আমি যখন অল্প বয়সে নন্দিত নরকে (১৯৭২) পড়ি, আবেগে বিবশ হয়ে পড়েছিলাম। থাকতাম প্রত্যন্ত গ্রামে, অভাবক্লিষ্ট মানুষের নিত্য টানাপড়েন, দুঃখ-দারিদ্র্য ভরা সংসার।
আর্থিক মাপে মধ্যবিত্তের সচ্ছল জীবনের সঙ্গে আমার তখনও কোনো পরিচয় ছিল না। পড়ালেখার প্রয়োজনে শহরে এসে ভাইবোন-পরিবারহীন, অনাত্মীয়-অচেনা পরিবেশে বসবাস করতে গিয়ে আমি বেশ ভাববিহ্বল হয়ে পড়ি। তখন নন্দিত নরকে উপন্যাসটির মা-বাবা, বড়ছেলে খোকা, মন্টু, রাবেয়া, রুনু, মাস্টার কাকা নিয়ে পরিবারটির কাহিনী আমাকে ভেতর থেকে বেশ নাড়া দেয়। ততদিনে নগরের মধ্যবিত্ত শ্রেণির সঙ্গে আমার পরিচয় ঘটে যায়। শহরের অভিজাতপাড়ায় যাওয়া-আসার সূত্রে উচ্চবিত্ত শ্রেণির বৈশিষ্ট্য সম্পর্কেও আমার জানা হয়। মধ্যবিত্ত সমাজের শ্রেণিগত পরিচয় স্পষ্ট করা দরকার। শ্রেণিগত ধারণার মূলভিত্তি অর্থনৈতিক। বিদ্যমান সমাজে প্রত্যেকটি মানুষ একটি অর্থনৈতিক ভিত্তির ওপর বসবাস করে। উৎপাদন ও বণ্টনব্যবস্থা এবং উৎপাদনের ওপর কতটা অধিকার রয়েছে, সেই অনুযায়ী ব্যক্তির শ্রেণিগত অবস্থান নির্ভর করে। প্রাচীন সমাজ ছিল শ্রেণিহীন। শিল্পবিপ্লবোত্তর ইউরোপীয় সমাজে পুঁজির বিকাশ এবং মালিক-শ্রমিক অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষাপটে মার্ক্সীয় দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদের (Dialeclical and Historical Materialism) অন্যতম আবিষ্কার শ্রেণিসংগ্রাম তত্ত্ব। কমিউনিস্ট ম্যানিফেস্টোর শুরুতে বলা হয়েছে, ‘এ যাবৎ বিদ্যমান সমস্ত সমাজের ইতিহাস মূলত শ্রেণিসংগ্রামের ইতিহাস।’ কার্ল মার্ক্স সমাজের তিনটি শ্রেণির কথা বলেছেনÑ (১) মালিক, (২) শ্রমিকÑ এ দুয়ের মধ্যবর্তী সুবিধাভোগী হচ্ছ মধ্যবিত্ত শ্রেণি। ‘কায়িক শ্রম পরিহারকারী ও অপরের শ্রম আত্মসাৎকারী অথবা কায়িক শ্রমজীবীদের শ্রমের ওপর প্রধানত নির্ভরশীল এবং প্রচুর বিত্ত বা বৃহৎদায়ন উৎপাদন উপকরণের মালিকানাহীন ব্যক্তি মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত।’ (মুহম্মদ ইদরিস আলী : ১৯৮৫, পৃ : ২) মুহম্মদ ইদরিস আলী তার ‘বাংলাদেশের উপন্যাস সাহিত্যে মধ্যবিত্ত শ্রেণি’ (১৯৮৫) গ্রন্থে মধ্যবিত্ত শ্রেণির চারটি উপবিভাগ দেখিয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভূমিব্যবস্থা, বাণিজ্য ও শিক্ষাকে কেন্দ্র করে মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ ঘটে। দেশ বিভাগ (১৯৪৭) পরবর্তী মধ্যবিত্ত শ্রেণির বিকাশ অব্যাহত থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মধ্যবিত্ত শ্রেণির রূপান্তর ঘটে এবং স্বাধীন বাংলাদেশে নাগরিক মধ্যবিত্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এই নাগরিক মধ্যবিত্তের স্বরূপ কিন্তু আলাদা। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পুঁজি করে মূলত উৎপাদন ও কায়িক শ্রমহীন জীবিকা অর্জন করে, কর্মসূত্রে নগরেই অবস্থান করে, তাদেরকেই নাগরিক মধ্যবিত্ত শ্রেণি বলা হয়। শ্রেণিগত বৈশিষ্ট্যের দিক থেকে এরা শিক্ষিত, সচেতন, ধর্ম-সংস্কৃতি-মূল্যবোধাশ্রয়ী সুবিধাভোগী সমাজ ও রাষ্ট্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই শ্রেণি পরিশ্রমবিমুখ, যে কোনোভাবে বিত্তবৈভব অর্জন করতে চায়। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকের শ্রেণি উত্তরণ ঘটেছে। এই মধ্যবিত্ত পরিবারের চার দেয়ালে যে সুখ-দুঃখের দৃশ্যমান চালচিত্র প্রকাশের অপেক্ষায় ছিল, গোপন আনন্দ আর লুকানো অশ্রু ছিল, হুমায়ূন আহমেদ সেই মধ্যবিত্ত শ্রেণিকে তার গল্প কথায় তুলে ধরেন। না, কোনো তত্ত্ব বা রাজনৈতিক বিশ্বাসের চশমা দিয়ে তিনি মধ্যবিত্তকে দেখেননি। শ্রেণিচেতনা বা মতাদর্শগত দ্বন্দ্বকেও তিনি সাহিত্যে স্থান দেননি। যদিও তার চোখের সামনেই ঘটেছে অনেক রাজনৈতিক উত্থান-পতন, ইতিহাস পাল্টে দেওয়ার মতো রক্তাক্ত ঘটনা ঘটতে তিনি দেখেছেন।’ (আহমেদ মাওলা (২০১৪) হুমায়ূন আহমেদ : সৃষ্টিশীলতার শিল্পসূত্র, পৃ. ২৪) হুমায়ূন আহমেদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য-ভুবনে হাজির হয়ে নতুন সাহিত্য-রুচির স্বাদ দিয়েছিলেন। নব্বই দশকে টেলিভিশন নাটকের সুবাদে তার জনপ্রিয়তা এতোই তুঙ্গ উঠেছিল যে, নতুন প্রকাশিত একটা উপন্যাস এক বইমেলায় চল্লিশটি সংস্করণ বিক্রি হতেও দেখা গেছে। ‘জনপ্রিয়’ হওয়াকে আমাদের এখানে কেন-জানি এক ধরনের সন্দেহের চোখে দেখা হয়! হুমায়ুন আজাদ একবার লিখেছেন, ‘সুখ-দুঃখ মধ্যবিত্তের দুটি আরামদায়ক দাদের মতো। হুমায়ুন-মিলনের মতো জনপ্রিয় লেখকরা কাজ করেন এই দুই ঘা নিয়ে। তাই তারা জনপ্রিয়। হুমায়ুন আজাদ তাদের উপন্যাসকে ‘অপন্যাস’ বলে বিদ্রূপ করেছেন। হুমায়ুন আজাদের সিদ্ধান্ত হচ্ছে, হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলন তরুণ-কোমলমতিদের কাঁচা আবেগ নিয়ে কারবার করেন। এর বিপরীতে অছে সিরিয়াস সাহিত্যের (আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, মাহমুদুল হক প্রমুখের ধারার) সবুজপত্র, কল্লোল, কালি-কলম পত্রিকা পূর্বের সাহিত্য-রুচিকে অভিঘাত করে নতুন সাহিত্য-রুচি উপহার দিয়েছিলেন। সাহিত্যে রুচি বদলের এই নিকট নজির থেকে স্পষ্ট বোঝা যায়, স্রোতে গা ভাসিয়ে লেখার উপায় নেই। পৃথিবীতে সাহিত্যের রুচি বদলানোর কাজটা কোনো একক প্রতিভাবানের পক্ষে সম্ভব নয়। ‘লিটল ম্যাগাজিন’ বা কোনো পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা লেখক গোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় হয়তো নতুন সাহিত্যধারা তৈরি করা সম্ভব। প্রচলিত সাহিত্য ধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দৃশ্যমান যুগলক্ষণ নিয়ে পাঠকের সামনে হাজির হওয়া এক্ষেত্রে প্রধান কাজ। ‘সাহিত্যে চাবুক’ কথাটা প্রমথ চৌধুরী ব্যবহার করেছিলেন। ‘মিথ্যা যখন সমাজে আশকারা পেয়ে সত্যের আসন অধিকার করে বসে’ তখন সমাজের পিঠে চাবুক মারতে হয়। কোনো ব্যক্তির পিঠে চাবুক অনাচার কিন্তু মিথ্যা-আশ্রিত সমাজকে কষে চাবুক মারাটা শ্রেয়বোধ ও সুনীতির কাজ। চাবুকের কষাঘাতে যে অন্তর্নিহিত জিনিসটা বেরিয়ে আসবে, তা-ই খাঁটি মাল, বাকি সব ঝুট। করুণ রস, হাস্যরস এবং মধুর রস, এই তিন রসের বাহিরে যা আছে, তা নীরস। দর্শন, বিজ্ঞানের লেখা নীরস হলেও ক্ষতি নেই, কারণ রোগীর জন্য তিক্ত ঔষধই স্বাস্থ্যপ্রদ কিন্তু সুস্থ লোকের জন্য চাই পাকা ফলের সুস্বাদু রস, যা পান করলে দেহের পুষ্টি আর মনের তুষ্টি হয়। যুগের সাহিত্য-রুচি গড়ে তোলার ক্ষেত্রেও পাঠকের জিহ্বার চাহিদা নয়, নজর দিতে হবে মননের উৎকর্ষ ও মেধার পরিচর্যার দিকে। দুঃখজনক হলেও সত্য, সমকালীন পত্রপত্রিকায় গ্রন্থালোচনা প্রায় ওঠে গেছে। মাঝে মাঝে দু-একটি যা চোখে পড়ে, তাও ‘মলাট-আলোচনা’র ছদ্মাবেশে একতরফা প্রশংসার বিজ্ঞাপন ছাড়া কিছু নয়। সেই অর্থে আমাদের দেশে ‘বুক রিভিউ’ বা পুস্তক সমালোচকও নেই, তবে ‘বই পরিচিতি’ লেখার লোক তো আছে। এখানে লেখক আছে বেসুমার কিন্তু পাঠক নেই! বইয়ের দোকানে ক্রেতা নেই, দেশে সাহিত্যের বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে। গলিতে গলিতে নতুন নতুন খাওয়ার দোকান খোলা হচ্ছে, এ জাতির দেহের ক্ষুধা বাড়ছে, মনের ক্ষুধা কী মরে যাচ্ছে ? মাঝে মাঝে এমন সংশয় হয়, আমাদের সাহিত্য কী ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে?
হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস ‘নন্দিত নরকে’ (প্রথম প্রকাশ ১৯৭২, প্রকাশক খান ব্রাদার্স, ঢাকা। (প্রথম সংস্করণের প্রচ্ছদ শিল্পী মুহম্মদ জাফর ইকবাল) বিষয় ও আঙ্গিকের দিক থেকে সহজ ভাবনার উপন্যাস। মধ্যবিত্ত পরিবারের খুব পরিচিত জীবনকে উপজীব্য করে এর কাহিনী গড়ে উঠেছে। কাহিনী একান্ত ঘরোয়া, পরিবার কেন্দ্রিক। পরিবারের বড় ছেলে খোকা উত্তম পুরুষে কাহিনী বিবৃত। যেন লেখক নিজের পরিবারের কাহিনী বর্ণনা করছেন, এমন অন্তরঙ্গতার পরিচয় পাওয়া যায় বর্ণনাতেÑ
‘রাবেয়া ঘুরে ঘুরে সেই কথা ক’টিই বারবার বলছিল।
... আমি চুপ করে রইলাম। বাধা পেলেই রাবেয়া রাগ করবে। কী হয় বললে?
আমি কাতর গলায় বললাম, সে ভারি লজ্জা, রাবেয়া এটা খুব একটা লজ্জার কথা।
তবে যে ও আমাকে বললো।’ পৃ. ৯
রাবেয়ার উচ্চারিত লজ্জার কথাগুলো কী? কতটা অশ্লীল, লেখক কিছুই উল্লেখ করেননি। পাঠককেই তা কল্পনা করে নিতে হচ্ছে। গল্প বলার এই নির্লিপ্ত, সংহত, মিতবাকভঙ্গিই হুমায়ূন আহমেদের শৈল্পিক কৌশল। আত্মকথনে তরতর করে এগিয়ে যায় গল্পÑ
‘বাবা মাঝ রাত্তিরে আমার দরজার ঘা দিয়েছিলেন।
তোর কাছে অ্যাসপিরিন আছে খোকা?
তোশকের নিচে আমার ডাক্তারখানা। অ্যাসপিরিন, ডেসপ্রোটেবÑ এই জাতীয় ট্যাবলেট জমানো আছে। অন্ধকারেই আমি মাঝারি সাইজের টেবিলেই খুঁজতে লাগলাম। বাবা বললেন, খোকা পেয়েছিস?
হুঁ। কী হয়েছে?
তোর মার জ্বর।
...বাবার গলা শোনা গেল, নাও শানু খেয়ে ফেলো ট্যাবলেটটা। আশ্চর্য! বাবা এমন আদুরে গলায় ডাকতে পারেন। আমার লজ্জা লাগল। বাবা আবার ডাকলেন, শানু, শানু।
শাহানা নামটাকে কী সুন্দর করে ভেঙে শানু ডাকছেন বাবা। আমার আর বাবার ঘরের ব্যবধানটা বাঁশের বেড়ার ব্যবধান। উপরের দিকে প্রায় দু’হাত খানিক ফাঁকা। সামান্যতম শব্দের কথাও আমার ঘরে ভেসে আসে। আমি একটা চুমুর শব্দও শুনলাম। ... মা বললেন, শুভাপুরের পীর সাহেবের কাছে যাবি একবার? শুভাপুরে এক পীর সাহেব থাকেন। পাগল ভালো করতে পারেন বলে খ্যাতি। শুভাপুর এখান থেকে আট মাইল। সাইকেলে ঘণ্টা খানেক লাগে। কিন্তু আমি জানি, পীর-ফকিরে কিছু হবে না। বড় ডাক্তার যদি কিছু করতে পারে। কিন্তু আমাদের পয়সা নেই। আমার ছোট হয়ে যাওয়া শার্ট মন্টু পরে। আমরা কাপড় কিনি বছরে একবার, রোজার ঈদে।’ (পৃ : ১৩Ñ১৪)
এভাবে নিজের, নিজের মা-বাবা, ভাই-বোনের নিভৃত জীবন-যাপন শুধু উন্মোচিত হয় না, পরিবারের অর্থনৈতিক অনটনের স্বরূপও পাঠকের কাছে পরিদৃশ্যমান হয়ে ওঠে। এই যে জীবনঘনিষ্ঠ শৈল্পিক বাস্তবতা নির্মাণের দক্ষতা হুমায়ূন আহমেদ আয়ত্ত করেছিলেন, তা সত্যি বিস্ময়কর। ছোট ছোট বাক্যে মধ্যবিত্ত জীবনের সমূহ বাস্তব চালচিত্র ফুটে ওঠেÑ ‘তোর কাছে অ্যাসপিরিন আছে খোকা?’
