মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১১:০৮ এএম
নিম পাতা। ছবি: সংগৃহীত
নিম নিয়ে লিখতে বসে বনফুলের লেখা ‘নিমগাছ’ গল্পটার কথাই যেন বেশি মনে পড়ছে। কী অসাধারণ গল্প, ছোট্ট সে গল্পেই বহুগুণা নিমের অনেক কথা চলে এসেছেÑ ‘কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউবা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে। এমনি কাঁচাই...কিংবা ভেজে বেগুন-সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক...। দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বলেন, নিমের হাওয়া ভাল, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউÑ সে আর এক আবর্জনা।’
‘হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙ্গল না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠলো, ‘বাঃ কি সুন্দর পাতাগুলো...কি রূপ। থোকা থোকা ফুলেরই বা কি বাহার...এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাঃÑ।’ খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারল না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ীর গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা।’
এই গুণময়ী নিমগাছ নিয়ে খুড়ো শিবকালী ভট্টাচার্য তার চিরঞ্জীব বনৌষধি বইয়ে বেশ রসিকতা করে লিখেছেনÑ ‘বসন্তকালে ভ্রমণ, নিমভোজন ও যুবতীর স্ত্রীর সান্নিধ্যÑএ তিনটির অভাব হলে তার মরণই ভাল।’ নিমভোজনের এত উপকার? খুঁজতে গিয়ে দেখলাম, গরমকালে অর্থাৎ চৈত্র-বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে নিমের ছাল ও কাঠ ব্যবহার করা ভাল। এ সময়ে দাহজনিত রোগে বিশেষ উপকারী। বর্ষাকালে অর্থাৎ আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে নিমগাছের শিকড়ের ছালের রস বেশি কার্যকরী। বসন্তকালে ব্যবহার করা উচিত কচি পাতা। বসন্তরোগের উপশম হয়।
বনফুল তার গল্পের মধ্যেই বলে গেছেন যে, নিম চর্ম রোগের অব্যর্থ মহৌষধ। শরীরের কোথাও ব্রণ ও ফুসকুড়ি উঠলে সে জায়গায় কাঁচা নিমপাতা বেটে মলমের মতো করে লেপে ১০-১৫ মিনিট রেখে পানি দিযে ধুয়ে ফেলতে হয়। কয়েকদিন এটা করলে দারুণ উপকার পাওয়া যায়। শুকনো পাতার গুঁড়ো পানি বা মধুর সাথে মেখে কাই করেও লাগানো যায়। অ্যাকজিমা হলে সে জায়গায় নিমতেল মালিশ করলে উপশম হয়। তবে সরাসরি নিমতেল না লাগিয়ে এক ভাগ নিমতেলের সাথে দশভাগ নারকেল বা তিলের তেল মিশিয়ে লাগালে উপকার ভালো পাওয়া যায়। খোস-পাঁচড়া বা চুলকানি হলে কাঁচা নিমপাতা পানিতে জ্বাল দিয়ে পানির রঙ সবুজ হলে তা নামিয়ে ঠান্ডা করে সে পানি দিয়ে গোসল করলে চুলকানি সেরে যায়। এ ছাড়া নিম অজীর্ণ, ডায়াবেটিস, রাতকানা, জন্ডিজ, ঘুষঘুষে জ্বর ইত্যাদিও ভালো করে।
নিম এদেশের খুব পরিচিত বহুবর্ষজীবী দ্রুতবর্ধনশীল চিরসবুজ গাছ। শীতকালে গাছের অনেক পাতা ঝরে যায়। গাছ ১৫ থেকে ২০ মিটার লম্বা হয়। ডালপালা ছড়ানো। পাতা পক্ষল ও যৌগিক। পাতার কিনারা খাঁজকাটা ও অগ্রভাগ সরু। ফুল সুগন্ধযুক্ত ও সাদা, ছোট, ঝুলন্ত মঞ্জরিতে ফুলগুলো ফোটে। একটি পুষ্পমঞ্জরিতে প্রায় ৩০০ ফুল থাকে। একই গাছে উভলিঙ্গী ও পুরুষ ফুল ফোটে। ফল ডিম্বাকার, ছোট, খোসা সমৃণ, হলুদাভ সবুজ, থোকায় ধরে। ফলের ভিতরে একটি শক্ত বীজ থাকে, কখনো কখনো দুটি বীজও থাকে। বীজের খোসা বাদামি। বীজ থেকে চারা হয়। নিমের উদ্ভিদতাত্ত্বিক নাম Azadirachta indica ও গোত্র Meliaceae।