মহিবুল আলম
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৩:০৮ পিএম
ছবি: এআই
বন্ধুকন্যা অজন্তার গল্প
অজন্তাকে প্রথম দেখি উনিশশ নিরানব্বই সালের দিকে অকল্যান্ড শহরের ওয়েস্টার্ন স্প্রিং সাবার্বের মর্নিং সাইডের বাসায়। অজন্তার বাবা শফিউর আমার বন্ধু ছিল।
অজন্তার বয়স তখন চার। আমার সঙ্গে তার বেশ সম্পর্ক ছিল। তাদের বাসায় গেলে পিছ ছাড়ত না। কখনও কাঁধে উঠতে চাইত, কখনও পিঠে। তাকে পিঠে তুলে কতবার যে ঘোড়া-হাতি হয়েছি!
আমি তখন জাকারান্ডা লজে থাকি। বিয়েসাধি করিনি। ব্যচেলরদের জন্য মাউন্ট ইডেন সাবার্বের ভিউ রোডের জাকারান্ডা লজ ছিল খুব পপুলার স্থান। একদিন কী কারণে যেন লজ থেকে শফিউরকে ফোন দিই। ল্যান্ড ফোনে। তখন মোবাইল ফোন সবার হাতে হাতে আসেনি।
ওপাশে অজন্তা ফোন ধরে। আমি বলি, ‘অজন্তা, তোমার বাবাকে ফোন দাও।’
অজন্তা বলে, ‘চাচ্চু, বাবাকে এখন ফোন দেওয়া যাবে না।’
আমি জিজ্ঞেস করি, ‘কেন?’
অজন্তা বলে, ‘বাবা-মা একটু আগে মারামারি করেছে তো, এখন সাওয়ার নিচ্ছে।’
আমি অবাক হয়ে যাই। অজন্তার বাবা-মা তো মারামারি করার মতো মানুষ না। ওরা দুজনই নম্র স্বভাবের। তাহলে? কিন্তু পরক্ষণই ‘সাওয়ার’ শব্দটা কানে বাজতেই বুঝতে পারি, ওরা কী মারামারি করেছে! আমি আর কথা না বাড়িয়ে ফট করে টেলিফোনের রিসিভার রেখে দিই।
আরেকদিন বিকালের গল্প। আমি কী কারণে যেন শফিউরের বাসায় যাই। কলিংবেল চাপতেই অজন্তা দরজা খোলে। আমি জিজ্ঞেস করি, ‘অজন্তা, তোমার বাবা কোথায়?’
অজন্তা বলে, ‘বেডরুমে।’
আমি বলি, ‘ও’– বলেই বেডরুমের দিকে পা বাড়াই। শফিউরের কম্পিউটারটা বেডরুমে রাখা। আমি ভাবি, সে হয়তো কম্পিউটারে কাজ করছে।
অজন্তা তড়িঘড়ি আমাকে থামিয়ে দেয়। বলে, ‘চাচ্চু, এখন বেডরুমে যাবেন না।’
আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ‘কেন?’
অজন্তা বলে, ‘বাবা-মা এখন শুয়ে আছে। দ্যা নিড সাম প্রাইভেসি।’
আমি থমকে দাঁড়াই। খানিকটা লজ্জাও পাই। আমি জানতাম, শফিউরের সহধর্মিণী শিমুল ভাবী একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করে। তার বেশিরভাগ সময় বিকালে শিফট থাকে। কিন্তু আজ বাসায়?
আমি এই ভেবেও অবাক হই, চার বছরের একটা বাচ্চা মেয়ের এমন প্রাইভেসি জ্ঞান! অথচ অজন্তার মতো চার বছর বয়সেই নয়, আমার বয়স যখন নয়-দশ তখনও মা-বাবার মাঝখানে শুয়ে রূপকথার গল্প শুনতে কত যে আবদার করতাম! কিন্তু কখনও তো বাবা-মা’র প্রাইভেসির কথা চিন্তা করিনি?
ঘাতকের গান
‘দি এক্সিকিউশনার’স সং’ মুভিটি নিয়ে গল্পটা। বাংলায় যেটাকে বলা হয় ‘ঘাতকের গান’। উনিশশ বিরাশি সালের মুভি। কিন্তু আমি সেই মুভিটি প্রথম দেখি উনিশশ সাতানব্বই সালে অকল্যান্ডে, একজনের বাসায় বেড়াতে গিয়ে। যদিও মুভিটা সেবার পুরোপুরিই দেখতে পারিনি। অর্ধেক দেখে উঠে যেতে হয়েছিল।
আমি তাহলে গল্পটা একটু খুলেই বলি। তখন বেশিদিন হয়নি আমি নিউজিল্যান্ডে এসেছি। বে অব প্লেন্টির মাউন্ট মাঙ্গানুই শহরে মামার বাসায় থাকি। একদিন ইমিগ্রেশন বা কী একটা কাজে অকল্যান্ড যেতে হয়। মামা ব্যস্ত, তাই আমাকে একা বাসে করে যেতে হয়েছিল। অকল্যান্ডে মামার এক বন্ধু আমাকে বাসস্টেশন থেকে তুলে নেন। থাকার ব্যবস্থা হয় তার বাসাতেই। তিনি অকল্যান্ডের ওয়েন্টার্ন স্প্রিংয়ে থাকতেন।
এক সন্ধ্যায় আমি ভদ্রলোকের বাসার লাউঞ্জে বসে আছি। ভদ্রলোক তখন ডিউটিতে। ভদ্রলোকের স্ত্রী কিচেনে কিছু একটা রান্না করছেন। তাদের একমাত্র ছেলে লাউঞ্জের একপাশে বসে কিছু একটা করছে। ছেলেটার বয়স নয় কি দশ।
তখন নিউজিল্যান্ড ন্যাশনাল টেলিভিশনের চার-পাঁচটা মাত্র চ্যানেল ছিল। চ্যানেল টু-তে শনিবার রাত ও রবিবার রাতে সারা রাত ভালো ভালো মুভি দেখাত। বিশেষ করে শনিবার রাত সাড়ে আটটায় যে মুভিটা দেখাত সেটা দর্শক খুব দেখত। তখনও নেটফ্লিক্স, অ্যাপল টিভি বা প্রাইমÑ এসব আবিষ্কার হয়নি। এমনকি ইউটিউবও আসেনি।
আমি ভদ্রলোকের বাসায় লাউঞ্জে একটু আরাম করে বসে শনিবারের রাতের সাড়ে আটটার মুভিটা দেখতে বসি। টিভি অন করতেই দেখি কিছুক্ষণ পর টমি লি জোন্সের ‘দি এক্সিকিউশনার’স সং’ মুভিটা শুরু হয়েছে। টমি লি জোন্স তখন ‘ম্যান ইন ব্ল্যাক’ মুভির জন্য তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ম্যান ইন ব্ল্যাক-এর প্রথম সিকুয়েলটা বের হয় সেই উনিশশ সাতানব্বই সালে। তারপর আরও তিনটা সিকুয়েল বের হয়।
চ্যানেল টু-তে টমি লি জোন্স-এর মুভি দেখাচ্ছে বলে ভদ্রলোকের ছেলেও আগ্রহ দেখিয়ে আমার পাশের একটা সোফায় বসতে বসতে বলে, ‘আঙ্কেল, টমি লি জোন্স আমার ফেবারিট অভিনেতা।’
আমি বলি, ‘হ্যাঁ, বেশ দারুণ অভিনয় করেন।’
‘আমি তার মুভি ‘ম্যান ইন ব্ল্যাক’ হলে গিয়ে তিনবার দেখেছি।’
‘নিশ্চয়ই ভালো মুভি। মুভিটা বেশ চলছে।’
‘জি, আঙ্কেল। সায়েন্স ফিকশন মুভি। টমি লি জোন্স-এর পাশাপাশি উইল স্মিথও দারুণ অভিনয় করেছে। আপনি দেখেনি মুভিটা?’
আমি মাথা নেড়ে না করি।
আমি ‘দি এক্সিকিউশনার’স সং’ মুভিটা খুব মনোযোগ দিয়ে দেখছি। এক পর্যায়ে আধপাগলা গ্যারি গিলমোরের চরিত্রে রূপদান করা টমি লি জোন্স নায়িকা রোজেনা আরকোয়েটের সঙ্গে সেক্সের প্রস্তুতি নেয়। হলিউডের মুভিতে তো ওপেন সেক্স কোনো বিষয়ই না। হরহামেশাই হয়। কিন্তু একটা নয়-দশ বছরের ছেলের সামনে বসে তো সেক্স সিন দেখা যায় না। তাই আমি ত্বরিত কফিটেবিলের উপর রাখা রিমোটটা এনে বাটন টিপে টিভির চ্যানেল পরিবর্তন করে দিই। চ্যানেল ওয়ানে তখন খবর চলছিল।
ভদ্রলোকের ছেলেটা যেন খেঁকিয়ে ওঠে, ‘আঙ্কেল, মুভিটা তো দেখছিলাম। চ্যানেল পরিবর্তন করলেন যে?’
