সাকিরা পারভীন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১২:৫০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৬ পিএম
পিয়া ভোলো অভিমান মধু রাতি বয়ে যায়... পিয়া ভোলো অভিমান... মালেকায়ে গজল আকতারি বাই ফয়জাবাদী অনবরত গেয়ে চলেছেন এই গান। অলংকরণ: তানভীর মালেক
পিয়া ভোলো অভিমান মধু রাতি বয়ে যায়... পিয়া ভোলো অভিমান... মালেকায়ে গজল আকতারি বাই ফয়জাবাদী অনবরত গেয়ে চলেছেন এই গান।
কেন আঁখি ছল ছল... ওগো কথা কিছু বলো,
দূরে থাকা কি গো সাজে, মায়া ভরা জোছনায়...
হায় হায়... বেহালার ছড় সমুদ্রের গভীরে গহন বেদনার সুর তুলছে। ইচ্ছে হচ্ছে একটা আছাড় মেরে বেহালাটা ভেঙে ফেলি। ইচ্ছে হচ্ছে বেগম আকতারকে বলিÑ তুমি থামো। আমার সাজিদ চলে গেল। কেউ তো ছিল না সে আমার। কেউ নয় কেবল স্বল্প পরিচিত আনন্দিত এক স্বজন ব্যতীত। জীবনের প্রতি পেয়ালায় চুমুকে চুমুকে যে পান করত জীবনের সুধা তার জন্যই কে ঢেলে দিল এমন থকথকে অন্ধকারের গরল। কারও জানা নেই। এইতো সেদিন আর্জেন্টিনার টি-শার্ট পরে দুটো পাখি যৌথ গুঞ্জনের ছবি টানিয়ে দিল পৃথিবীর দেয়ালে। নিষ্ঠুর পৃথিবী সেই ছবি খুলে নিল হেঁচকা টানে। কী এমন তাড়াহুড়ো ছিল কে জানে। ওগো প্রিয়তম এইবার কোন পথে যাবে তুমি? আর আমিই-বা কোন পথে যাব? কিছু বলো, বলে যাও, ওগো কথা কিছু বলো... জীবনের পথ আর তার রূপরেখার ছবি কি তবে এ রকমই? শিল্পী বন্ধু সন্ধ্যার জীবনসঙ্গী ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেল আজ সন্ধ্যায়। সন্ধ্যা তার ফেসুবকে লিখেছে, ‘৭ মাস ২৩ দিনের সংসারজীবনে অসীম সুখ, ভালোবাসা, যত্ন, প্রশান্তি, আশা, প্রত্যাশা আর অনেক প্রাপ্তি দিয়ে আমার সাজিদ আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সাজিদ জান্নাতবাসী হোক।’ রবীন্দ্রনাথ ঠাকুর কি এমন কোনো সময়ের জন্য লিখেছিলেন, ‘আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার এ পথ...।’ মওলানা রুমি কি এজন্যই বলেছিলেন, ‘পথটা তোমার আর তুমি একা। অন্যরা হয়তো তোমার সাথে সাথে চলবে, কিন্তু কেউ তোমার হয়ে পথ পাড়ি দেবে না।’ জানি কেউ কারও পথ পাড়ি দেবে না। কাজী নজরুল ইসলামের ভাষায়, চিরদিন কাহারো সমান নাহি যায়..., তবু অনুসন্ধানের নেশা তো মরে না। অপেক্ষার অধির গাঙচিল চক্কর দিতে থাকে মস্ত মাথার ওপরে। পথিকের দেখা হবে পথের সঙ্গে অথবা পথ নিজেই খুঁজে নেবে পথিকের ঘর। যেন উভয়েই স্বয়ম্বর সভায় যেন মনে হয় জুতসই একটা সম্পর্কের সান্তুর। যেন এক নিরন্তর গুনগুন। জীবনের বিচিত্র পথে আসা-যাওয়ার অনিবার্য খেলা চলছেই। চেনাজানা যে পথে আমরা ক্রমাগত হাঁটছি, অচেনা পথের সঙ্গে তার ফারাক কতটুকু। প্রকৃতপক্ষে কোন পথে তুমি যেতে চাও প্রিয় পাঠক? অথবা যে পথে চলেছ রোজ কী বা কার কার দেখা পাও সেখানে তুমি? আমি তো ভেবেছিলাম যাওয়া-আসার পথের ধারে কত কত গান গাইব আমি। কিন্তু হলো কই? এক রবীন্দ্রনাথই গেয়ে গিয়েছেন সহস্র পথের গান। কাজী সাহেবও কম কিছু তো নন। আর যদি জন ডেনভারের কান্ট্রি রোডের কথা বলিÑ বলো তুমিও তো কড়া নেড়েছ সহস্রবার সে পথের দরজায়। নাকি শক্তির দুয়ার এঁটে ঘুমিয়ে গেছে পাড়া? সে যাক... ঢাকা শহরের নৈমিত্তিক পথে শব্দের করাতকল চিরে ফেলে আমার মগজের কোষাগার। কয়েক বছর ধরে রীতিমতো ফোবিয়াক্রান্ত আমি, নিকট সীমার বাইরে খুব একটা যেতে চাই না যেন। এক দিন নিশ্চয়ই বদলে যাবে ঢাকাপথ। অজস্র খাদ খোড়ল গর্ত আর উন্নতির ক্ষুব্ধ সংলাপ থেকে লাভ করবে নির্বাণ। পথের দুই ধারে শোভা পাবে নিম, বেলি, হাসনাহেনাদের আহ্বান। কোনো ট্রাফিক থাকবে না। নোংরা আবর্জনা থাকবে না। চোখ ঢেকে যাওয়া বিজ্ঞাপনের পোস্টারগুলো ঠিকানা হারাবে। প্রতিবন্ধীবান্ধব পথে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করবে যথাযথ কর্তৃপক্ষ। প্রতি পূর্ণিমায় পথে পথে পাখি ও মানুষের যৌথ ঢলে মুখরিত হবে চরাচর। নগর বাউল জেমস উদাত্ত কণ্ঠে গাইতে থাকবেনÑ ‘পথের বাপই পাপ রে মনা পথের মা-ই মা এই পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা…’ আর আমি? অন্য কোনো পথের কোনায় গাইব কি না, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। যত দূরে যেতে চাই কিছুতেই যেন ছাড়েন না গুরুদেব। মনে হয় তা কাছেই কি শিখেছি কি না, বিচিত্র পথের বিরল সব বিবরণ। মিথ্যা তো নয়, যেকোনো দীর্ঘ যাত্রায়, ভ্রমণে আমাদের মন গুনগুন করে গেয়ে ওঠে। এও তো পথের বৈশিষ্ট্য নয়? পথ তোমাকে প্রশ্ন দেয়, উত্তর দেয় পথ তোমাকে নিয়ে যায় তোমার গন্তব্যে। পথ নিশ্চয়তা দেয়, আবার ঠেলেও দেয় অনিশ্চিত অলক্ষ্য কোনো ঠিকানায়। সকল ঠিকানারও একটা পথ থাকে। মন্দ নয়। সম্ভবত কবিতা আর গানেই নিহিত আমার সব পথের সঞ্চয়। পথও চলিতে যদি চকিতে কভু দেখা হয়... আবারও সেই গান! নাকি ওয়াল্ট হুইটম্যানের সং অফ ওপেন রোড... এটা হলে দারুণ হয়। কত অপেক্ষার নিহিত নিরঞ্জন দাঁড়িয়ে থাকে পথের বাঁকে বাঁকে। কে রাখে তার খবর। রাখারই-বা কী দরকার। খয়েরি কামিজ, সাদা সালোয়ার, সাদা ক্রস ওড়নায় স্নিকারে চড়ে এখনও উড়ে আসে মাধ্যমিক স্কুলের পথ। শুভ্র সাদা কুঁচি দেওয়া গরদের ফ্রগের সঙ্গে দেখা করে কলেজের করিডোর। পায়ের তলায় ঘষে ঘষে রঙ উঠে গেছে যেসব পথেদের তারাও ডেকে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী, লাভ লেন অথবা তক্ষক তলায়। অদেখা তক্ষকের ডাকে স্মতি ফিরে এলে বুঝি যে পথে যেতে চাই, তা যেন মেলে না কিছুতেই। প্রায়শই শূন্য হাতে বহু বহু দূরে অচিন গ্রামের পথে ঘুরে ঘুরে পথের সন্ধান করে যে সাকিরা তার দেখা পাওয়া ভার হয়ে যায়। তবু এই ক্রমাগত না পাওয়া অথবা খুঁজতে থাকা পথের ভেতরে বসেই অসংখ্য শব্দের দাবানলে পুড়তে পুড়তেই সে লেখেÑ
‘আমি তোমার পথের কাঙাল হইয়া থাকি,
এই না পথ দিয়া হাঁইটা গ্যাছে আমার ময়না পাখি।
...
কত শত পথে তামায় পথচারী খোঁজে, তামাম জগৎ তোমায় জানি কতটুকু বোঝে একবার ফিরিয়া তাকাও, এই না পথও দিয়া আওয়ার কোনো সময় যদি পাও,
এই না পথ দিয়া আসো যদি জীবন পাইতা রাখি
আমার মরণ পাইতা রাখি, আমি তোমার পথের কাঙাল হইয়া থাকি।
তেমন কাঙাল হয়ে থাকার জন্য সাধনা চাই। আমি তেমন কেন কোনো অর্থেই কিছু নই। তবু পথের কাছে আর তার বুকে চলাচলরত অজস্র মানুষের কাছে আমার কৃতজ্ঞতা অশেষ। এই মুহূর্তে মনে পড়ছে ঢাকা শহরে একজন হাঁটাবাবা ছিলেন। ময়লা পোশাক, দীর্ঘ না কাটা দাড়িগোঁফ নিয়ে তিনি হাঁটতেন আর অনেক মানুষ তার পিছনে পিছনে হাঁটতেন। কেন হাঁটতেন আর তিনি কোথায় যেতেন জানা নেই। তবু কেন জানি না আজ তার চেহারাটা খুব করে মনে পড়ছে। আর মনে পড়ছে গুরুদেবের গান...
পথের শেষ কোথায় শেষ কোথায়
কী আছে শেষে পথের
এত কামনা এক সাধনা কোথায় মেশে
কী আছে শেষে পথের শেষ কোথায়
শেষ করছি একজন অচেনা পথিক ও মাতৃহারা সন্তানের এপিটাফ দিয়ে। আর হ্যাঁ তুমি আমায় ক্ষমা করো হে পথ... ‘My Mum died yesterday at the grand age of 94, she had Seven children of which I was the third youngest or the fifth eldest, both being the same yet also very different. She taught me right from wrong, good from bad and the difference between cruelty and kindness. Mums Road came to an end yesterday and now she rests in the beautiful garden at the end of that road and I know that the road that Mum chose was the road of Right, Goodness and Kindness.’