× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে পা থাকুক ট্রেন্ডি স্টাইলে আর আরামে

মাহবুবা মিতু

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:১৮ পিএম

গরমে পা থাকুক ট্রেন্ডি স্টাইলে আর আরামে

গরমে পা থাকুক ট্রেন্ডি স্টাইলে আর আরামে

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের ওয়্যারড্রবে চলে আসে নানাবিধ পরিবর্তন। সুতি কাপড়ের হালকা পোশাক, সানগ্লাস কিংবা ছাতা তো সঙ্গে থাকেই, কিন্তু অনেকেই যে বিষয়টি এড়িয়ে যান, তা হলো পায়ের আরাম। অথচ গরমে শরীরের মধ্যে সবচেয়ে বেশি ধকল যায় পায়ের ওপর দিয়েই। বদ্ধ জুতোয় পা ঘেমে দুর্গন্ধ হওয়া, ফোসকা পড়া কিংবা গরমে হাঁসফাঁস করার অভিজ্ঞতা আমাদের সবারই কমবেশি আছে। তাই এই খরতাপে এমন জুতা বেছে নেওয়া উচিত, যা একই সঙ্গে ফ্যাশনেবল ও আরামদায়ক। চলুন জেনে নেওয়া যাক, এই গরমে কীভাবে আপনার পায়ের আরাম ও ট্রেন্ডি স্টাইল বজায় রাখবেন।

স্লাইডার্স ও ফ্লিপ-ফ্লপ 

গরমে প্রতিদিনের ক্যাজুয়াল ব্যবহারের জন্য স্লাইডার্স ও ফ্লিপ-ফ্লপের কোনো জুড়ি নেই। ওজনে একদম হালকা আর সহজে পা গলিয়ে নেওয়া যায় বলে তরুণ-তরুণীদের দৈনন্দিন ফ্যাশনে এর জনপ্রিয়তা এখন তুঙ্গে।

এস্পাদ্রিলেস 

আপনি যদি আঙুল ঢাকা জুতো পছন্দ করেন, অথচ গরমে স্নিকার্স বা কেডসের মতো বন্ধ জুতো এড়াতে চানÑ তবে ‘এস্পাদ্রিলেস’ হতে পারে আপনার পারফেক্ট চয়েস। এই জুতোর সোল বা নিচের অংশ তৈরি হয় পাটের দড়ি দিয়ে, আর ওপরের অংশ থাকে ক্যানভাস বা সুতি কাপড়ের। ফলে জুতোটি যেমন আরামদায়ক, তেমনই এর ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে।

স্ট্র্যাপি স্যান্ডেল ও গ্লাডিয়েটরস

গরমে পায়ে হালকা অনুভূতি পেতে স্ট্র্যাপি স্যান্ডেলের বিকল্প নেই। বিশেষ করে মেয়েদের ফ্যাশনে কুর্তি, সালোয়ার-কামিজ কিংবা জিন্সের সঙ্গে এই স্ট্র্যাপি স্যান্ডেলগুলো দারুণ মানিয়ে যায়।

মুলেস ও লোফারস

অফিস বা যেকোনো ফরমাল মিটিংয়ে সাধারণ স্যান্ডেল পরে যাওয়া যায় না। এমন পরিস্থিতিতে বেছে নিতে পারেন ‘মুলেস’ বা ‘লোফারস’। মুলেসের সামনের অংশ ঢাকা থাকলেও পেছনের দিকটা একদম খোলা থাকে, যা গরমে পায়ে দেয় স্বস্তি। অন্যদিকে, সুতি বা ক্যানভাস কাপড়ের হালকা লোফারস ছেলেদের সেমি-ফরমাল লুকে ফুটিয়ে তোলে স্মার্টনেস।

গরমে জুতা নির্বাচনে গাইডলাইন 

ভুল ধরনের জুতা শুধু অস্বস্তিই বাড়ায় না, বরং ঘাম, দুর্গন্ধ, ফুসকুড়ি কিংবা ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকিও তৈরি করে। তাই জুতা তৈরির উপাদানে খেয়াল রাখতে হবে। তাছাড়া আরামের জন্য যা অবশ্যই মাথায় রাখতে হবেÑ

সঠিক সাইজ : গরমের দিনে পা স্বাভাবিকের চেয়ে কিছুটা ফুলে যেতে পারে। তাই জুতোর সঠিক মাপ পেতে দুপুরের পর বা সন্ধ্যার দিকে জুতো কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সঠিক উপাদান : এই গরমে কৃত্রিম বা সিন্থেটিক চামড়ার জুতো একদম এড়িয়ে চলুন। এর বদলে ক্যানভাস, সুতি বা পাটের মতো প্রাকৃতিক তন্তুর জুতো বেছে নিন, যা সহজে বাতাস চলাচল করতে দেয়।

আরামদায়ক ইনসোল : জুতোর ভেতরের নরম অংশ বা ইনসোলটি যেন কুশনযুক্ত এবং ‘অ্যান্টি-মাইক্রোবিয়াল’ প্রযুক্তির হয়। এতে পায়ে যেমন ব্যথা হবে না, তেমনই ব্যাকটেরিয়া বা জীবাণু ছড়াতে পারবে না।

স্টাইলিং টিপস : পোশাক যতই সুন্দর হোক না কেন, পায়ের জুতোটি ঠিকঠাক না হলে পুরো সাজটাই মাটি। পোশাকের সাথে একদম পারফেক্ট জুতো বেছে নেওয়ার কিছু সহজ টিপস‍: হালকা রঙের জিন্স কিংবা আরামদায়ক লিনেন প্যান্টের সাথে পায়ে গলিয়ে নিতে পারেন সাদা রঙের ‘মেশ স্নিকার্স’, এটি দেখতে যেমন ট্রেন্ডি, গরমে আরামের জন্যও তেমনই দারুণ।

এথনিক বা ঐতিহ্যবাহী লুকে : সালোয়ার-কামিজ কিংবা শাড়ির সাথে চমৎকার মানিয়ে যায় ‘কর্ক সোলে’র ফ্লাট স্যান্ডেল। স্যান্ডেলে যদি হালকা সোনালি বা রুপালি রঙের কারুকাজ থাকে, তবে পুরো লুকে এক নিমেষে চলে আসবে এলিগ্যান্ট ভাব।

অফিস লুকে : ফরমাল বা সেমি-ফরমাল প্যান্টের সাথে বেছে নিন হালকা ওজনের লোফার কিংবা বাতাস চলাচল করতে পারে এমন ‘ডার্বি শু’। আর হ্যাঁ, জুতো থেকে যেন মোজা বাইরে বেরিয়ে না থাকে, সেজন্য অবশ্যই ‘নো-শো অ্যাঙ্কেল সকস’ ব্যবহার করবেন।

পার্টি লুকে : জমকালো যেকোনো পার্টির জন্য বেছে নিন স্ট্র্যাপি হিল স্যান্ডেল, যেগুলোতে গোড়ালির দিকে বেল্ট বা ‘অ্যাঙ্কেল স্ট্র্যাপ’ থাকে। এতে হাঁটাচলায় বাড়তি গ্রিপ পাওয়া যায়। আর দীর্ঘক্ষণ পায়ের আরাম বজায় রাখতে হিলের উচ্চতা ২ থেকে ৩ ইঞ্চির মধ্যেই রাখুন। 

রঙের বৈচিত্র্য: গরমের ফ্যাশনে জুতোর রঙের ভূমিকাও কিন্তু কম নয়! এই তপ্ত আবহাওয়ায় গাঢ় বা চড়া রঙের বদলে প্যাস্টেল শেড, ল্যাভেন্ডার রঙের জুতো পায়ে দেখতে দারুণ লাগে। পাশাপাশি বেইজ, ট্যান বা সাদার মতো নিউট্রাল কালারগুলোও ফ্যাশনে এনে দেয় এক ধরনের স্নিগ্ধতা। এই রঙের জুতো বা স্যান্ডেলগুলো শুধু যে দেখতেই চোখ-জুড়ানো লাগে তা-ই নয়, যেকোনো পোশাকের সাথেই খুব সহজে মানিয়ে যায়।

পায়ের যত্নের রুটিন

সুন্দর ও সুস্থ পা শুধু আপনার সৌন্দর্যই বাড়ায় না, এটি আপনার রুচিবোধেরও পরিচয় দেয় তাই এই গরমে প্রতিদিনের লাইফ-স্টাইলে যোগ করুন সহজ এই রুটিনটি :

১. জুতা পরার আগে আঙুলের ফাঁকে অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করুন, এতে পা ঘামবে না ও দুর্গন্ধ হবে না।

২. দিনের বেলা খোলা স্যান্ডেল পরলে রোদে পোড়া অপ্রীতিকর দাগ থেকে বাঁচতে পায়ে সানস্ক্রিন লাগান।

৩. প্রতি রাতে বাইরে থেকে ফিরে বা ঘুমানোর আগে পা গরম পানিতে লবণ মিশিয়ে ধুয়ে নিন।

৪. পা ধুয়ে শুকানোর পর নিয়ম করে প্রতিদিন পায়ে ময়েশ্চারাইজার লাগান।

৫. সপ্তাহে ২-৩ দিন রাতে পা ভেজানোর পর পিউমিস স্টোন দিয়ে গোড়ালি হালকা ঘষে মৃত চামড়া দূর করুন।

৬. ত্বকের রোদে পোড়া ভাব ও কালো দাগ দূর করতে সপ্তাহে একদিন টকদই ও লেবুর রসের প্যাক পায়ে লাগান।

৭. নখ কাটা ও পরিষ্কারসহ সামগ্রিক যত্নের জন্য সপ্তাহে একদিন নিয়ম করে পেডিকিউর করুন। নখকুনি বা ইনফেকশন এড়াতে পায়ের নখ বড় হলে সবসময় সোজাভাবে কাটুন, গোল করবেন না।

৮. জুতো ব্যবহার শেষে রোদে শুকাতে দিন এবং ভেতরে নিউজপেপার ভরে রাখুন ঘাম ও আর্দ্রতা শোষণের জন্য।

সবশেষে বলা যায়, গরমে পায়ের আরাম নিশ্চিত করতে ব্যয়বহুল জুতার প্রয়োজন নেই; প্রয়োজন কেবল সঠিক উপাদান, উপযুক্ত ডিজাইন এবং নিয়মিত পরিচর্যা। ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি যদি আরাম ও স্বাস্থ্যবিধির দিকেও নজর রাখা যায়, তবে গ্রীষ্মের দাবদাহেও পা থাকবে স্বস্তিতে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা