন। জীবন্মৃত অবস্থায় ছাড়া পান সৈনিকরা।
মানুষের ওপর মানুষের অমানবিক অত্যাচারকে গল্প-উপন্যাসে আনা হয়েছে বহুবার। কিন্তু এ নিয়ে পুরো একটি উপন্যাস জেলুনই প্রথম লিখেছেন। লেখক কয়েদিদের বন্দিদশার ছবি এঁকেছেন অসামান্য দক্ষতায়। আর কেবল বাইরের বর্ণনা নয়, সে সময়ে বন্দিদের মনোজগতে কী চলছিল তারও বর্ণনা তুলে ধরা হয়েছে। জেলুন নির্যাতন সেলের যে চিত্র এঁকেছেন তাকে ‘লোমহর্ষক’ বললেও অনেক কম বলা হয়। আখ্যানজুড়ে বন্দিদেরকে লড়াই করতে দেখা যায় অসম্ভবের বিরুদ্ধে, যদিও তাদের দুর্মর শুভ আকাঙ্ক্ষার চারপাশে উঁচু কঠিন দেয়াল ছাড়া আর কিছু ছিল না। সালিম কাহিনীর প্রধান বর্ণনাকারী। তার আত্মকথনের কিছু নমুনা এখানে দেওয়া হলোÑ ‘দিনের পর দিন চার দেয়ালের ভেতরে আটক থেকে যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন বালজাকের কিংবা হুগোর বইয়ের পৃষ্ঠাগুলোও একরাশ হতাশা ও বিভ্রান্তি নিয়ে আসত। নিরাশ অবস্থায় ভাবতাম কারাগারের দেয়ালগুলো ক্রমেই আমাকে চারপাশ থেকে চেপে ধরছে। কোনো অদৃশ্য শক্তি দেয়ালগুলোকে ঠেলে দিচ্ছে আমার দিকে। ছাদ ক্রমশ নেমে আসছে আমার বুকের ওপর। অন্য এক কল্পনাজগৎ গড়ে তোলার ভেতর দিয়ে আমি মৃত্যুকল্পনাকে সরিয়ে দিতাম। আমি দু হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতাম দেয়ালগুলোকে। মাথার ওপরের ছাদটাকে হাতের তালু দিয়ে ঠেলে দিতাম আকাশের দিকে। এভাবে প্রতিদিন অনেকবার এ কাজ করতে হতো আমাকে। ধীরে ধীরে আমার মনোজগতে পরিবর্তন এলো। আমি মনের ভেতর শক্তি ও সাহস অনুভব করলাম। ফলে মূর্ত দেয়ালগুলোকে ঠেলে ঠেলে কল্পনার বিমূর্ত দূরত্বে সরিয়ে দেওয়ার লড়াইয়ে লিপ্ত থাকা সম্ভব হলো আমার পক্ষে।’…. (পৃষ্ঠা ১২৩, পরিচ্ছেদ: ১১)
সালিম অন্যত্র আরও জানিয়েছেন যে তার স্মৃতিতে রক্ষিত গ্রন্থাগারের বইগুলোর পাঠের সুখস্মৃতি তার সামনে খুলে দিত সেই জগতের দরজাÑ যার সঙ্গে সসম্মানে বেঁচে থাকার আকাঙ্ক্ষা জড়িত।
This Blinding Absence of Light কেবল সম্মান ভূলুণ্ঠিত হওয়া মানুষদের বেঁচে থাকার সংগ্রামের গল্প নয়; একই সঙ্গে মানবিক চেতনাকে জয়ী করার মাধ্যমে শিল্পের স্বাধীনতার বিশ্বাসকেও দৃঢ়ভাবে তুলে ধরার গল্প। লক্ষণীয়, জেলুন শুধু কাহিনীর বর্ণনা দেন না, পাঠককে তার গল্পের জাদুর সঙ্গে একাত্মও করে ফেলেন। জেলুনসৃষ্ট কথার ওই ইন্দ্রজালের সঙ্গে আন্দ্রে বেতোঁর স্বপ্নজগতেরর কিংবা মার্কেজের জাদুময় বাস্তব জগতের অনেকখানি সাদৃশ্য আছে বলে মনে হয়। সেই স্বপ্ন-কল্পনার পৃথিবী একই সঙ্গে ধাঁধাময়, সংশয়ী ও মনোহর।
এ লেখকের গল্প বলার ধরনটি লক্ষ করুন। একই কাহিনীতে তিনি ব্যবহার করেন একাধিক বয়ানকারী এবং ভিন্ন ভিন্ন স্বর। আখ্যান-বর্ণনার ক্ষেত্রে এই বৈচিত্র্য উপন্যাসে নতুন স্বাদ নিয়ে আসে। আখ্যানে, এভাবে যুক্ত হয় রহস্যময়তা। যেহেতু তার গল্প/উপন্যাসের
পৃথিবী ইন্দ্রজালময় ও সংশয়ী, তার রচনা পরাবাস্তবের লক্ষণ দ্বারা রীতিমতো চিহ্নিত। বেন জেলুনকে রচনার বিষয়বস্তুগত উৎকর্ষ ভাবিয়েছে চিরকাল। তা না হলে The Sand Child-এর মতো বই তিনি লিখতে পারতেন না। সকলেই জানেন, ‘আইয়ামে জাহেলিয়াত-এর যুগে আরব ভূমিতে কন্যাসন্তানকে মেরে ফেলা হতো।
বিষয়টিকে লেখক তার The Sand Child উপন্যাসে নতুন বাস্তবতায় প্রতিস্থাপন করেছেন। এক পিতার অষ্টম কন্যাসন্তান জাহরা কীভাবে আহমেদ হিসেবে বেড়ে ওঠে তা আমরা এখানে দেখতে পাই। আবার The Sacred Night উপন্যাসে দেখি, বেগানা পুরুষের দ্বারা ধর্ষিতা হওয়ার মাধ্যমে আহমেদ তার নারীপরিচয় সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। অর্থাৎ জাহরা আসলে নারী, পুরুষ নয়Ñ এই বোধ তার অবচেতন মনে ধাক্কা দেয়, রাতে গ্রামের নির্জন পথে।
তাহার বেন জেলুন শুধু কথাশিল্পী নন; কবি ও প্রাবন্ধিকও । সে কারণে তার গল্প/উপন্যাসে চিত্রকল্পের পৌন উপস্থিতি ভিন্ন জাতের নান্দনিক আবহ সৃষ্টি করে। লেখকের অর্জিত গল্পভাষা একই সঙ্গে রহস্যময় ও গীতিধর্মী। আরবি তার মাতৃভাষা। সুতরাং ফরাসিতে লিখলেও আরবির একটা প্রভাব কাজ করে তার লেখায়। বিষয়টি জেলুনের ভাষারীতিতে খানিকটা জটিলতা নিয়ে এসেছে। লেখকের সাক্ষাৎকার থেকে জানা যায়, ওই প্রভাব ও প্রভাবজনিত ফলাফলকে তিনি সচেতনভাবেই গ্রহণ করেছেন। জেলুনের উত্থানপর্বের দুটি উপন্যাস The Sand Child (1985) The Sacred Night (২০০০)-এ প্রযুক্ত ভাষা। তাই বেশ খানিকটা জটিল। শব্দের নিজস্বত্বমণ্ডিত প্রয়োগ, চিত্রকল্পের ব্যবহার, আখ্যানে বহুস্তরের উপস্থিতি প্রভৃতির কারণে পাঠকের সঙ্গে তার যোগাযোগ ক্ষেত্রবিশেষে বিঘ্নিত হয়। জেলুনের রচনায় মরক্কোর সাংস্কৃতিক অসহযোগের বিষয়টি এসেছে বারবার। এটাও তার রচনাকে অনেক পাঠক থেকে বিচ্ছিন্ন করেছে বলে মনে হয়।
This Blinding Absence of Light-এ ঔপন্যাসিক স্বতন্ত্র ভাবমূর্তি নিয়ে হাজির হয়েছেন। পূবর্তন ভাষারীতির গণ্ডি ভেঙে লেখক এখানে সহজ কিন্তু ভাবসঞ্চারী ভঙ্গির আশ্রয় নিয়েছেন।
কাহিনীর বিষয়বস্তু নির্ধারণ করে দেয় তার ভাষাভঙ্গি। এ উপন্যাসে আবার তা প্রমাণিত হলো। Leaving Tangier (২০০৯) উপন্যাসে ব্যবহৃত শৈলী সম্বন্ধেও সমজাতীয় কথা আমরা বলতে পারি।
মানবিকতার প্রতি সৎ থাকার কারণে জেলুনের কলম সবসময়ই ন্যায়বিচারের পক্ষে। This Blinding Absence of Ligth উপন্যাসটিও, পরোক্ষ অর্থে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ।
ব্যতিক্রমী সৃষ্টিশীলতার স্বীকৃতিস্বরূপ এ লেখক সম্মানিত হয়েছেন Prix Goncourt (১৯৮৭) এবং Prix Ulysse (২০০৫) পুরস্কারে। বিশ শতকে আবির্ভূত ও পরিণত মরক্কোর বিখ্যাত লেখক মোহামেদ চুকরি, লায়লা স্লিমানি, ফাতেমা মারনিসি প্রভৃতি নামের পাশে আজ তাহার বেন জেলুন নামটিও সমুজ্জ্বল হয়ে আছে।