আঁকা ও লেখা : নিবিড় নক্ষত্র
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৩:০৬ পিএম
আঁকা : নিবিড় নক্ষত্র
আমার নাম নিবিড় নক্ষত্র। আমি গ্রেড ওয়ানে পড়ি। আমি ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসি। আমার সবচেয়ে প্রিয় ফুটবলার হলো লিওনেল মেসি। আমি আর্জেন্টিনার একজন মস্ত বড় ভক্ত।
কদিন আগে আর্জেন্টিনার একটা খুব উত্তেজনার ম্যাচ ছিল মিসরের সাথে। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা কোনো গোল দিতে পারছিল না। এমনকি আমাদের মেসিও গোল মিস করছিল। উল্টো মিসর একটা গোল দিয়ে দিল! আমার বুকটা তখন দুরুদুরু করছিল। কষ্টে আর দুঃখে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি কেঁদেই ফেললাম আর মাকে বললাম, ‘আমি আর খেলাই দেখব না!’
কিন্তু মা আমাকে জড়িয়ে ধরে বলল, ‘ধৈর্য ধরো নিবিড়, চ্যাম্পিয়নরা কখনও হাল ছাড়ে না।’
ঠিক তাই হলো! শেষের দিকে আর্জেন্টিনা একদম বদলে গেল। মেসি একটা চমৎকার গোল করল আর আর্জেন্টিনা আরও একটা গোল দিয়ে ম্যাচটা জিতে গেল! আমি তখন খুশিতে চিৎকার করতে লাগলাম। আর নাচতে নাচতে সবাইকে বললাম, ‘আমরা জিতে গেছি! আমরা জিতে গেছি!’
ম্যাচ জেতার পরও কিন্তু আমার খুব টেনশন হচ্ছিল! পরের ম্যাচগুলোতে আর্জেন্টিনা যদি বাদ হয়ে যায়! তবে কী হবে? তখন মা আমাকে পুরান ঢাকায় তার নিজের ছোট বেলার গল্প শোনাল। মা তখন ছোট ছিল। নানুর কোলে চড়ে খেলা দেখত। তখন নাকি পুরো এলাকা আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকায় ছেয়ে যেত। আর একটা গোল হলে পুরো ঢাকা শহর কেঁপে উঠত!
মা আমাকে একটা খুব সুন্দর কথা শিখিয়েছে। মা বলেছে, খেলায় হার-জিত থাকবেই। আমরা দূর থেকে মেসি আর আর্জেন্টিনাকে মন ভরে ভালোবাসব। তবে অন্য দলও যদি অনেক কষ্ট করে ভালো খেলে জিতে যায় তাহলে আমরা তাদেরও তালি দিয়ে সম্মান করব।
এখন আমার মন থেকে সব টেনশন দূর হয়ে গেছে। আমি এখন মুচকি হেসে আর্জেন্টিনার পরের ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমি জানি, ফুটবল মানেই হলো এই সুন্দর আনন্দ!
গ্রেড ওয়ান, রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা