রোমেন রায়হান
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
অলংকরণ : তানভীর মালেক
বিশ্বকাপের অত্যাচারে
হচ্ছি পাগল প্রায়
ধমক-টমক দিয়ে এদের
আটকে রাখা যায়?
রাত্রি জেগে টিভি দেখে
সকলে দিনভর
বলকে লাথি মেরে কাঁপায়
শোয়ার, বসার ঘর!
বাসার বাহির হয় না, ওদের
বাসাই খেলার মাঠ
প্রতিদিনই বাড়ছে বাসায়
বল খেলা ঝঞ্ঝাট!
এত বলি ঘরের ভেতর
খেলবি না কেউ বল!
আমার কথা শুনবে কেন
দুষ্টুগুলোর দল!
পায়ের কাছে বল পড়তেই
মারছে জোরে কিক
গোলপোস্ট নেই নির্ধারিত,
খুঁজলে চতুর্দিক!
ঝনঝনিয়ে কাপ ভাঙছে,
জগ ভেঙে খানখান
ভাঙার পরে অল্প সময়
চারপাশে শুনশান!
একটু পরেই আবার শুরু,
এই যে! গিয়ে দ্যাখ!
ঠিক আছে তো ফুলদানি, ল্যাম্প,
চেয়ার, জুতার র্যাক?
ঝনঝনিয়ে ভাঙল কী রে?
ভাঙল টিভির কাচ?
এবার থামলে থামতে পারে
বাঁদরগুলোর নাচ!