শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে আধুনিক অফলাইন ক্যাম্পাসের কার্যক্রম শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান ব্রিডিং গ্রাউন্ড
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি এবং সঠিক দিকনির্দেশনা দিতে ঢাকার মিরপুরে আধুনিক অফলাইন ক্যাম্পাসের কার্যক্রম শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান ব্রিডিং গ্রাউন্ড। মিরপুর-১১ মেট্রো স্টেশনের পাশের নতুন ক্যাম্পাসে আইইএলটিএস, স্পোকেন ইংলিশ এবং বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সমন্বিত সেবা দেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় এক জাঁকজমক পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও সৌম্য খান, ব্রিডিং গ্রাউন্ডের শিক্ষক, শিক্ষার্থী, মিডিয়াকর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সৌম্য খান গত পাঁচ থেকে ছয় বছর ধরে কানাডা থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের আইইএলটিএস প্রস্তুতি, ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন। দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য তিনি একটি কার্যকর ও সহজবোধ্য প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করেছেন।

ব্রিডিং গ্রাউন্ড জানিয়েছে, তাদের লক্ষ্য শুধু আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় সৎ, নিরপেক্ষ ও বাস্তবসম্মত ক্যারিয়ার কাউন্সেলিং নিশ্চিত করা।
নতুন ক্যাম্পাসে আধুনিক স্মার্ট আইইএলটিএস ক্লাসরুম, স্পোকেন ইংলিশ রুম, ল্যাঙ্গুয়েজ ল্যাব, প্রফেশনাল স্টুডিও, স্টাডি রুম, ক্যারিয়ার কাউন্সেলিং লাউঞ্জ, কনফারেন্স রুম, রিসেপশন ও ওয়েটিং লাউঞ্জ, প্রার্থনার স্থান, রিফ্রেশমেন্ট এরিয়া এবং প্রশাসনিক কার্যালয়সহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা গড়ে তুলতে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই ব্রিডিং গ্রাউন্ডের প্রধান লক্ষ্য।