প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৬:৪১ পিএম
এক দশকের পথচলার মাইলফলক: প্রথমবারের মতো গ্র্যাজুয়েশন উদযাপন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের
এক দশকের নিরলস পথচলার উদ্যাপন। নতুন স্বপ্নের আনুষ্ঠানিক স্বীকৃতি। মডেলিং, প্যাজেন্ট্রি ও প্রেজেন্টিং–এই তিন বিভাগে তরুণ প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) প্রতিষ্ঠার দশ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করেছে গ্র্যাজুয়েশন সেরিমনি।
রোববার, ১৯ জুলাই ২০২৬ রাজধানীর ধানমন্ডির বজুঁর ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত এ আয়োজনে একসঙ্গে সনদ গ্রহণ করেন এএমটিসির মডেলিং কোর্সের ১০টি ব্যাচের শিক্ষার্থীরা এবং প্রথমবারের মতো প্রেজেন্টিং ও পেজেন্ট্রি কোর্সের গ্র্যাজুয়েটরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মডেল, নৃত্য ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন এন্টারপ্রেনারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)–এর প্রেসিডেন্ট এবং সাদা কালোর সহপ্রতিষ্ঠাতা আজহারুল হক আজাদহাল এবং হাল ফ্যাশন, প্রথম আলোর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান । এএমটিসির প্রতিষ্ঠাতা আজরা মাহমুদের সঙ্গে তাঁরা বিভিন্ন ব্যাচের গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেন।

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প তরুণদের মডেলিং, প্যাজেন্ট্রি ও প্রেজেন্টিংয়ে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং মঞ্চে নিজেকে উপস্থাপনের দক্ষতা গড়ে তুলতে কাজ করে আসছে। গত এক দশকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে মডেলিংয়ের ১০টি ব্যাচ পরিচালনার পাশাপাশি প্রেজেন্টিং ও প্যাজেন্ট্রি বিষয়েও প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। প্রতিষ্ঠার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সব ব্যাচের অর্জনকে এক মঞ্চে উদ্যাপন করা হলো।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ‘স্টার স্টুডেন্ট’ সম্মাননা। এএমটিসি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর যাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, তাদের বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। প্রধান অতিথি তাঁদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে তার বক্তব্যে এএমটিসির প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ বলেন, দশ বছর আগে তরুণদের নিজেদের সম্ভাবনা আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম তৈরি করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল। আজ সব ব্যাচের গ্র্যাজুয়েটদের একসঙ্গে দেখে সেই স্বপ্ন পূরণের আনন্দ আরও গভীর হয়েছে।
প্রধান অতিথি সাদিয়া ইসলাম মৌ বলেন, গত এক দশকে এএমটিসি শুধু সংখ্যার বিচারে নয়, বরং প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও অসাধারণ সাফল্য অর্জন করেছে।

সম্মাননা পেলেন যারা
স্টার স্টুডেন্ট হিসেবে সম্মানিতদের মধ্যে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আখতার শীলা, শাহেলা মজুমদার নিধি, বি. প্রসাদ, শারিয়ার আজরাফ, জারিফ শাবাব, ফাইজা ফেরদৌস খান, ফাইজা নূন, ফাতিহা খুলদ মিয়ামি, পারিনাজ লামিয়া, আবন্তিকা রহমান, মাহেলেকা জাবিন, মারিয়া আক্তার মৃদুলা, জিদনি খান, প্রজ্ঞা ইসলাম, রাহনুমা নুরাইন তানহা, ফাহমিদা আহমেদ বুশরা, ফাবলিহা খান, আফসানা আহমাদ, তাহমিনা আঞ্জুম ইলা, উম্মে জামিলাতুন নাইমা, ইয়াসিন আহমেদ সোকাল এবং যুক্তা ভৌমিক।

প্রশিক্ষণ শেষে তাদের অনেকেই দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনারদের সঙ্গে কাজ করছেন। কেউ আবার আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, কেউ সফল কোরিওগ্রাফার, কেউ টেলিভিশন উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আবার কেউ বা জাতীয় ও আন্তর্জাতিক বিউটি পেজেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
বর্তমানে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস কসমো বাংলাদেশ, মিস্টার কসমো বাংলাদেশ এবং ফেস অব বাংলাদেশ–এর লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে। এক দশকের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটি আগামী দিনেও নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে ভূমিকা রাখতে চায়।