ফারুক মাহমুদ, গোলাম কিবরিয়া পিনু, সোহরাব পাশা, রিমঝিম আহমেদ, মোরশেদুর মিল্লাত
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৩:২৮ পিএম
অলংকরণ: তানভীর মালেক
না-হয় হলো না কিছু
ফারুক মাহমুদ
থেকেছ বঞ্চিত সুখে। রেখেছ বঞ্চিত করে। বেড়ে গেছে সংখ্যা
ইচ্ছে ছিল চন্দ্রোদয়। ঝড়ো মেঘ। ভেসে যায় মেঘের কঙ্কাল
আগুনের মৃত্যু হলে মনে পড়ে পূর্বমুখ। সবকিছু ক্লান্ত
কে কত জন্মিতে পারে! কৌতূহলে কেঁপে ওঠে দ্বিধার প্রান্তর
দুকদম এগিয়ে যাও, পেয়ে যাবে অপেক্ষার ছায়া আঁকা নদী
বিষণ্ন জলের স্মৃতিÑ যা-ই হোক, তুমি কিন্তু হয়ো না বধির
ঘূর্ণি থাকেÑ চোরাস্রোত। থেকে থাকে সময়ের উদার সংগীত
চৈত্রকালে ভেজা মাঠ! মোহানাকে বলা যায়Ñ ‘পেয়ে গেছি সঙ্গী’
বঞ্চনায় বিষ ঝরে। বাস্তবতা... , হিসেবের সব যাবে চুকে
না-হয় হলো না কিছু। তবু জেগে থাকে আলোÑ আসন্ন সুখের
অন্তঃসলিলা
গোলাম কিবরিয়া পিনু
পরস্পরের দিকে যাইÑ
ত্রিপলের বদলে হৃদয় বিছাই,
দৈর্ঘ্যে প্রস্থে বাড়ি-বাড়ি থেকে বের হয়ে
নদীর মিলনস্থলে গিয়ে জল স্পর্শ করি।
উদরের রেখা উদরে রেখেÑ
কুঁচকানো অবস্থা থেকে প্রসারিত হই,
দাঁতে দাঁতে ঠোকাঠুকি ভালো লাগে নাÑ
লোহা পুড়িয়ে ছেঁকা দেওয়া ভালো লাগে না!
একসাথে পাখিরা বসেÑ
আমরা শুধুই দাদনের কারণে,
দ্রব্যগুণ নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাই!
আমাদের মধ্যে যে অন্তঃসলিলা আছেÑ
তা কেন অন্তরে প্রবাহিত করি না!
বৃষ্টির কবিতা পড়ে বিনয়ী শ্রাবণ
সোহরাব পাশা
জ্যোতির্ময় পথে কাঁপে করুণ নক্ষত্র
মৃত্যুগন্ধ মেঘলা ছায়ায়
নির্জন কথার ঘ্রাণ
নুয়ে পড়া স্নিগ্ধ বকুলের হাসি,
বৃষ্টির কবিতা পড়ে বিনয়ী শ্রাবণ
সোমেশ্বরীর ঢেউয়ে
জেগে ওঠে ঘুমন্ত বিকেল
অজস্র সন্ধ্যার শব্দ;
জলে পড়া জানালায় ভাসে নীলিমার মুখ
নীলিমা গুঞ্জন ভুলে যায় বিহঙ্গের তেপান্তরে
দূরে তার নিশ্চুপ কথার মুখর ছায়ারা হাসে
নিবিড় স্পর্শের কোলাহলে,
নৈঃসঙ্গের দাহ মৃত্যুর নিয়তি
থামে না দালির ঘড়ি,
দীর্ঘ ভেসে যায় আশালতা
ডেকে ওঠে সোমেশ্বরী প্রাচীন বিকেল
কী যে করুণ মধুর;
ওপারে নীলিমাÑ দীর্ঘ নির্জন রাত্রির
ছোট ছোট দীর্ঘশ্বাস পোড়ে
শ্রাবণের বৃষ্টি জলেÑ।
ব্যর্থ উচ্চারণ
রিমঝিম আহমেদ
এখন কুয়াশার কাল। আলোও আজ প্রার্থনাহীন। চোখবুজে দেখি, নদীরা তাদের উৎস ভুলে গেছে। মেঘের ভাঁজে ভাঁজে লেখা থাকে বিচ্ছেদের বংশলতিকা।
কত ব্রহ্মসন্ধ্যা ঝরে যায় পাতার উচ্চারণে, কত জন্ম একা হয়ে ফেরে পাখির ডানায়। তবু মানুষ কি নিজের ভেতর এক ফোঁটা নির্ভীক আকাশ বাঁচিয়ে রাখতে পেরেছে?
এ সংসার
মোরশেদুর মিল্লাত
এক সোনালি সন্ধ্যায় জানি
বসন্ত বাগিচার কিশলয় হবে মর্মর
বর্ষার দুর্গন্ধে হবে মলিন
দখিনায় ভেসে আসবে সে গন্ধ
সুনামির উন্মত্ত আঘাতে ভাঙবে জল
তিতাসের জলে ভাসবে লাশ
ধানসিঁড়ি হবে শ্মশান
হুতোমপ্যাঁচা কাঁদবে শিমুলের ডালে
পাতাল হবে পাথরেরও কঠিন
বিস্তৃত নীলাকাশে ছড়াবে
কালমেঘের ধু-ধু মরুভূমি
সূর্য নিহত হবে অদৃশ্য কোনো আততায়ীর হাতে
সেই সোনালি সন্ধ্যায়
তুমি হবে একা, নিঃসঙ্গ
নিভৃতে হাসবে বিধাতার রহস্য
সেই ধূসর সন্ধ্যায়
অবিশ্বস্ত হবে এ পৃথিবীÑ এ সংসার