আমি বলি, ‘একটা খারাপ সিন দেখাচ্ছে যে?’
ছেলেটা বলে, ‘আপনি খারাপ সিন দেখলেন কোথায়? এটা তো মেক লাভ সিন। দ্য লাভ ইচ আদার...।’
আমি বোকার মতো ছেলেটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। ভাবি, একটা নয়-দশ বছরের ছেলে, সেক্সকে কী সুন্দর করে মেক লাভ বলছে! আর আমরা এ রকম নয়-দশ বছর বয়সে মা-বাবার মাঝখানে শুয়ে রূপকথার গল্প শুনতাম। তখন সেক্স কী, সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না।
আমি আর কিছু বলি না। ভদ্রলোকের ছেলেটা আমার হাত থেকে খাবলে রিমোটটা নিয়ে নেয়। চ্যানেল-টু চালু করে টমি লি জোন্স ও রোজেনা আরকোয়েটের মেক লাভ সিন বা সেক্স যেটাই বলা হয়, তা চোখ বড় বড় করে দেখতে শুরু করে। আমি সোফা ছেড়ে উঠে লাউঞ্জ ছেড়ে অন্য রুমে চলে যাই।
পান্থজনের কূজন
জেসিন্দা আরডেনকে তো আপনারা সবাই চিনেন। নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসীর গুলিতে অনেক মুসল্লি মারা গেলে সারা বিশ্বে সেই খবর আলোড়ন ফেলে দেয়। বাংলাদেশের ক্রিকেট টিম তখন সেখানে ছিল। ওরা অল্পের জন্য বেঁচে যায়। কিন্তু কী সুন্দরভাবে নিউজিল্যান্ডের তদানীন্তন প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন এত বড় একটা ঘটনা সামলে তোলেন। মুসলমানদের কাছেও তিনি হয়ে ওঠেন সাক্ষাৎ দেবী। শুধু নিউজিল্যান্ডের মিডিয়া নয়, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ ও আল জাজিরাসহ সারা বিশ্বের বড় বড় মিডিয়াগুলো তার প্রশংসায় পঞ্চমুখ হয়।
এক ইউরোপীয় সাংবাদিক নিউজিল্যান্ডে আসে জেসিন্দা আরডেনের ওপর একটি ডকুমেন্টরি করতে। আসার আগে জেসিন্দা আরডেন সেই সাংবাদিককে বলেন, তিনি অকল্যান্ড এয়ারপোর্টে গাড়ি পাঠাবেন।
যথারীতি এক বিকালে সেই সাংবাদিক অকল্যান্ড এয়ারপোর্টে নামেন। এরাইভেল ডোর দিয়ে বের হয়ে এদিক ওদিক তাকাতেই দেখেন এক ভদ্রমহিলা তার নেইম-কার্ড হাতে দাঁড়িয়ে আছেন। তিনি সেদিকে যান। নিজের পরিচয় দিয়ে ভালোভাবে তাকাতেই দেখেন, ভদ্রমহিলা আর কেউ নন, স্বয়ং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন নেইম-কার্ড হাতে দাঁড়িয়ে আছেন।
সেই সাংবাদিক তো আকাশ থেকে পড়েন। বিস্ময়ে বলে ওঠেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে এয়ারপোর্টে এসেছেন আমাকে তুলে নিতে? কী আশ্চর্য! অফিসের কাউকে তো পাঠাতে পারতেন?’
