তাসিয়া মোসাহিদ
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:১৬ পিএম
স্যুপ খাওয়া কেন জরুরি
ব্যস্ত শহুরে জীবনে নিয়মিত স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এই মুহূর্তে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। প্রতিবেলায় এত অস্বাস্থ্যকর খাবারের ভিড়ে আমাদের পরিবার ও নিজের জন্য স্বাস্থ্যকর খাবারের অপশনটি বেছে নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। অথচ এমন কিছু খাবার আছে, যা একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে তেমনই শরীরের জন্যও অত্যন্ত উপকারী, আবার বানানোও বেশ সহজ। স্যুপ তার মধ্যে অন্যতম। সবজি আর মুরগির মাংস দিয়ে তৈরি এক বাটি স্যুপ শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি শরীরের পানি ও মিনারেলের জোগান দেয়, হজম সহজ করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাই শুধু অসুস্থতার সময় নয়, সুস্থ থাকতেও নিয়মিত খাদ্যতালিকায় স্যুপ রাখার পরামর্শ দেন খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা।
শরীরে জলীয় অংশের ঘাটতি পূরণে সাহায্য করে
স্যুপের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শরীরে জলীয় অংশের ঘাটতি পূরণে সাহায্য করে। গরমের দিনে ঘাম কিংবা শীতকালে কম পানি পান করার কারণে অনেক সময় শরীরে পানিশূন্যতা দেখা দেয়, ইলেক্ট্রোলাইট ঘাটতিও তৈরি হয়, স্যুপে থাকা তরল শরীরকে হাইড্রেটেড রাখতে ভূমিকা রাখে। একই সঙ্গে এতে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে ও ইলেক্ট্রোলাইট এর ব্যালান্স নিশ্চিত করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সবজিতে পুষ্টি বজায় রেখে রান্নার অন্যতম প্রাচীন কিন্তু কার্যকরী প্রক্রিয়া হচ্ছে পানিতে সিদ্ধ করে স্যুপ তৈরি করা, এতে সবজির গুণগত মান ও পুষ্টিগুণ বজায় থাকে। সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ তৈরিতে সাধারণত গাজর, বাঁধাকপি, বরবটি, মটরশুঁটি, মিষ্টি ভুট্টার দানা, ফুলকপি, ব্রকলি ও মাশরুম ব্যবহার করা হয়। এসব সবজির তৈরি স্যুপে থাকে ভিটামিন এ, সি, কে, ফলেট, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং কোষের ক্ষয় কমাতে সাহায্য করে। অন্যদিকে মুরগি আর ডিম দিয়ে তৈরি স্যুপে পাওয়া যায় পর্যাপ্ত প্রোটিন, যা পেশি গঠন, টিস্যুর ক্ষয়পূরণ এবং শরীরের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হজম সহজ করে
যাদের হজমের সমস্যা রয়েছে কিংবা কোনো অসুস্থতা থেকে সেরে উঠছেন, তাদের জন্য স্যুপ একটি আদর্শ খাবার। এটি সহজে হজম হয় এবং শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে না। শিশু, বয়স্ক ব্যক্তি এবং অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা রোগীদের ক্ষেত্রেও স্যুপ খুবই উপকারী। ঠান্ডা-কাশি বা জ্বরের সময় গরম স্যুপ গলার অস্বস্তি কমাতে, শরীরে আরাম দিতে এবং প্রয়োজনীয় তরল সরবরাহে সহায়তা করে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
ওজন নিয়ন্ত্রণেও স্যুপের ভূমিকা রয়েছে। কম তেল ও কম ক্যালোরিতে তৈরি স্যুপ দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। বিশেষজ্ঞদের মতে, মূল খাবারের আগে এক বাটি সবজির স্যুপ খেলে মোট ক্যালোরি গ্রহণের পরিমাণ কমানো সম্ভব, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। আবার ক্যালরি ডেফিশিয়েট ডায়েট প্লানে হাল্কা ডিনার হিসেবে একবাটি সবজি ও মুরগির মাংসের স্যুপের সঙ্গে এক স্লাইস ব্রাউন ব্রেড হতে পারে একটি পুনর্মিল।
কোন ধরনের স্যুপ উপকারী
স্যুপের উপকারিতা অনেকটাই নির্ভর করে এটি কীভাবে তৈরি করা হচ্ছে তার ওপর। বাজারে পাওয়া অনেক ইনস্ট্যান্ট বা প্যাকেটজাত স্যুপে অতিরিক্ত সোডিয়াম, কৃত্রিম স্বাদবর্ধক ও সংরক্ষণকারী উপাদান থাকে। অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই স্যুপের উপকার পাওয়ার জন্য অবশ্যই ঘরের তাজা সবজি, ডিম, মুরগি দিয়ে স্যুপ তৈরি করে নিতে হবে। এতে লবণ, তেল ও অন্যান্য উপকরণের পরিমাণও নিজের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়। তবে অতিরিক্ত ক্রিম, মাখন বা চিজ ব্যবহার করলে ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট বেড়ে যায়, তাই এসব উপকরণ পরিমিত পরিমাণে ব্যবহার করাই ভালো।
মনে রাখতে হবে, স্যুপ যতই উপকারী হোক, এটি একা সুষম খাদ্যের বিকল্প নয়। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমাণমতো শাকসবজি, ফল, পূর্ণ শস্য, পর্যাপ্ত প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির পাশাপাশি এক বাটি পুষ্টিকর স্যুপ যোগ করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং সুস্থ জীবনযাপন আরও সহজ হবে। ছোট্ট এই অভ্যাসই দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।