লাবণী মণ্ডল
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৭:০৩ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আধুনিক বাংলা ছোটগল্পের ভুবনে জায়েদ ফরিদের ১৪টি গল্পের সংকলন ‘গাঙচিলের ডিম’ একটি উল্লেখযোগ্য সংযোজন।
এটি নিছক কোনো গল্পের বই নয়, বরং মানব-মানবীর মনস্তত্ত্ব, প্রকৃতির নিগূঢ় রহস্য এবং প্রবহমান জীবনের এক অসাধারণ ক্যানভাস। লেখকের সবচেয়ে বড় মুন্সিয়ানা হলো তার প্রেক্ষাপটের বিশাল বৈচিত্র্য। তিনি কেবল বাংলার শাশ্বত গ্রাম বা ইট-পাথরের শহরেই বন্দি থাকেননি; তার গল্পের বিস্তার ঘটেছে সুদূর আমেরিকার নিউইয়র্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমি পর্যন্ত। এই বিস্তৃতি যেমন ভৌগোলিক, তেমনি মনস্তাত্ত্বিকও।
লেখক গল্প লেখাকে কেবল কাঠামোর ছাঁচে ঢালাই করা নিষ্প্রাণ বস্তু বা ‘চিতই পিঠা বানানোর মতো নিয়মঋদ্ধ সরলাঙ্ক’ মানতে নারাজ। তার মতে, গল্পে শিল্পীর স্বাধীন অনুভব থাকা জরুরি। এই স্বাধীন অনুভবেরই এক জীবন্ত দলিল গ্রন্থের নামগল্প ‘গাঙচিলের ডিম’। গল্পের কেন্দ্রীয় চরিত্র গঙ্গামণি নিজে মা না হয়েও গাঙচিলদের এক অবিস্মরণীয় মা। পেশায় চোর বাবা যখন প্রকৃতির বুক থেকে এক ধামা গাঙচিলের ডিম চুরি করে আনে, তখন গঙ্গামণির হৃদয়ে তীব্র রক্তক্ষরণ হয়। রাতের অন্ধকারে, একাকী ডিঙি বেয়ে বালুচরে গিয়ে গাঙচিলের বাসায় ডিমগুলো ফিরিয়ে দেওয়ার যে সিনেমাটিক দৃশ্য লেখক এঁকেছেন, তা অনবদ্য। এই দৃশ্যটি ইকো-ফেমিনিজম বা পরিবেশবাদী নারীবাদের এক চূড়ান্ত প্রকাশ।
প্রান্তিক মানুষের পরিবেশবোধের চমৎকার চিত্র ফুটে উঠেছে ‘যে বনে আগুন লাগে না’ গল্পে। এনজিওতে ঝাড়ুদারের কাজ করা গারো মেয়ে দামা চিরান পাখিদের বসার জন্য অফিসের উঠানে একটি মরা গাছ পুঁতে রাখে। সাধারণ কর্মচারীরা তাকে পাগল ভাবলেও বিদেশি এনজিও প্রধান রিচার্ড মর্গ্যান ঠিকই এর পরিবেশগত গুরুত্ব বুঝতে পারেন। মর্গ্যান যখন দামাকে প্রমোশন দিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট বানান, তখন অফিসে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ঈর্ষার জন্ম হয়, তা আমাদের তথাকথিত ভদ্রসমাজের এক নগ্ন রূপ। নিম্নবিত্ত ও উপজাতীয় একজন নারী পদোন্নতি পেয়ে ‘ম্যাডাম’ হয়ে যাচ্ছেÑ তা মেনে নেওয়ার মানসিকতা সমাজের অনেকেরই নেই।
প্রবাস জীবনের দীর্ঘশ্বাস ও শেকড়ের টান মূর্ত হয়েছে আরেক গল্পে। প্রবাসী ইঞ্জিনিয়ার ফইজু তার গ্রামের পঙ্গু মেয়ে মুরজানকে ভালোবাসে। সে মুরজানকে বলে, ‘ট্যাখা দিয়া আমি কিতা করতাম মুরজান... তুমিই আমার মদিনা।’ এখানে ‘মদিনা’ হলো শান্তির চূড়ান্ত গন্তব্য। এর বিপরীতে নিউইয়র্কে স্ত্রী রওশন বেগমের সাথে ফইজুর যান্ত্রিক জীবন, যেখানে নাতি বাংলাই শেখে না, তা পাশ্চাত্যের শেকড়হীন জীবনের এক চরম দৃষ্টান্ত। পাশাপাশি, ‘মরুর বুকে এক টুকরো বাংলাদেশ’ গল্পে মধ্যপ্রাচ্যের মাজরায় (খেজুর বাগান) প্রবাসী এন্তাজ আলীর সবজি ফলানো এবং আরব মালিক আবু তামেরের সাথে তার মানবিক বন্ধুত্বের চিত্রটিও হৃদয়গ্রাহী।
সমাজসচেতন ও রূপকধর্মী গল্পগুলোতেও লেখক তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন। কপালে নাগের চিহ্ন আঁকা এক যুবতী ভিক্ষুক এবং সুলতান মিয়া নামক এক বাঁশিওয়ালার গল্পে দেখা যায়, তারা মানুষের নিষ্ঠুর সমাজের চেয়ে সাপের আশ্রয়ে নিজেদের বেশি নিরাপদ মনে করে। তাদের ভয় কেবল ‘মানুষ’ আর ‘সময়’-কে। অন্যদিকে বৃষ্টির দিনে পার্কের লেকপাড়ে আশ্রয় নেওয়া একটি পথ কুকুরকে মানুষের লাথি মেরে বের করে দেওয়ার দৃশ্য আমাদের নাগরিক স্বার্থপরতাকে উন্মোচিত করে। এর মাঝে ‘ডুমু’ চরিত্রটি কুকুরটিকে বাঁচাতে গিয়ে যেন পুরো মানবজাতির হয়ে প্রায়শ্চিত্ত করে।
তরুণদের মনস্তাত্ত্বিক জটিলতাও বাদ যায়নি। ‘বুনোহাঁস’ গল্পে নিখুঁত হতে চাওয়া বা পারফেকশনিস্ট ইস্তাফিজের পারফরম্যান্স অ্যাংজাইটি এবং সিদ্ধান্তহীনতা আধুনিক তরুণ সমাজের এক দারুণ সাইকোলজিক্যাল স্টাডি। আবার ‘রেললাইনের ধারে’ গল্পে প্রতিবন্ধী মেয়ে শায়রিনের শিশিরের জলে লেখাÑ ‘তুমি কি আর ফিরবে না?’Ñ প্রশ্নটি পুরো গল্পে এক অপার্থিব রোমান্টিকতার জন্ম দেয়। বাস্তবতা কীভাবে গল্পকারের কাঁচামাল হয়, তা লেখক এখানে চমৎকারভাবে বুঝিয়েছেন।
জায়েদ ফরিদের গদ্য অত্যন্ত চিত্রল, সংবেদনশীল ও পরিমিত। ‘টিপির টিপির শিশির-ঝরা ভোর’ বা ‘বেলে জোছনায় ভরে আছে নদীর তল্লাট’Ñ এমন অজস্র কাব্যিক বাক্যের পাশাপাশি ‘কনে’, ‘যাব্যার’ কিংবা নিখুঁত সিলেটি উপভাষার ব্যবহার চরিত্রগুলোকে রক্তমাংসের মানুষে পরিণত করেছে।
সব মিলিয়ে ‘গাঙচিলের ডিম’ সমকালীন সমাজবাস্তবতা, জলবায়ু পরিবর্তন এবং শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার বৈশ্বিক সংকটের এক তীক্ষ্ণ দলিল। যারা জীবনের গভীরতর দর্শন এবং প্রকৃতির সাথে মানুষের নিগূঢ় সম্পর্ক নিয়ে ভাবতে ভালোবাসেন, এই বইটি দীর্ঘ সময়ের জন্য তাদের মনে এক স্নিগ্ধ, ভাবনোদ্রেককারী রেশ রেখে যাবে।
বইয়ের নাম : গাঙচিলের ডিম
লেখক : জায়েদ ফরিদ
প্রকাশক : সময় প্রকাশন
মূল্য : ৩০০ টাকা