পল্লব শাহরিয়ার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৩:০৩ পিএম
অলংকরণ : তানভীর মালেক
আরে ও রুপাই, বলটা কোতায় দেক দিকিনি। খুঁজেই পাচ্ছি না। মেসিকে কত করে বল্লুম নেইমারকে বলটা দিয়ে যেতে, হতভাগা দু দুটো পেনাল্টি মিস করে কোতায় যে লুকিয়েছে। আর পারি না। রুপাই Ñ ও রুপাই।
রুপাইয়ের কানে এই মুহূর্তে কিছুই ঢুকছে না। কারণ দাদু আবার উল্টো পাল্টা বকতে শুরু করেছে। তার মন খুব খারাপ, কারণ রাতে এমবাপ্পেও পেনাল্টি মিস করেছে। সব বড় বড় তারকারা এবার পেনাল্টি মিস করছে। বিকাল তাদের পাড়ায় ফুটবল খেলা আছে। সে তার গ্রামের একমাত্র ভরসা। কীভাবে কীভাবে বল নিয়ে আরও দ্রুত গতিতে ড্রিবলিং করা যায়, কীভাবে প্রতিপক্ষকে আটকানো যায়, বা ফাঁকি দিয়ে বল তাদের জালে ঢুকানো যায়, সেসব নিয়ে এখন ব্যস্ত সে।
সে সময় দাদু আবার ডাকলেন রুপাই, ও রুপাই।
অনিচ্ছাসত্ত্বেও এবার রুপাই দাদুর কাছে গেল।
দাদুর কাছে যাওয়ার সাথে সাথে বললেন, তোর তো আজকে খেলা, কিন্তু বলটা যদি না পাই খেলবি কীভাবে?
দাদু তোমার ওই বল দিয়ে খেলা হবে না। মাঠে অন্য বল থাকবে। তুমি শুধু দোয়া করো। আর দাদু বল তোমার আলমারির নিচে। আমি এখন মাঠে যাচ্ছি, আজ আমাদের বড় ম্যাচ। এই বলে রুপাই বাসা থেকে বের হয়ে মাঠের দিকে গেল।
মাঠে তখন টানটান উত্তেজনা। দুই দলের সমর্থকদের চিৎকারে চারপাশ মুখরিত। রেফারি বাঁশি বাজাতেই খেলা শুরু হলো। বিপক্ষ দল শুরু থেকেই দারুণ খেলছে। পুরো মাঠ যেন তাদের নিজেদের দখলে। খেলার ২০ মিনিটের মাথায় রূপাইয়ের দলের গোলকিপার ভুল পাস দিয়ে বসল। আর এই সুযোগটাই কাজে লাগালো বিপক্ষ দলের স্ট্রাইকার। কেউ কিছু বুছে উঠার আগেই বল জালের ভেতর। ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিপক্ষের দল। মাঠে তাদের সমর্থকদের উল্লাস অনেক বেড়ে গেলে। রূপাই যেন আজ ঠিকমতো খেলতে পারছে না। পুরো গ্রামের লোকজন বার বার তার নাম বলে চিৎকার করছে। সবাই মাঠের বাইরে থেকে বলছে এভাবে না ওভাবে খেলতে, সে কি করছে সেগুলোও নিয়েও সবাই কথা বলছে। কেন গোল দিতে পারছে না, সেজন্য অনেকেই রেগে যাচ্ছে। এভাবে খেলতে খেলতে প্রথমার্ধ শেষ হলো ০-১ ব্যবধানে।
বিরতির পর রূপাই নিজেকে একটু সামলে নিল। সে বুঝতে পারল, খেলার মোড় ঘোরাতে হলে তাকেই কিছু একটা করতে হবে। রূপাই দলের আক্রমণের ধারা চেঞ্জ করল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায়, মাঝমাঠ থেকে রূপাই এক অবিশ্বাস্য ‘থ্রু বল’ বাড়িয়ে দিল নয়নের কাছে। নয়ন বল নিয়ে বক্সে ঢুকতেই প্রতিপক্ষের ডিফেন্ডার তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রেফারি সাথে সাথে বাঁশি বাজিয়ে ইশারা করলেন পেনাল্টির!
পুরো মাঠ মুহূর্তেই নীরব হয়ে গেল। রূপাই আজ পেনাল্টি কিক নেবে। গ্যালারিতে থাকা তার বন্ধুরা চিৎকার করে উঠল, রূপাই, বল পোস্টের ভেতরে মারিস, এবার আর আম গাছে নয়! আম গাছে বল মারার তার একটা গল্প আছে, সেটা আর একদিন। রূপাই গভীর শ্বাস নিল। সে গোলকিপারের চোখের দিকে তাকিয়ে তার শরীরের ভারসাম্য বুঝে নেওয়ার চেষ্টা করল। সে ডানে ঝাঁপাবে নাকি বামে? রূপাই বিদ্যুতগতিতে দৌড়ে এল এবং নিজের পায়ের ভেতরের আলতো ছোঁয়ায় বলটা গোলকিপারের বিপরীত দিকে জালে জড়িয়ে দিল। এখন স্কোর ১-১!
খেলা শেষের ঠিক ২ মিনিট বাকি। তখন রূপাইয়ের দল এক দারুণ কাউন্টার অ্যাটাক করল। রূপাই বল নিয়ে ড্রিবলিং করে বক্সের সামনে এসে দুর্দান্ত এক শট নিল, গোলকিপারের হাতে লেগে বলটি জালে আছড়ে পড়ল! ২-১ গোলে জয়ের বাঁশি বাজতেই রূপাই মাঠের ঘাসে আনন্দে আছড়ে পড়ল। বড় বড় সব প্লেয়ারদের পেনাল্টি মিসের সেই গ্লানি বিকালের এই জয়ে পুরোপুরি মুছে গেল। বাড়ি ফেরার পথে রূপাইয়ের পিছনে পুরো গ্রামের বড় থেকে ছোট সবাই মিছিল করতে করতে এসে বসল রহমত মিয়ার চায়ের দোকানে। একজন মুরুব্বিতো বলেই বসলো মেসি পেনাল্টি মিস করছে তো কি হয়েছে আমাদের রুপাই পেনাল্টি মিস করে নাই।