× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

একটি ভালো কবিতা পড়ার পর

মতিন রায়হান

একটি ভালো কবিতা পড়ার পর মনে হয় 

প্রিয়তমার উষ্ণ ঠোঁট আমার ঠোঁটে এঁকে দিলো

     একটি অনন্ত স্মারকচিহ্ন!

যে-চিহ্ন আমাকে নিয়ে যাবে দূরের বিজন সমুদ্রতটে

ফেনায়িত তরঙ্গে তরঙ্গিত হবে আমাদের যুগলশরীর!

তীব্র শীতের রাতেও ছড়িয়ে পড়বে প্রগাঢ় উষ্ণতা!

একটি ভালো কবিতা পড়ার পর আর কী কী হতে পারে?

এই প্রশ্নে নিরুত্তর থাকাটাই কি বুদ্ধিমানের কাজ?

এইমাত্র একটি ভালো কবিতা পড়ে শেষ করলাম!

আমার এখন অনেক কিছু করতে ইচ্ছে করছে!

ইচ্ছে করছে কোনো সুইমিংপুলকে যুগলস্নানে একান্ত করে তুলি।


একটি ভালো কবিতা পড়ার পর খুব ইচ্ছে হয়

রচনা করি একটি অনন্য প্রেমের কবিতা 

যে কবিতার শরীরে সেঁটে থাকবে 

শব্দের এমন সব সোনাদানা, যা বিক্রি করে

আমি যেন সহজেই কয়েক শতাব্দীর জীবন পাড়ি দিতে পারি! 

অন্তত হাজার বছর পরও নতুন কোনো কবি এসে

আমার কবিতাটি পড়ে সোল্লাসে বলে উঠবে : 

   ‘বাহ! এ তো দেখছি, আরেক ওমর খৈয়াম!’ 


মাছধরা মানুষেরা

তপন বাগচী


গ্রামের মাছধরা মানুষেরা

কখনও পুরোপুরি ঘুমায় না।

তারা কানে শুনতে পায়

বিলের ভিতর হাঁটাচলা।

এক বুড়ো জেলে বলেছিলÑ

‘পানিরও ছায়া আছে।’

তারপর সে

তার পুঁতির মালা খুলে

একটি শুকনো বৈঠায় বেঁধে দিল।

সেই বৈঠা আজও

খালের ধারে দাঁড়িয়ে থাকে

মানুষের মতো।


ঘামের কোলাজ

নেলসন

ব্যবহৃত আস্তিন থেকে নেমে পড়া ঝুল

দুলছে হাওয়ায়, যেনবা ঘুড়ি

পর্যাপ্ত বাতাস পেলেই উড়ে যাবে আকাশে 

ঘামের কোলাজ থেকে উঠে আসে শৈশব

যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠা ভাতঘুম 

দুপুর কলহ শেষে অহেতু বুঁদ বিগত ধ্যানে

রোদের কারচুপি ভেঙে যায় খানখান 

বাতাস আসে সেই অতীত থেকে 

যেখানে দুপা দোল খায় খোলা বারান্দায় 


অথচ শব্দ কী ভীষণ উদাসীন 

একাই গেঁথে চলে নামলিপি

যেনবা মালা, বিকোবে তা আজকের মেলায়


দেখ তামাদি স্বপ্নের ঝুল লেগে আছে হাতায়

রোদ নকশা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো পা জানে

সকলই কর্পূর আদতে, জীবনের মতোই


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা