× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলরব ও স্বচ্ছতায়

কালের যাত্রার পথ

ইমতিয়ার শামীম

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:৩৮ পিএম

অলংকরণ: তানভীর মালেক

অলংকরণ: তানভীর মালেক

মফস্বল এক শহরে কয়েকটা ছড়া আর কবিতা নিয়ে এক ভাজপত্র ছেপেও তা লুকিয়ে ফেলতে হয়েছিল একদল কিশোরকে।

সাড়ে চার দশক আগের সেই ঘটনা মনে পড়ছে আজ এই লেখা লিখতে গিয়ে। শহরটির সবচেয়ে জাঁদরেল মিলমালিকের বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন। জনগণ ফুঁসে উঠেছিল শ্রমিকের এক সন্তানের মৃত্যু ঘটেছিল, রাজপথে মৃত্যু ঘটেছিল আরও কয়েকজনের। একদল কিশোরের আবেগ হয়তো একটু বেশিই ছিল, তারা সেসব নিয়ে ছড়া-কবিতা লিখে, কীভাবে যেন টাকাপয়সাও জোগাড় করে, ছাপিয়েছিল এক ভাজপত্র। সদ্য ছেপে আনা ছাপাখানার রঙ-কেরোসিনের ঘ্রাণমেশা সেই ভাজপত্র দেখে চোখ কপালে উঠেছিল ছাত্রনেতাদেরÑ কী করেছে এরা! আড়ালে দেনদরবার চলছে, তারা তখন চাইছেন আন্দোলন স্তিমিত করে ফেলতে। এরই মধ্যে এ রকম ছড়া-কবিতা তো আবারও ক্ষেপিয়ে তুলবে মানুষকে! অতএব বিলিবণ্টন আর বিক্রি করা দূরে থাক, পুড়িয়ে ফেলা হলো সেটির প্রায় সব কপি।

প্রায় সবই বলছি এ কারণে যে, ওটার ৩/৪টি কপি এখনও আমার পুরনো কাগজপত্রের ভিড়ে, কোথাও না কোথাও নিশ্চয়ই রয়ে গেছে। হয়তো আমাদের বন্ধুদের ২/১ জনের কাছেও আছে। থাকুক বা না থাকুক, ওই কিশোর বয়সেই নির্মম এক সত্য জানা হয়ে গেছে আমাদের, কখনও কখনও ছড়া-কবিতা কিংবা লেখাজোখা খুবই ভীতিকর। যে কারণে লেখককে শুধু রাষ্ট্র ও শাসকগোষ্ঠীরই নয়, চেনাজানা প্রতিবেশী বন্ধুরও চক্ষুশূল হয়ে যেতে হয়। চক্ষুশূল হতে হয় পাঠকেরও।

এমন হয়, Ñকেননা সাহিত্যিক যত নিরীহ কলমেই লিখুন না কেন, সে লেখায় নতুন কোনো নৈতিকতাবোধের আবেদন থাকতে পারে, থাকতে পারে মুক্তির মন্দ্রিত প্রত্যাশা, থাকতে পারে নতুন কোনো সমাজের আহ্বান, চিন্তার ইঙ্গিত। কখনও আবার এমনও হয়, Ñরাষ্ট্র কিংবা সরকার পর্যন্ত পৌঁছতে হয় না, প্রথানুগত জনতাই দাঁড়িয়ে যান লেখকের মুখোমুখি।

লেখককে তাই সর্বক্ষণ রক্তপাতের জন্যেও প্রস্তুত থাকতে হয়। প্রস্তুত থাকতে হয় নির্বাসনের জন্যে। প্রস্তুত থাকতে হয় নিঃসঙ্গ মৃত্যুর জন্যে। কারণ তিনি জানেন না, তার কোন শব্দ বা বাক্যের কে, কী অনুবাদ করবে। তিনি জানেন না উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার কোন লেখার কী ব্যাখ্যা দাঁড় করানো হবে। আর তাকেই বা সেজন্যে কী মূল্য দিতে হবে। অনেক আগের কথা মনে পড়ছে, Ñশত ভাগ হালাল পাকিস্তান গড়ে তুলতে হবে। পূর্ব বাংলায় তখন তাই চলছে মহাসমারোহে রবীন্দ্রনাথ ঠাকুরকে জনজীবন ও জনসংস্কৃতি থেকে বিচ্ছিন্ন ও বিতর্কিত করে তোলার নানা আয়োজন। সামাজিক ও সাংস্কৃতিকভাবে তার রচনা ও সংগীত বর্জন করার প্রচারণাও চলছে মহাসমারোহে। ওই সময়, ১৯৬৫-৬৬ সালের দিকে, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ নামে একটি প্রবন্ধ লিখেছিলেন শিক্ষাবিদ আবুল ফজল। নানা উদাহরণ টেনে এনে তিনি ওই প্রবন্ধে বলতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন না। বরং তিনি ওই সময়ের প্রেক্ষাপটে ইসলাম ধর্মাবলম্বী বাঙালিদের যতটুকু সম্ভব বুঝবার চেষ্টা করে গেছেন, শিক্ষিত মুসলমানরাও তাকেও শ্রদ্ধা করতেন। যুক্তি দিয়ে এ লেখার সমালোচনা করতে না পেরে, তখন একটি পত্রিকাতে তার এ প্রবন্ধটি সম্পর্কে মন্তব্য করা হয়েছিল, ‘এমন পাক-ভারত বিরোধ আর যুদ্ধের দিনে এ ধরনের প্রবন্ধ লেখা আর প্রকাশ করা উচিত হয়নি।’

বাংলাদেশেও এ রকম কম ঘটেনি। যখনই কোনো লেখাকে বিশেষ কোনো গোষ্ঠী ‘হুমকি’ বলে মনে করেছে আর লেখক সেজন্যে সমালোচিত হয়েছেন, বুলিংয়ের শিকার হয়েছেন, তখনই বোঝা গেছে, কত বেশি নিঃসঙ্গ তিনি! প্রবল প্রতাপান্বিত তারই সহযোগী বন্ধু লেখকদের তখন বলতে দেখা গেছে, ‘ওনার কী দরকার ছিল, এ রকম একটি স্পর্শকাতর সময়ে এ রকম কিছু লেখার?’ 

কিন্তু লেখক জানেন, তার জন্যে প্রতিটি মুহূর্তই স্পর্শকাতরতায় ভরা। লেখার জন্যে স্পর্শকাতরতাহীন সময় যারা খুঁজে ফেরেন তাদের প্রত্যেকেই আসলে সেই সংস্কৃত কবি গোবিন্দ ভট্ট। মধ্যযুগে, ষোড়শ শতাব্দীতে ভারতবর্ষের সম্রাট আকবর ছিলেন এই কবির প্রধান পৃষ্ঠপোষক। সেই যুগে শিল্পী-সাহিত্যিকরা জীবনধারণ করতেন মূলত রাজানুগ্রহেই। বিদ্রুপাত্মকই বলি আর উপদেশমূলকই বলি, আমাদের সমাজের একটি বহুল প্রচলিত প্রবাদ, ‘নুন খাও যার, গুণ গাও তার’; কে জানে, এমন কবি-সাহিত্যিকদের কৃতজ্ঞতার কালিতেই হয়তো সেটি লেখা হয়েছে। গুণ গাওয়া তাদের জন্যে ছিল অপরিহার্য, না হলে উনুনে আগুন জ্বলত না, হাঁড়ি চড়ত না। উনুনে আগুন জ্বালাতে আর হাঁড়ি চড়াতে, এবং বলা যায় না, হয়তো সত্যি-সত্যি হৃদয়ের আঁকুতি থেকেই, রাজা-রাজড়াদের গুণগান গাইতেন তারা, থাকতেন বিশ্বস্ততা এবং এর বিনিময়ে তাদের পাতে জুটত দুর্লভ ‘নুন’। স্তব রচনা করতেন তারা, তাই তাদের স্তাবকও বলা হতো; এ শব্দটিতে যে প্রচণ্ড নেতিবাচকতা যুক্ত হয়েছে, তারও উৎস হয়তো অতীতের ওই সময়। তা যা হোক, গোবিন্দ ভট্ট সম্রাট আকবরের এত বড় স্তাবক ছিলেন যে, নিজের পরিচয় দিতেন ‘আকবরীয়া কালিদাস’ নামে।

সঙ্গত কারণেই এবার আমরা মনে করতে পারি অন রে দ্য বালজাকের কথা। রাজা-বাদশাদের ফ্রান্স শাসনকালের এই মানুষটির অভাব আর দারিদ্রতার খবর গিয়ে পৌঁছেছিল ফ্রান্সের সম্রাটের কানেও। বালজাকের জন্যে তাই পাঁচ হাজার ফ্রাঙ্ক সাহায্য পাঠাতে চেয়েছিলেন তিনি। বালজাক এতগুলো ফ্রাঙ্ক পাওয়ার সুযোগ দমন করেছিলেন এবং রাজার সহযোগিতার আকাঙ্ক্ষাকে নাকচ করে দিয়েছিলেন। তাকে বলে পাঠিয়েছিলেন, ‘আমি তো ভিখারি না, আমি একজন লেখক। এমনকি ফ্রান্সের রাজা দিলেও ভিক্ষা নেয়া আমার পক্ষে সম্ভব নয়।’ আর ইরানের কবি হাকিম আবুল কাশেম ফেরদৌসী তুসির ঘটনা তো বহুল প্রচারিত। পারস্য সম্রাট সুলতান মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল ‘শাহনামা’র প্রতিটি শব্দের জন্যে তাকে দিতে হবে একটি করে স্বর্ণমুদ্রা। সেই হিসাবে ‘শাহনামা’র মূল্য শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল ৬০ হাজার স্বর্ণমুদ্রা। কিন্তু সম্রাট তাকে স্বর্ণমুদ্রার বদলে রৌপ্যমুদ্রা দিয়েছিলেন। তিনি তখন সেসব মুদ্রা বিলিয়ে দিয়েছিলেন তার গৃহকর্মীদের মধ্যে। ঘটনাটি জানাজানি হওয়ার পর কবির ওপর নেমে আসে রাজআক্রোশ। পালিয়ে বেড়াতে হয় তাকে, মৃত্যুও ঘটে পলাতক অবস্থাতেই। পরে সুলতান মাহমুদ নাকি তার ভুল বুঝতে পারেন এবং ফেরদৌসীর মেয়ের কাছে ৬০ হাজার স্বর্ণমুদ্রা পাঠিয়ে দেন। কিন্তু তার মেয়েও সেই মুদ্রা নিতে আর রাজি হননি।

রাজা-রাজড়াদের কাল চলে গেছে, লেখক-সংস্কৃতিজন এখন রাষ্ট্র ও সরকারের কাছ থেকে আনুকূল্য নেন বিভিন্ন উপায়। সমাজের আরও অনেকের মতো আমিও জানি বা বুঝি, কোনো কোনো সময় মানুষের আর্থিক দুর্গতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে যে, তাকে আর্থিক সহযোগিতা নিতে হতে পারে। এ প্রসঙ্গে এ দেশের শক্তিমান দু’চারজন সাহিত্যিকের উদাহরণও টানা সম্ভব। কিন্তু তা অনাবশ্যক। কেননা এ লেখার উদ্দেশ্য কারও সমালোচনা করা নয়, কোনো ব্যক্তিবিশেষের অসঙ্গতি নিয়ে ঢাকঢোল পেটানো নয়। বালজাক, ফেরদৌসীদের কথা এ কারণেই বলা হচ্ছে, যাতে শুধু লেখকরা নন, যে কোনো মানুষই আদর্শ ও নৈতিকতাকে সততার সঙ্গে ধারণ করার উদাহরণ খুঁজে পান; যতদিন ও যতভাবে সম্ভব উদ্দেশ্যপ্রণোদিত আনুকূল্য নেয়ার পরিস্থিতি অগ্রাহ্য ও উপেক্ষা করতে পারেন।

অনেকেরই ধারণা নেই, নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার নামে চাপিয়ে দেয়া জাতীয় পরিচয়পত্র নামক কার্ডটি যেমন কোনো ব্যক্তিকে সবচেয়ে বেশি অনিরাপদ করে তোলে এবং রাষ্ট্র-সরকারের নজরদারি-খবরদারির মধ্যে ফেলে দেয়, ঠিক তেমনি খ্যাতিও আসলে ব্যক্তিগত জীবনকে বিপণ্ন করে, নিরাপত্তাহীন করে তোলে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসই বোধকরি বলেছিলেন, বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় সমস্যা হলোÑ একবার বিখ্যাত হয়ে গেলেন তো সারা জীবনই আপনাকে সেই খ্যাতি রক্ষার সংগ্রাম করে যেতে হবে। তাই খ্যাতির চাপকে সার্থকভাবে উপেক্ষা করতে পারাই লেখক হিসেবে জীবন্ত থাকার সবচেয়ে বড় উপায়। 

