প্রচ্ছদ রচনা
ধ্রুব এষ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:০৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১৬:১৮ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
হুমায়ূন আহমেদ বৃষ্টি পছন্দ করতেন। আয়োজন করে বৃষ্টিতে ভিজতেন বা হুমায়ূন আহমেদ যা করতেন সেটাকেই মনে হতো ‘আয়োজন’।
জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮।
মৃত্যু ১৯ জুলাই ২০১২।
২০ জুলাই ২০১২ হুমায়ূন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে।
দ্বিতীয় জানাজা হয় ২৩ জুলাই। আমাদের জাতীয় ঈদগাহে। হুমায়ূন আহমেদের শবাধার তার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিলÑ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সকাল আন্দাজ ১০টা ২৫ থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল। মানুষ দেখেছি। বানের পানির মতো মানুষ আসছিল শুধু।
শ্রাবণ মেঘের ছিল সেই দিনটা। ৮ শ্রাবণ ১৪১৯ বঙ্গাব্দ। বিবর্ণ বেতফলের রঙ ছিল আকাশে। সকাল থেকেই ঝুপঝুপ বৃষ্টি হচ্ছিল। হুমায়ূন আহমেদ যদি থাকতেন ভিজতেন। খালি গায়ে, লুঙ্গি বুকের কাছে গিঠটু দিয়ে ভিজতেন। আয়োজন করে ভেজা। সব মানুষ সেই শ্রাবণের সকালে-দুপুরে শোকার্ত আয়োজন করে ভিজছিল। শবাধার ফুলে ঢেকে যাচ্ছিল, হুমায়ূন আহমেদের মুখ ঢেকে যাচ্ছিল।Ñআমি দূর থেকে দেখেছি। ফুল নিয়ে শহীদ মিনারে যাই নাই, শবাধারের কাছে যাই নাই। বসেছিলাম একটা নিকট দূরত্বে।
আলমগীর ভাই বলতেন ‘আমার পীরসাব।’ প্রতীক প্রকাশনার স্বত্বাধিকারী আলমগীর রহমানÑ হুমায়ূন আহমেদের বন্ধু। আলমগীর ভাইয়ের সঙ্গে আমার বিশেষ সখ্য ছিল। রঙ্গ করে আলমগীর ভাই হুমায়ূন আহমেদকেÑ ‘আমার পীরসাব’ বলতেন।
: আপনার পীরসাব কী বলল?
: আপনার পীরসাবের প্রচ্ছদ পছন্দ হইছে?
ইথারে সব কথা থেকে গেছে। আমার পীরসাব। জিন্দা পীরসাব। শবাধারে শায়িত আমার পীরসাবের নীল মুখ আমার দেখতে মন চায় নাই। আমি দেখি নাই।
শ্রাবণ মেঘের সেই দিনটা মনে আছে।