ফারিয়া লাফি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৬:০৫ পিএম
আড্ডায় স্ন্যাকস
বন্ধু হোক বা পরিবার- একসাথে আড্ডা দিতে বসলে মজার কিছু স্ন্যাকস যদি থাকে তাহলে সময়টা দারুণ কাটে। আজকের হেঁশেলে দারুণ কিছু স্ন্যাকসের রেসিপি রইল আপনাদের জন্য।
চিকেন পাকোড়া
যা যা লাগবে
মুরগির বুকের মাংস ১ কাপ, রসুন ও আদা বাটা ১/২ টেবিল চামচ করে, মরিচের গুঁড়ো ১/২ টেবিল চামচ, সাদা সিরকা ও লেবুর রস ১ চামচ করে, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চামচ, ভাজা জিরার গুঁড়া ১/২ চামচ, গরম মসলা গুঁড়া ১ চিমটি, চাট মসলা ১ চামচ, ম্যাগি মসলা ১ চামচ, কাঁচামরিচ কুচি সামান্য, বেসন ১/২ কাপ, চালের গুঁড়া ২ চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, বেকিং সোডা ১ চিমটি, ধনিয়া পাতা ১/৪ কাপ, সয়াবিন তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
প্রথমে মুরগিগুলো কিউব করে কেটে নিন। বেকিং সোডা, ভিনেগার, লেবুর রস এবং পরিমাণমতো লবণ দিয়ে মেরিনেট করে রাখুন। ৩০ মিনিট পর বাকি সব উপকরণ একসাথে চিকেন এর সাথে মিক্স করে নিন ভালো করে। প্যানে তেল গরম করে হাতে ছোট ছোট পিস নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেলো মজাদার চিকেন পাকোড়া।
কিমা চিজ মোগলাই
যা যা লাগবে
ময়দা ২ কাপ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ সামান্য, চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন ১/২ চামচ করে, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, ম্যাগি মসলা ১ প্যাকেট, ডিম ২টি, মজোরোলা চিজ পছন্দমতো, সয়াবিন তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
প্রথমে ময়দা, তেল ও লবণ ভালো করে মেখে নিতে হবে। ময়দার টেক্সচার এমন হবে যে মুঠো করলে শক্ত হয়ে যাবে এবং আঙুল দিয়ে চাপ দিলে এরপর ভাঙবে। এরপর ময়দাতে নরমাল পানি দিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নিন। এমন একটা ডো হবে, যা শক্তও হবে না, আবার খুব নরমও না। এবার ডো টাকে রেস্টে রেখে দিন ১ ঘণ্টা। প্যানে তেল ঢেলে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিন, দিয়ে দিন আদা রসুন। কাঁচা গন্ধ দূর হলে এরপর চিকেন দিয়ে দিন। বাকি সব মসলা দিয়ে দিন। চিজ গ্রেট করে এবং ২টি ডিম ভেঙে কাঁটা চামচ দিয়ে বিট করে রেখে দিন। এবার ময়দার ডো দিয়ে পাতলা করে ছোট রুটি বানিয়ে নিন। এতে চিকেন, চিজ এবং অল্প ডিম দিয়ে চারপাশ থেকে ভাঁজ করে ছোট ছোট মোগলাইয়ের শেপ দিন। এবার তেল গরম করে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিন। সস দিয়ে পরিবেশন করব।
মাশরুম পাকোড়া
যা যা লাগবে
অয়েস্টার মাশরুম ২৫০ গ্রাম, বেসন ১ কাপ, চালের গুঁড়া ১/৪ কাপ, কর্নফ্লাওয়ার ১/৪ কাপ, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া, ভাজা জিড়ার গুঁড়া ১/২ চামচ করে, গরম মসলা গুঁড়া ১/৪ চামচ, বেকিং পাউডার ১/২ চামচ, ফুড কালার সামান্য, লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন
মাশরুম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার বেসন, চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার ও সকল মসলা মিক্স করে বেসনের গোলা রেডি করে নিন। ৩০ মিনিট রেস্টে রাখার পর এতে ১ চামচ গরম তেল মিক্স করে নিন, এতে পাকোড়া মচমচে হবে। এবার গোলাতে মাশরুম চুবিয়ে তেলে ভেজে নিন। ব্যস হয়ে গেল মজাদার মাশরুম পাকোড়া।
সসেজ ললিপপ
যা যা লাগবে
সসেজ ৪/৫টি, আলু সিদ্ধ ১ কাপ, পেঁয়াজ ৩ টেবিল চামচ, চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী, ধনিয়া পাতা, লবণ টেস্ট অনুযায়ী, ডিম ১টি, ব্রেড ক্রাম্ব প্রয়োজন অনুযায়ী, সয়াবিন তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
প্রথমে সসেজগুলো গরম পানিতে ভাপিয়ে নিন। এবার তেলে হালকা করে ভেজে উঠিয়ে নিন। আলু সিদ্ধ করে এতে বেরেস্তা করা পেঁয়াজ, চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে আলু ভর্তা করে নিন। ভর্তাতে অল্প সরিষা তেল ও কিছুটা ধনিয়া পাতা দিন। এবার সসেজগুলো ২ ভাগ করে একে আলু দিয়ে কোট করে চপের মতো বানিয়ে নিন। ডিম ভেঙে চপগুলো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে কোট করে নিন। চপগুলো ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন, এরপর অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিন। ব্যস তৈরি হয়ে গেল রেডি মজাদার সসেজ ললিপপ।