জেসিন্দা আরডেন বলেন, ‘জি, পাঠাতে পারতাম। তেমনই পরিকল্পনা ছিল। কিন্তু আজ বিকালে আমার নিজের কোনো ব্যস্ততা নেই। একেবারেই ফ্রি আছি। তাই ভাবলাম, কাউকে আর বিরক্ত করে লাভ কী? আমি নিজেই যাই। তাই এসে গেলাম...।’
সেই ইউরোপিয়ান সাংবাদিক তখন জেসিন্দা আরডেনকে নিয়ে কী ভেবেছিলেন, জানি না। কিন্তু আমি যতদিন নিউজিল্যান্ডে ছিলাম ততদিন ওখানকার মানুষগুলোকে দেখে মনে হতো, ওরা যেন একেকজন একেকটা ফেরেশতা। জীবনের সংকীর্ণতা ওদের কখনও স্পর্শই করে না। নিউজিল্যান্ডকে তো এমনিতেই পৃথিবীর স্বর্গ মনে হয়। আর সেখানকার মানুষগুলোকেও মনে হয় স্বর্গের মানুষ।
প্রিয় শীত
আজ তোমাকে একটা গল্প বলব। তখন আমি নিউজিল্যান্ডে। প্রায় দুই যুগ আগের ঘটনা। কোনো এক সকালে যখন মাকে মন খারাপের প্রথম চিঠি লিখতে বসি; তখন জানালার ওপাশে ছিল হিমশীতল ঠান্ডা। তাপমাত্রা ছিল হিমাংকের নিচে। রুমের ভেতরে দুই-দুটি কম্বল চাপিয়ে ও ইলেকট্রিক হিটার চালিয়েও সেই ঠান্ডাকে রোধ করা যাচ্ছিল না। সূর্যটা তখন উঠি-উঠি করছিল।
আমি চিঠি লিখতে লিখতে খানিকক্ষণ পরপর বাইরে তাকাচ্ছিলাম। আমার ভেতর কী এক অনুভূতি। নতুন দেশ, নতুন শহর। তখন আমি বে অব প্লেন্টির মাউন্ট মাঙ্গানুই শহরে থাকতাম। মাউন্ট মাঙ্গানুই শহরটা প্রশান্ত মহাসাগরের তীরে বলে তাপমাত্রা হিমাংকের নিচে নামলেও ঠিক তুষার পড়ত না। যদিও নিউজিল্যান্ডের কোনো কোনো শহরে ভারী মাত্রার তুষার পড়ে।
হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আমি মাকে চিঠি লিখছিলাম আর খানিকক্ষণ পরপর বাইরে তাকাচ্ছিলাম। হঠাৎ দেখি, বাসার সামনের লনে ঘাসের ওপর সকালের সূর্যের প্রথম আলো পড়ে রুপালি ঝিলিক দিচ্ছে। আমি সেদিকে তাকিয়ে কী যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম! মনে হচ্ছিল, অসংখ্য হীরা যেন লনের ঘাসের ওপর বিছিয়ে রয়েছে। কীসের হাড়কাঁপানো ঠান্ডা, কীসের কি, আমি এক মুহূর্ত দেরি না করে কম্বল দুটো ঠেলে কোনো মতে গাউনটা গায়ে চাপিয়ে লনে নেমে আসি। রাতে হিমাঙ্কের নিচে পাঁচ-সাত ডিগ্রি তাপমাত্রা ছিল বলে সবুজ ঘাসের ওপর তখন হাল্কা স্তরের বরফ জমে কী যে মায়াময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে! আমি সেদিন রুমে ফিরে মাকে আর মন খারাপের চিঠি লিখিনি, পায়ের নিচে মচমচ করে সাদা বরফ ভাঙার অপূর্ব অনুভূতিগুলোই লিখেছিলাম।
প্রিয় শীত, আরেকটা গল্প তোমাকে না বললেই নয়। এক রাতে গাড়ি চালিয়ে নেপিয়ার শহর থেকে একা হ্যামিল্টন শহরে ফিরছিলাম। পথে তিওরাঙ্গি নামে ছোট্ট একটা শহর পড়ে। তখন প্রায় মধ্যরাত। গাড়ি নিয়ে তিওরাঙ্গি শহর পার হচ্ছি। হঠাৎ দেখি পেঁজা তুলোর মতো কী যেন উড়ছে। আমি বুঝতে পারি, তুষার পড়ছে। আমি এর আগে কখনও তুষারপাত দেখিনি। আমি গাড়ি থামিয়ে দেই। মুগ্ধ হয়ে তুষারপাত দেখতে থাকি। আকাশে তখন আস্ত একটা চাঁদ। তুষারপাত দেখতে দেখতে খানিকক্ষণ পর আমার মুগ্ধতা ছাপিয়ে প্রচণ্ড একটা কষ্ট এসে ভিড় করে। এর কিছু দিন আগেই আমার মা মারা গেছেন ক্যানসারে। মাকে যে আর তুষারপাতের গল্প বলা হবে না...!
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে তো তোমাকে আর সেভাবে দেখতে পাই না, শীত। কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার উষ্ণপ্রধান অঞ্চল। তারপরও তুমি ভালো থেকো।