‘তোর মার জ্বর’ ‘বাবা আবার ডাকলেন, শানু, শানু।’ ‘ঘরের ব্যবধানটা বাঁশের বেড়ার’ ‘আমি একটা চুমুর শব্দও শুনলাম।’
মা-বাবার জৈবিক জীবন, নিত্যতা, প্রাত্যহিকতার চলমান দৃশ্য এসব। তারপর পাগল ভালো করতে পারেন বলে শুভাপুরের পীরে খ্যাতি। তার কাছে যাওয়ার প্রসঙ্গের মধ্যে মধ্যবিত্ত জীবনের বিশ্বাস-সংস্কার স্পষ্ট হয়।
‘বড় ডাক্তার যদি কিছু করতে পারে। কিন্তু আমাদের পয়সা নেই।’
এবং ‘আমরা কাপড় কিনি বছরে একবার, রোজার ঈদে।’
এ দুটি বাক্যের মধ্যে মধ্যবিত্ত পরিবারের যে অর্থনৈতিক চেহারা ফুটে উঠেছে, সত্তর দশকের পটভূমিতে তা বস্তুনিরপেক্ষ বাস্তবতারই একান্ত ছবি। জীবনের প্রথম উপন্যাসেই হুমায়ূন আহমেদ মধ্যবিত্ত জীবনকে শিল্পভাষ্যে মুখর করে তুলেছেন।
মধ্যবিত্তের এ ছবি কারও কাছে অচেনা, অজানা নয়, হুমায়ূন আহমেদ এই চেনা পরিচিত জীবনকেই কাহিনীভাষ্যে রূপায়িত করেছেন। তার উপস্থাপনার মধ্যে নতুনত্ব আছে। দেখার দৃষ্টির মধ্যে বিশেষত্ব আছে। তা হচ্ছে ঘটনার আড়ালে লুক্কায়িত জীবনের সৌন্দর্য, সত্যের সন্ধান। এ সৌন্দর্য ও আনন্দ পাঠককেই খুঁজে নিতে হয়। আমাদের সাধারণ ধারণা, বাঙালি মধ্যবিত্তের জীবন সীমাবদ্ধ, সংকীর্ণ। সীমাবদ্ধ চৌহদ্দিতেই তাদের চলাফেরা। ভদ্র, বিনয়ী, তারা একটা পরিপাটি চেহারা নিয়ে বসবাস করে। ক্রম উন্নতির চেষ্টা করে ধনিক শ্রেণিতে উঠতে চায়। কেউ কেউ সফল হয়, দ্রুত উন্নতি করে। গুলশান, বনানী, বারিধারার অভিজাত এলাকায় ওঠে যায়। সমাজ ও রাষ্ট্রে নানা সুবিধার সঙ্গে আপস করে ধনিক শ্রেণিতে রূপান্তরিত হয়। অধিকাংশেরই বিত্ত ভেঙে বের হওয়ার সাধ আছে, সাধ্য নেই। তারা না ওপরে উঠতে পারে, না নিচে নামতে পারে। এই বিত্তাবদ্ধতাই মধ্যবিত্ত শ্রেণির প্রধান সংকট। ভবিষ্যৎ কী, তারা জানে না, কিন্তু তাদের সামনের দিকে চলতে হয়। হুমায়ূন আহমেদ দেখিয়েছেন, মধ্যবিত্ত জীবনেরও সীমা-পরিসীমার অন্ত নেই। উত্তরকালের অধিকাংশ উপন্যাসে তিনি তা স্পষ্ট করে দেখিয়েছেন। একই মাঠে যেমন বিবিধ ফসল ফলতে পারে, তেমনি একই শ্রেণির জীবনেও থাকে হাজারো সম্ভাবনা, সৌন্দর্য ও নান্দনিকতার ভিন্ন ভিন্ন ছবি। তার হাতে মধ্যবিত্তের জীবন রূপায়িত হতে থাকে এক শৈল্পিক অভীপ্সায়।
হুমায়ূন আহমেদের উপন্যাসের মৌলিক শিল্পসূত্র হচ্ছে ভেতরের গল্পত্ব, Story Telling বা গল্প বলার অসাধারণ কৌশল। তার উপন্যাসের ভেতরে একটা জমজমাট গল্প থাকে। গল্প ছাড়া উপন্যাস মূল্যহীন, অসার।
E M Forster Zvi Aspects of the Novel (১৯২৭) গ্রন্থে বলেছেন, ‘উপন্যাসের মৌলিক বিষয় হচ্ছে এর গল্প। অর্থাৎ কাহিনি হচ্ছে উপন্যাসের মৌলিক উপাদান, যা না থাকলে এর অস্তিত্বই থাকে না।’ [E M Forster : 1927, P.31) হুমায়ূন আহমেদের প্রত্যেকটি উপন্যাসে থাকে সুন্দর, নিটোল একটি কাহিনি। উপন্যাসের কাহিনির প্রতি তার যত্নশীল পরিচর্যা বিস্ময়কর। কাহিনি তিনি গড়ে তোলেন শরীরের মেরুদণ্ডের মতো। আদি-মধ্য-অন্ত খণ্ডিত কাহিনি হলেও কোন জায়গা থেকে তিনি কাহিনি শুরু করবেন, কোথায় গিয়ে সমাপ্তি টানবেন, ঔপন্যাসিক প্রবুদ্ধি দিয়ে হুমায়ূন আহমেদ তা নিয়ন্ত্রণ করেন। তিনি জানেন, উপন্যাসে পাঠক গল্প শুনতে চায়, সে গল্প হবে কৌতূহল-উদ্দীপক। পাঠকের গল্পপিপাসু মন আকস্মিক ঘটনার প্রত্যাশী, যা তার মনে কেবল উৎকণ্ঠা জাগিয়ে রাখবে। এরপর কী ঘটবে? হুমায়ূন আহমেদ পাঠক মনের এই জায়গাটায় খুব গুরুত্বের সঙ্গে শৈল্পিক পরিচর্যা করেছেন। অতি সূক্ষ্ম, সংক্ষিপ্ত সংলাপ কিংবা বাক্যের কুশলী প্রয়োগ করেন তিনি, যার মধ্যে তার অপূর্ব উদ্ভাবনী প্রতিভার পরিচয় পাওয়া যায়। আবেগকে যথাযথভাবে সংযত, সংহত, পরিশ্রুত করে কাহিনীর অনুকূলে প্রবাহিত করে দেওয়ার শৈল্পিক দক্ষতাই হুমায়ূন আহমেদকে সাফল্যের তুরীয় স্তরে পৌঁছে দিয়েছে।
ই এম ফস্টারের মতে, ‘স্টোরি-টেলিং’ হবে উপন্যাস গঠনের প্রধান মানদণ্ড।’ সেদিক থেকে বিচার করলে হুমায়ূন আহমেদের উপন্যাসের শিল্পত্ব লুকিয়ে আছে তার সুনিপুণ কাহিনী নির্মাণের মধ্যে।
কাহিনী বলতে আসলে কী বোঝায়?
কাহিনী হচ্ছে সময়ক্রম অনুসারে ঘটনাবলির বর্ণনা। অর্থাৎ প্রভাতের পর দুপুর, তারপর সন্ধ্যাÑ এই ধারাবাহিকতা থাকা। কাহিনীতে যা বলা হয়, তা হচ্ছে সময়ের অন্তর্গত জীবনের বর্ণনা। এই বর্ণনার মধ্যে একটা ‘বি-ন্যাস’ অর্থাৎ বিশেষভাবে বিন্যাস থাকতে হয়। কারণ ‘উপন্যাস’ শব্দটি গঠিত হয়েছে ‘ন্যাস’ শব্দের সঙ্গে ‘উপ’ উপসর্গ যোগে। ঔপন্যাসিককে তাই ঘটনা বিন্যাসে বিশেষ মনোযোগী হতে হয়। হুমায়ূন আহমেদের উপন্যাসের কাহিনীতে একের পর এক ঘটনা এমনভাবে বিন্যস্ত থাকে যে পাঠককে উৎকণ্ঠায় রেখে তার উদ্দীপ্ত কৌতূহলকে ব্যবহার করে অভাবনীয় সব ঘটনা ঘটান তিনি। এই আশ্চর্য কৌশলই হুমায়ূন আহমেদের ‘স্টোরি টেলিং’য়ের চৌম্বক শক্তি।
এ ছাড়া ভাষাগত দিকটি খতিয়ে দেখলে বোঝা যায়, হুমায়ূন আহমেদের উপন্যাসের প্রধান গৌরব হচ্ছে সাবলীল গদ্য। বিজ্ঞানের ছাত্র হলেও শুরু থেকেই হুমায়ূন আহমেদ ছোট ছোট বাক্যের স্বচ্ছন্দ গতিময় এক গদ্যভাষা রপ্ত করে নেন। নিরাভরণ, সহজ-সরল গদ্য। পঞ্চাশ ও ষাটের দশকেও আমাদের এখানে সাহিত্যের ভাষা ছিল আরবি, ফার্সি, তৎসম, তদ্ভব শব্দে মিশেল। স্বাধীনতা-উত্তর সত্তর দশকে হুমায়ূন আহমেদ উপন্যাস লিখতে এসে ওই প্রথাগত গদ্যের সড়কে পা বাড়াননি। হুমায়ূন আহমেদ নিজেই তৈরি করলেন তার উপন্যাসের কাহিনীর উপযোগী এক গদ্যভাষা, যা শীলিত, পরিমার্জিত, সাবলীল, সজীব, প্রাণবন্ত নাগরিক গদ্যভাষা। অজটিল, পরিপাটি প্রসাদগুণ এ ভাষার প্রধান বৈশিষ্ট্য।
যেমনÑ ‘মা অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। দরজা খোলা, চোখে পড়ল মায়ের বিছানায় রাবেয়া শুয়ে আছে। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, এবোরশন নাকি? কাকে দিয়ে কী করালেন? নাকি নিজে নিজে কিছু খাইয়ে দিয়েছেন? বাবা ধরা গলায় বললেন, খোকা তুই মাথায় একটু হাওয়া কর। আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি। রক্ত বন্ধ হচ্ছে না।
... আর কী আশ্চর্য বেলা ন’টায় চুপচাপ মরে গেল রাবেয়া। তখন চারদিকে শীতের ভোরের কী ঝকঝকে আলো।...
বারোটার দিকে ফিরে এলেন মাস্টার কাকা। সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার। আর মন্টু, দিনেদুপুরে অনেক লোকজনের মধ্যে ফালাফালা করে ফেলল মাস্টার কাকাকে একটা মাছ কাটার বঁটি দিয়ে। পাশের দোকান থেকে দৌড়ে এলো দু’তিনজন। একজন রিকশাওয়ালা রিকশা ফেলে ছুটে এলো। ওভারশিয়ার কাকুর বড় ছেলে জসীম দৌড়ে এলো। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন ‘হেল্প! হেল্প!’ চিৎকার শুনে বাইরে এসে দাঁড়াতেই আমি দেখলাম, বঁটি হাতে মন্টু দাঁড়িয়ে আছে। পেছন থেকে তাকে জাপটে ধরে আছে কজন মিলে। রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলছে নালায়। মন্টু আমার দিকে তাকিয়ে বলল, ‘দাদা ওকে আমি মেরে ফেলেছি।’ (নন্দিত নরকে, পৃ: ৪৭-৪৯)
‘নন্দিত নরকে’ উপন্যাসের মূল গল্প এইটুকুই কিন্তু কাহিনি বর্ণনায়, ঘটনা বিন্যাসে হুমায়ূন আহমেদের পরিমিতিবোধ, নির্লিপ্ত পরিবীক্ষণ আশ্চর্য হওয়ার মতো। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র খোকা। খোকার আত্মকথনে উপন্যাসের পুরো কাহিনী বর্ণিত। উদ্ধৃতির মধ্যে রাবেয়ার নিঃশব্দ মৃত্যু এবং মাস্টার কাকাকে মন্টু মাছ কাটার বঁটি দিয়ে ‘ফালাফালা’ করে হত্যা করার মতো হৃদয়বিদারক, মর্মান্তিক ঘটনা ঘটতে দেখেও খোকা নির্বিকার থাকে। তার মধ্যে আবেগের কোনো আতিশয্য নেই, উত্তেজনার বিদ্যুৎ চমক নেই। বরং সব ঘটনার যেন সে নীরব দর্শক এবং সাক্ষী। চরম মুহূর্তেও আবেগকে সংহত করে প্রকাশ করার অনবদ্য গদ্যভাষা পাঠককে বিমোহিত করে। যেমনÑ ‘বেলা ন’টায় চুপচাপ মরে গেল রাবেয়া তখন চারদিকে শীতের ভোরের কী ঝকঝকে আলো।’
মৃত্যুর বর্ণনা এত সংক্ষিপ্ত, নির্লিপ্ত হতে পারে, তা ইতঃপূর্বে দেখা যায়নি। এই যে সংক্ষিপ্ত কথন কিন্তু বিস্তৃত ভাবের প্রকাশ, এই বৈশিষ্ট্যই তার গদ্যভাষাকে দীপ্তি দিয়েছে। হুমায়ূন আহমেদের হাতেই বাংলাদেশের কথাসাহিত্য একটা জনমুখী চেহারা পেতে শুরু করে। যেমনÑ
‘দিনেদুপুরে অনেক লোকজনের মধ্যে ফালাফালা করে ফেলল মাস্টার কাকাকে একটা মাছ কাটার বঁটি দিয়ে।’
এই বাক্যের শব্দগুচ্ছ ‘দিনেদুপুরে’ ‘ফালাফালা’ ‘মাছ কাটার বঁটি দিয়ে’ একান্তই নাগরিক মধ্যবিত্তের পরিপাটি ভাষা। সত্তর দশকে, দেশ স্বাধীন হওয়ার পর, ঢাকা শহরকেন্দ্রিক যে শিক্ষিত নাগরিক মধ্যবিত্ত শ্রেণি গড়ে ওঠে, এই ভাষা সেই কল্লোলিত জীবনেরই সজীব, প্রাণবন্ত ভাষা। প্রথম প্রকাশিত উপন্যাস ‘নন্দিত নরকে’ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হুমায়ূন আহমেদের গদ্যভাষা ছিল এ রকম অকৃত্রিম, অনবদ্য, সাবলীল। সহজবোধ্য এ ভাষার মধ্যেই হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার রহস্য লুকিয়ে আছে। রম্যতার আমেজ, প্রচুর হিউমারই তার উপন্যাসকে জনপ্রিয় করেছে। আমার ধারণা, অফুরন্ত কৌতুকরস, বিরতিহীন বিনোদনের রম্যতা গুণই হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার প্রধান উৎস।