আমীরুল ইসলাম
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১২:৪১ পিএম
অলংকরণ : তানভীর মালেক
শীতের মাঠে মাঠে সোনালি ফসল। চিলচিলে রোদ। ঝিমমিক করছে আকাশ। এর ভেতর আমগাছের নিচে বসে মিস্টার বুক বই পড়ছে। দুর্দান্ত বই। দুই ভাইবোনের গল্প। পুরো বাংলাদেশ এদের কাছে নেমে এসেছে। বইয়ের নামটা আরও সুন্দর। আম আটির ভেঁপু। আর কয়েকদিনের মধ্যেই আম আঁটির ভেঁপু পাওয়া যাবে। মিস্টার বুক খুব খুশি। সে এই গ্রামেরই ছেলে। গ্রামের নাম ঝিলমিল। সে বই পড়তে খুব ভালোবাসে। হাতের কাছে যে বই পায় সেটাই সে ঝর ঝর করে পড়ে ফেলে। স্কুলের লাইব্রেরি, পাশের গ্রামের একটা বড় লাইব্রেরি যখনই সে সুযোগ পায় চলে যায় সেখানে। বইয়ের মাঝে বুঁদ হয়ে যায়। এই বই পড়ার কারণে ইমরানের নাম হয়েছে মিস্টার বুক। এখন আর তাকে কেউ ইমরান নামে ডাকে না। এতে সে কষ্ট পায় না খুশিই হয়। খারাপ কি নামটা তো ভালোই। সে যে রকম সে রকম নামই তার। সে সময় পেলেই সারা দিন বই পড়ে। আম আঁটির ভেঁপু বইটি পড়তে পড়তে অন্যরকম হয়ে গেল মিস্টার বুক।
বুকের ভেতর একটা কষ্ট দেখা দিল। আকাশের দিকে তাকিয়ে দেখল হাহাকার। প্রান্তর জুড়ে মনে হলো অনেক দুঃখ ছড়িয়ে আছে বাংলার আকাশে। লাফ দিয়ে সে ওঠে পড়ল। আর পড়তে ভালো লাগছে না তার। তার এখন দৌড়াতে ভালো লাগছে। দৌড়াতে দৌড়াতে এলো নদীর তীরে। কয়েকটা পাখি নদীর তীরে ডিম পেড়ে গেছে সেদিকেও তার মনোযোগ নেই। বুক আকাশের দিকে হাত তুলে দৌড়ায়। নাচের ভঙ্গি করে। গানের ভঙ্গি করে। এরমধ্যে শুনল কান্নার শব্দ। কে কাঁদে কোথায় কাঁদে? তাকিয়ে অবাক হলো মিস্টার বুক। একটু দূরেই একটা ছোট্ট ভাঙা টিনের ঘর। কাছে যেতেই দেখে একজন বুড়ি মা হাউমাউ করে কাঁদছে। মিস্টার বুকের মনটা আরও ভিজে গেল। বুড়ি মা তুমি কাঁদছ কেন?
বাবা আমার ঘরে চাল-ডাল নেই। আমি কদিন ধরে না খেয়ে আছি। অনেক কষ্ট আমার বাবা।
বুড়ি মা তোমার কি কেউ নেই?
আছে বাবা ছেলেমেয়েরা আমাকে রেখে চলে গেছে। কারণ আমার বয়স হয়ে গেছে।
কী যে বলো। সামান্য খাবার এটা জোগাড় হবে না? তুমি বসো আমি আসছি। কিছুক্ষণ পর মিস্টার বুক হাজির হলোÑ চাল ডাল আটার রুটি নিয়ে। তাকিয়ে দেখে বুড়ি নেই। আশপাশে তাকে কোথাও দেখা যাচ্ছে না। এখন তার একটাই কাজ বুড়িমাকে খুঁজে বের করা। নদীর তীরে এপারে ওপারে বুড়িকে খুঁজতে লাগল মিস্টার বুক। না, কোথাও নেই বুড়ি মা। দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে এলো বুড়িমার ঘরের দিকে। কাছে যেতেই আবার কান্নার শব্দ। কান্নার শব্দ আসছে ঘরের ভেতর থেকে। ঘরে ঢুকে দেখে বুড়িমা শুয়ে আছে উঠতে পারছে না। মিস্টার বুককে দেখেই বুড়িমা শরীরে শক্তি পেলেন। মিস্টার বুক বলল, এখনই যাও রান্না বান্না করে খেয়ে নাও। দেখ রুটি এনেছি আগে রুটি খাও শরীরে শক্তি পাবে। বুড়ির চোখে মুখে তখন আনন্দ। ঝিকমিক করছে নদীটা। আকাশ চকচক করছে। মিস্টার বুক ভাবতে লাগল বইটি সে পুরো পড়ে আবার একদিন বুড়ির কাছে আসবে।