তবে সেরকম থাকা আমাদের বেশির ভাগ লেখকের পক্ষে সম্ভব হয় না। আর সে কারণেই আমাদের আশপাশে দিন দিন গোবিন্দ ভট্টের আনাগোনা বেড়ে চলেছে। গত কয়েক দশকে এ দেশে মধ্যবিত্ত শ্রেণির বেশ বড় রকম সম্প্রসারণ ঘটেছে, দেশে সামগ্রিকভাবে শিক্ষিতের সংখ্যাও বেড়েছে, শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে তুলনামূলকভাবে কম-বেশি সচ্ছলতাও এসেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনে বা সরকারি নীতিনির্ধারক মহলেও শক্তিশালী বলয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন এই শ্রেণিটি। সাহিত্য চর্চায় যারা আসছেন, এই মধ্যবিত্ত শ্রেণি থেকেই আসছেন। তাদের বড় অংশটিরই এখন বিত্ত না থাকুক, অন্ততপক্ষে অন্ন-বস্ত্রের অভাব নেই। জীবন ধারণের জন্যে ভাত-নুন দাতাদের স্তবগান হয়তো তাদের গাইতে হচ্ছে না; কিন্তু স্তব রচনা করতে হচ্ছে ‘বড়’, ‘উঁচু মাপের’ কিছু একটা হিসেবে স্বীকৃতি পাওয়ার মোহে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘বাবু যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ’; বোধকরি নিজের জীবনঅভিজ্ঞতা দিয়েই লিখেছিলেন। আমাদের লেখক মোসাহেবরাও এখন মুখিয়ে আছেন সেই পারিষদ দলভুক্ত হতে, কেবল দুই পায়ে নয়, কেবল চার হাত-পায়ে নয়, প্রতিটি রোমকূপ-লোমকূপ সমেত। তাদেরই দেখা যাচ্ছে আগবাড়িয়ে রাষ্ট্রশক্তি ও সরকারপক্ষের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে। লক্ষ্য একটিইÑ নিজের অর্থনৈতিক বলয়টিকে স্থিতিশীল রাখা আর প্রাপ্য না হলেও নানারকম প্রাপ্তিতে নিজেকে ভরিয়ে তোলা। তারা আসলে ডি এল রায়ের সেই দেশপ্রেমিক ‘নন্দলাল’। 

এখানে এসে মনে পড়ছে, সামন্তকালেরই আরেক কবি আল-ফারাজদাককে। তিনিও বেঁচেছিলেন রাজার পৃষ্ঠপোষকতাতেই। কিন্তু তারপরও তিনি কী কবি হিসেবে, কী একজন মানুষ হিসেবে শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন প্রজাদের। গবেষক ও ভাষাতত্ত্ববিদদের মতে, যদি ফারাজদাকের কবিতা না থাকত, তা হলে আরবি ভাষার এক-তৃতীয়াংশই কালের গহ্বরে হারিয়ে যেত। ৭১৭ সালে বা ৯৯ হিজরিতে তিনি বাদশাহ সোলেমানের সফরসঙ্গী হয়ে যাচ্ছিলেন রাজধানী দামেস্ক থেকে মক্কা শহরে। মদিনায় বিশ্রাম নেয়ার জন্যে থেমেছিলেন তারা। তখন বাদশাহ সোলেমান ও তার সভাসদদের সামনে শ’চারেক গ্রিকবন্দিকে নিয়ে আসা হলে রাজা তার সভাসদদের হাসতে হাসতে নির্দেশ দেন, বন্দিদের ওপর তলোয়ার-অনুশীলন করতে। যাতে তিনি জানতে পারেন তলোয়ার চালনায় কে কত পারদর্শী। সভাসদদের সবাই তখন মেতে ওঠেন এক কোপেই মানুষের মুণ্ডু ও ধড় আলাদা করে ফেলার এক ভয়ঙ্কর খেলাতে। কিন্তু আল-ফারাজদাক তলোয়ার চালিয়ে ধড় আর মুণ্ডু আলাদা করা দূরে থাক, খোঁচা দিতে গিয়েই বার বার থেমে যাচ্ছিলেন। তার এ অবস্থা দেখে সবাই হাসতে থাকেন। আর তলোয়ার চালাতে না পারলেও অকস্মাৎ তাদের দিকে তাকিয়ে এই কবি ছন্দোবদ্ধ এমন সব বাক্য উচ্চারণ করতে থাকেন, যা শুনে সবার মুখের হাসি মিলিয়ে যায়, থুতনি নেমে আসে নিচের দিকে। প্রাবন্ধিক, ঔপন্যাসিক আবুল ফজল এই ঘটনার বর্ণনা দিয়ে তার এক গ্রন্থে লিখেছিলেন, তার কাছে মনে হয়, ধার্মিক এবং সাহিত্যিকের মধ্যে পার্থক্য এখানেই। ধর্মান্ধ ধার্মিক তার ধর্মের জন্যে প্রতিপক্ষকে অনায়াসে খুন করে ফেলতে পারেন, কিন্তু সাহিত্যিকের পক্ষে তা সম্ভব নয়।

ইতিহাসের এমন ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মধ্যযুগে রাজার পৃষ্ঠপোষকতায় বসবাসকারী মেরুদণ্ডহীন কবি-সাহিত্যিক আর শিল্পীদের নিয়ে আমাদের ধারণা সব সময় সঠিক নয়। এমন ঘটনা বলে ওঠে, রাজদণ্ডই যখন শেষ কথা ছিল, তখনও কবি-সাহিত্যিকদের যে সাহস ছিল, এখনকার খুব কম কবি-সাহিত্যিকেরই তেমন সাহস আছে। অবশ্য সাহিত্যিকদের এমন সাহসও আমরা অনেক সময় দেখে থাকি, যা আসলে তাদের অজ্ঞতা থেকে উৎসারিত হয়। আবার কারও কারও সাহসিকতাও আসলে নতুন এক মোসাহেব হওয়ার প্রস্তুতি মাত্র; যা উপলব্ধি করা যায় প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে দিয়ে।

প্রসঙ্গত মনে পড়ছে, রাজনীতির সাতে-পাঁচে না থাকা লেখক টমাস মানের কথা। নাৎসিরা রাষ্ট্রক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে তিনি আশ্রয় নিয়েছিলেন সুইজারল্যান্ডের জুরিখ শহরে। কিন্তু তারপরও তাকে নাৎসিবাদের সমালোচনা করতে দেখা যায়নি। তা নিয়ে আড়ালে-আবডালে বিভিন্ন আড্ডায় সমালোচনাও করা হতো। কিন্তু শেষ পর্যন্ত ১৯৩৬ সালে টমাস মান যখন মুখ খুললেন, তখন যেন বিস্ফোরণ ঘটল। ওই সমালোচনার কারণে হিটলারের জার্মানিতে টমাস মানের সব বইপত্র নিষিদ্ধ করা হয়। 

মানুষের জন্যে ট্যাবু ভেঙে অর্থবোধময় স্বরে সত্য কথাটি বলতে পারেন কেবল লেখক-শিল্পীরা। সেই লেখকই যদি কখনও মোসাহেব ও হবু মোসাহেবে পরিণত হন, তখন আশা করবার মতো আর কিইবা থাকে! তবে কখন তিনি সেই ট্যাবু ভাঙবেন, কিংবা আদৌ ভাঙবেন কি না, তা নিয়ে তার ওপর চাপ সৃষ্টি করারও কোনো দরকার আছে বলে মনে হয় না। কারণ কথা বলবার জন্যে তিনি যে ভাষা নির্মাণ করেন, সেটির প্রস্তুতি আর নির্মাণযজ্ঞ একান্তই তার নিজের ব্যাপার। কোনো স্থানই শূন্য থাকে না, নীরবতা দিয়ে তিনি যে শূন্যতা সৃষ্টি করছেন, সেই শূন্যতাও হাওয়ায় মিলিয়ে যাবেÑ সেটি জেনেও লেখক যদি নিশ্চুপ থাকেন, সেটিরও নিশ্চয়ই কোনো অর্থ আছে। তার সেই নীরবতা নিয়ে জোরাজুরি করার কোনো দরকার আছে কি?



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা