মুনিরা হাসান
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৮:০২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৮:৪৫ পিএম
তেতো, তবু স্বাদে অনন্য
গরমের এই সময়ে ভাজাভাজি বেশি খেলে শরীরে অস্বস্তি হতে পারে। তাই এমন সবজি নিয়মিত খাওয়া উচিত যা খেলে শরীর ঠান্ডা থাকবে। এমনই একটি সবজি হচ্ছে করল্লা। আজকের হেঁশেলে করল্লা দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি রইলো।
করল্লার বিচি ভর্তা
যা যা লাগবে
করল্লার বিচি (কাঁচা, পাকা মিলিয়ে ) ১ কাপ, কাঁচামরিচ ও শুকনো মরিচ ৫/৬টা, পেঁয়াজ বড় ১টা, চিংড়ি মাছ ২ টেবিল চামচ, সয়াবিন তেল, লবণ স্বাদ অনুযায়ী

যেভাবে বানাবেন
প্যানে তেল, কাঁচা-পাকা করল্লার বিচি, মরিচ, পেঁয়াজ ও চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হলে লবণ দিয়ে বেটে নিন। ভর্তাটি ভাত, খিচুড়ির সাথে দারুণ লাগে খেতে।
মাছের ডিমে করল্লা ভাজি
যা যা লাগবে
করল্লা ১ কাপ, আলু বড় ১টা, রুই মাছের ডিম হাফ কাপ, পেঁয়াজ মোটা কুচি ১ কাপ, কাঁচামরিচ ৩/৪টি, শুকনো মরিচ ২টি, হলুদগুঁড়া সামান্য, লবণ ও তেল স্বাদ অনুযায়ী

যেভাবে বানাবেন
করল্লা ও আলু কেটে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। ওই তেলে সামান্য হলুদগুড়া, পেঁয়াজ ও মাছের ডিম দিয়ে ভালোমতো ভেজে নিন। এবার এতে করল্লা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
ছোট মাছে করল্লা চচ্চড়ি
যা যা লাগবে
ফালি করা করল্লা ১ কাপ, ছোট মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ৫/৬টি, হলুদগুঁড়া হাফ চা চামচ, মরিচগুঁড়া ১ চা চামচ, সরিষার তেল হাফ কাপ, লবণ স্বাদ অনুযায়ী

যেভাবে বানাবেন
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোমতো মেখে নিয়ে সামান্য হাত ধোয়া পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুনÑ দারুণ মজার এই চচ্চড়ি।
মিক্স ডালে করল্লা
যা যা লাগবে
মিক্সড ডাল ২৫০ গ্রাম, করল্লা ১ কাপ, পেঁয়াজ কুচি মাঝারি ২/৩টা, হলুদগুঁড়া হাফ চা চামচ, মরিচগুঁড়া হাফ চা চামচ, কাঁচামরিচ ৪/৫টা, আদাবাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরাগুঁড়া হাফ চা চামচ, সয়াবিন তেল ৩/৪ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী

যেভাবে বানাবেন
কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে ভেজে এতে একে একে আদা-রসুন বাটা ও হলুদ মরিচগুঁড়া দিয়ে ভালোমতো কষিয়ে নিতে হবে। এবার এতে কেটে রাখা করল্লা ও ডাল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হলে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিন। ডাল ও করল্লা সেদ্ধ হলে একটু জিরাগুঁড়া ছিটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।