অণুগল্প
মনজুর শামস
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:৪৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১৬:৪৮ পিএম
অলংকরণ: হাসনাত মোবারক
এমন তুমুল বৃষ্টিতে একা একা হেঁটে যেতে খুব ভালো লাগে জিতুর। কারও ধমক খাওয়ার তোয়াক্কা না করে। বেপরোয়া। আজ সেই সুযোগটা জুটে যাওয়ায় স্মৃতির ভাঁজে লুকিয়ে রাখা সুখটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে মন চাইল। মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনটির কথা
জিতুর অবচেতন মনে সেই স্মৃতিটুকু শুকনো জাফরান হয়ে অটুট রয়েছে, শরীরে বৃষ্টির পানি পড়লেই তা খলবলিয়ে হেসে জেগে ওঠে। ছড়াতে থাকে নিষ্কলুষ ভালো লাগার জাফরান রঙ। ঝড়বৃষ্টির শোঁ শোঁ, ঝিরঝির শব্দতোড়ে চাপা পড়ে যায় জাগতিক দুঃখ-কষ্টের দুঃসহবোধ। গাছের পাতায়, টিনের চালে, পুকুরের পানিতে বৃষ্টির বহুমাত্রিক শব্দতরঙ্গ মেঘমল্লার রাগে তার ভেতরটায় বরষামুখর সুর মূর্ছনায় মাঙ্গলিক বোধের সব দুয়ার খুলে দিতে থাকে। রাত তিনটেয় পত্রিকা অফিসের রাতের পালার কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশা গলির মুখে নামিয়ে দিয়ে গেছে। কাজ শেষে অফিস থেকে বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়েছিল। অটোরিকশাটা চলতে শুরু করলে বৃষ্টির তোড় আর বাতাসের বেগ ক্রমেই বাড়তে শুরু করেছিল। একেবারে পাশের সিটে বসেছিল বলে নিজেদের গলির মুখে আসার আগেই জিতু ভিজে একশা হয়ে গিয়েছিল। কারেন্ট নেই। ঘোর অন্ধকারে ঝড়বৃষ্টির মাতামাতি। মাঝে মাঝে ঝিলিক দেওয়া বিজলি-আলোয় সরু গলিটায় পথ দেখে নিচ্ছিল। চামড়ার জুতোজোড়া খুলে আগেই ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছিল। খালি পায়ের তলায় গলিপথের নুড়িপাথর বিঁধছিল। অটোতে থাকতেই গায়ে বৃষ্টির ফোঁটা পড়ামাত্র ছোটবেলার স্মৃতি জেগে উঠতে শুরু করেছিল।
আর এখন মনে পড়ে গেল বৃষ্টিভেজা গেঁয়োপথের পিচ্ছিল এঁটেল মাটিতে পায়ের আঙুল চেপে ধরে ধরে হেঁটে চলার সেই চিরঞ্জীব রোমাঞ্চের কথা। খুলে গেল দারিদ্র্য ধ্বস্ত মনের সুখস্মৃতি কক্ষগুলোর সব দুয়ার।
বৃষ্টির ফোঁটার অনুষঙ্গে জিতু তার তাজা হয়ে ওঠা মন ছুটিয়ে দিল। সে তখন ক্লাস থ্রিতে পড়ে। জন্মের বছরখানেক পর মা মারা গেলে সে বছরই বাবা আবার বিয়ে করেছিলেন। নতুন মা তাকে বেশ ভালোমতোই আদর-যত্ন করছিলেন। কিন্তু বছর দুয়েক পরে নতুন মার গর্ভে তার এক বোন জন্মানোর পর থেকেই সে আদর-যত্নে ভাটা পড়তে থাকে। যতই দিন যেতে থাকল ততই তার ওপরে নতুন মায়ের অত্যাচার বেড়ে যেতে থাকল। তো সেদিন তার সৎমা, মাইল পাঁচেক দূরে তার মায়ের কাছে পাঠিয়েছিলেন জিতুকেÑ তাদের ক্ষেতে ফলানো এক ঝুড়ি সবজি দিয়ে আসতে। যাওয়ার সময় আকাশ পরিষ্কার ছিল। ছিল ঝাঁ ঝাঁ রোদ। নতুন নানি দুপুরে না খাইয়ে ছাড়েননি। দুপুর গড়িয়ে গেলে সে বাড়ির পথে পা বাড়িয়েছিল। মাইলখানেক হেঁটে আসার পর উত্তরের আকাশ কালো হয়ে উঠেছিল। খুব জলদি পা চালাতে শুরু করেছিল জিতু। ততদিনে সে জেনে গেছে ওটি কালবোশেখি সেজেছে। মাঝে মাঝে খানিক দৌড়েও যাচ্ছিল। কিন্তু শেষমেশ কুলিয়ে উঠতে পারেনি। আরও মাইলখানেক হাঁটতে না হাঁটতেই বাতাস বইতে শুরু করেছিল। তারপর ধুলোঝড়। চোখে-মুখে-কানে গুলির বেগে সেঁধিয়ে যাচ্ছিল ধুলো। এমনিতেই দিনের বেলায় রাতের অন্ধকার নেমেছিল, তার ওপর চোখে-মুখে ধুলো। জিতু কিচ্ছুটি দেখতে পাচ্ছিল না। অগত্যা নির্জন মেঠোপথেই দুই কানে আঙুল ঢুকিয়ে বসে পড়েছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ বেড়ে যাচ্ছিল আর তার বালক মনে ভীষণ ভয় ধরে যাচ্ছিল। এরপর কিছুক্ষণ পর তার দোজখ-সময়ে বেহেশতের ধারা হয়ে ঝরতে শুরু করেছিল বৃষ্টি। প্রথমে ফোঁটায় ফোঁটায়। তারপর অঝোরধারায়। শরীরে পুরু হয়ে জমে ওঠা ধুলো নিমেষেই ধুয়ে দিয়েছিল বৃষ্টি। এরপর জিতু আবার বাড়ির পথে হাঁটতে শুরু করেছিল। একবারও পিছু তাকাচ্ছিল না। থামছিলও না। বৃষ্টি ঝরছিলই, শুধু ঝরছিলই। জিতুর খুব ভালো লাগছিল। মনের সব দুঃখ-কষ্ট ভুলে অবাক হয়ে গাছের ডালে ঝড়ের নাচন দেখছিল। তখন তার একটুও ভয় করছিল না। তার বালক মনপ্রাণ ভরে উপভোগ করছিল তাণ্ডবীয় সুন্দুর। আপনা-আপনিই চলার গতি কমে গিয়েছিল তার। বাড়ি ফেরার কোনো তাড়াই ছিল না মনে। কী হবে বাড়ি ফিরে। ফিরলেই তো সেই ঝাঁজালো বকা আর সামান্য ভুলেই বেদম পিটুনি!
আজ তার পিটুনি খাওয়ার ভয় নেই। যদিও বকা খাওয়ার ভয় ছিল সামান্য, তবে তা ঝাঁজালো নয়, মিষ্টি বকা। মনে মনে ভাবছিলÑ তার যে একটা ইনক্রিমেন্ট হয়ে বেতন কিছুটা বেড়েছে, তা সে মোটেও বলবে না লীনাকে।
এ সময় জিতু ফেরে বলে লীনার অ্যালার্ম ছাড়া ঘুম ভেঙে যায়। বিয়ের পর থেকেই টানাপড়েনে অবচেতন মনে তার জিতুকে সুখী করার সাধটা স্থায়ী হয়ে ঢুকে পড়েছিল। আজ জিতুর ফেরার সময়ে তুমুল ঝড়বৃষ্টি শুরু হলে আশঙ্কার প্রহর গুনছিল সে। মনে মনে বলছিল, ও যদি সহি-সালামতে ফেরে, তবে আজ একটু বকবে না। কিন্তু কলিংবেল বাজতেই, দরজা খুলে ঝাঁঝিয়ে উঠলÑ
‘এই ঝড়বৃষ্টিতে একটু আগে ফেরা যায় না? চাকরি করো, না গোলামি করো?’
লীনার ঝারি খেয়ে জিতুও ভুলে গেল মনে মনে কী ঠিক করেছিল। কিছুটুা কাঁচুমাচু করতে করতে বলে ফেললÑ
‘জানো লীনা, আজ আমার বেতন বেড়েছে!’