× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে কেন বাড়ে গ্যাস ও বদহজম

সাদিয়া চৌধুরী

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:০৩ পিএম

গরমে কেন বাড়ে গ্যাস ও বদহজম

গরমে কেন বাড়ে গ্যাস ও বদহজম

গ্রীষ্মকাল এলেই অনেকেরই গ্যাস, বুকজ্বালা ও বদহজমের সমস্যা বেড়ে যায়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমে শরীরের স্বাভাবিক হজমপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসে। অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান না করা, তেল ও চর্বিযুক্ত খাবার এবং বাইরে খাওয়ার প্রবণতাÑ সব মিলিয়ে গরমের সময় পাকস্থলীর নানা সমস্যা বেড়ে যেতে পারে। গরমের সময় শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এর ফলে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফাঁপা এর মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি শক্তি ব্যয় হওয়ায় অনেকের ক্ষুধাও কমে যায়। দীর্ঘ সময় খালি পেটে থাকলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, যা বুকজ্বালা হওয়ার অন্যতম কারণ। 

খাওয়া-দাওয়ায় সতর্কতার অভাব 

অনেকেই গরমের দিনে তৃষ্ণা মেটাতে কোমল পানীয়, অতিরিক্ত ঠান্ডা পানীয় বা আইসক্রিম বেশি খান। আবার বাইরে বের হলে ফাস্টফুড, ভাজাপোড়া ও অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবারও বেশি খাওয়া হয়। এসব খাবার পাকস্থলীতে দীর্ঘ সময় অবস্থান করে, ফলে হজমে সমস্যা হয় এবং গ্যাস ও পেট ভারী লাগার মতো উপসর্গ দেখা দেয়। অতিরিক্ত চা, কফি ও কার্বোনেটেড পানীয়ও অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাছাড়া, গ্রীষ্মকালে খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘ সময় বাইরে রাখা রান্না করা খাবার, খোলা শরবত, কাটা ফল কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি স্ট্রিট ফুডে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এসব খাবার খেলে শুধু বদহজম নয়, ডায়রিয়া, বমি, পেটব্যথা ও খাদ্যবাহিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই গরমের দিনে সবসময় তাজা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি। 

পিত্তদোষ বৃদ্ধি 

আয়ুর্বেদ অনুযায়ী, গরমের সময় শরীরে ‘পিত্তদোষ’ বৃদ্ধি পায়, যা মূলত অগ্নি বা তাপের সঙ্গে সম্পর্কিত। পিত্তের ভারসাম্য নষ্ট হলে হজমশক্তি দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে অম্বল, গ্যাস, বুকজ্বালা, টক ঢেকুর ও বদহজমের সমস্যা দেখা দেয়। আয়ুর্বেদ এর মতে, অতিরিক্ত ঝাল, টক, ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার পিত্ত আরও বাড়িয়ে দেয়, যা এই সমস্যাগুলোকে তীব্র করে তোলে। 

করণীয় 

গরমে হজমের সমস্যা এড়াতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খাবার খাওয়া ভালো। প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে। খাদ্য তালিকায় তরমুজ, বাঙ্গি, শসা, পেঁপে, ডাবের পানি, লেবুর শরবত ও পাতলা ঘোলের মতো পানিসমৃদ্ধ খাবার রাখা উপকারী। আয়ুর্বেদ মতে, ধনেপাতা, জিরা পানি বা মৌরি খাওয়া হজমে সহায়ক এবং শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত তেল ও মসলা, ভাজাপোড়া, কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। 

খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাপনও হজমের ওপর প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত হালকা ব্যায়াম হজম ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। খাওয়ার পরপরই শুয়ে না পড়ে অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং অম্বলের ঝুঁকিও কমে। তবে যদি গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, বারবার বমি হয়, মলের সঙ্গে রক্ত আসে, দ্রুত ওজন কমে যায় বা তীব্র পেটব্যথা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এসব উপসর্গ কখনও কখনও আলসার বা পরিপাকতন্ত্রের অন্য কোনো গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। সচেতন খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, নিরাপদ খাবার নির্বাচন এবং নিয়মিত জীবনযাপনই গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা