আবিদা জান্নাত নিসা
প্রকাশ : ১ ঘণ্টা আগে
স্কার্ফে স্মার্ট
প্রকৃত ফ্যাশনপ্রেমীদের কাছে গরম, শীত কিংবা বর্ষা কোনো ঋতুই যেন বাধা নয়। তবে এই গরমে ফ্যাশন হতে হবে এমন যা আরামদায়ক তো বটেই, আপনাকে করবে সবার থেকে আলাদা। তাই একটিমাত্র স্কার্ফ হতে পারে আপনার নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। কেবল একটি স্কার্ফ দিয়েই প্রতিবার ভিন্ন ভিন্ন আদলে নিজেকে সাজানো যায়। আর আপনি হয়ে উঠবেন সময়, স্বস্তি ও পরিবেশ সচেতন মানুষ।
গ্রীষ্মে স্কার্ফ কেন এত গুরুত্বপূর্ণ
আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে- এই গরমে স্কার্ফ কি আরও গরম লাগবে? কিন্তু মজার বিষয় এই যে, গরমের সময়ই আসলে স্কার্ফ পরার জন্য সবচেয়ে উপযোগী। কারণ আমরা এই সময় খুবই সাধারণ বা আরামদায়ক কাপড় পরতে বেশি পছন্দ করি। কিন্তু সঙ্গে একটি স্কার্ফ পরে নিলেই তা আমাদের এই সাধারণ পোশাককেও অনেক পরিপাটি ও সুন্দর করে তোলে। এছাড়া ব্যবহারিক দিক চিন্তা করলেও স্কার্ফের জুড়ি মেলা ভার। এটি আপনাকে যেমন রোদের হাত থেকে বাঁচাবে তেমনি বাঁচাবে ধুলাবালি থেকেও। তবে তার আগে জানতে হবে কীভাবে এই একটি স্কার্ফকে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে আপনার প্রয়োজনের সঙ্গে মিলিয়ে ভিন্ন ভিন্ন ভাবে স্টাইলিং করবেন। চলুন দেখে নেয়া যাক পাঁচটি সহজ লুকÑ
ক্ল্যাসিক নেকারচিফ স্টাইল
স্কার্ফ ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ঘাড়ে জড়িয়ে পরা। কিন্তু এই সহজ স্টাইলটিই পুরো পোশাককে আরও সাজানো ও আকর্ষণীয় করে তোলে। হালকা শিফন স্কার্ফ ঘাড়ে আলতোভাবে জড়িয়ে নিলে একটি সাধারণ টপ বা শার্টও অনেক বেশি স্টাইলিশ দেখায়। দুপুরের খাবারের দাওয়াত, বন্ধুর সঙ্গে কফি আড্ডা, বা বিকালের ঘোরাঘুরিÑ সব জায়গাতেই এই স্টাইল খুব মানানসই। এটি একদিকে যেমন সহজ, অন্যদিকে তেমনি খুবই মার্জিত ও পরিপাটি লুক তৈরি করে।

চুলের সাজে স্কার্ফ
গরমের দিনে খোলা চুল অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। ঘাম, বাতাস আর ব্যস্ত চলাফেরায় চুল মুখে এসে বিরক্ত করে। এই সমস্যার সহজ কিন্তু স্টাইলিশ সমাধান হলোÑ স্কার্ফকে হেয়ার অ্যাক্সেসরি হিসেবে ব্যবহার করা। স্কার্ফ দিয়ে পনিটেইল বাঁধলে লুক হয়ে যায় খুবই ফ্রেশ ও ইয়ুথফুল। আবার হেডব্যান্ড হিসেবে ব্যবহার করলে চুল মুখ থেকে দূরে থাকে এবং পুরো সাজে আসে একটি রঙিন ও প্রাণবন্ত স্পর্শ। বিশেষ করে প্রিন্টেড স্কার্ফের সঙ্গে বড় সানগ্লাস পরলে তৈরি হয় একদম পিকনিক উপযুক্ত সামার লুক। যা দেখতে যেমন সুন্দর, তেমনি খুব আরামদায়কও।
কোমরে স্কার্ফ

স্কার্ফ কোমরেও দারুণভাবে ব্যবহার করা যায়। বেল্টের মতো কোমরে স্কার্ফ বাঁধলে পুরো পোশাকে স্পোর্টি লুক আসে। জিনস, ট্রাউজার বা ঢিলেঢালা গ্রীষ্মকালীন ড্রেসের সঙ্গে এই স্টাইল খুব ভালো মানায়। সপ্তাহান্তের ঘোরাঘুরি, ব্রাঞ্চ বা বন্ধুদের সঙ্গে আড্ডার সময় এটি একটি সহজ কিন্তু নজরকাড়া স্টাইল হিসেবে কাজ করে। কোমরে স্কার্ফ শুধু লুককে সুন্দর করে না, বরং পোশাকের শেপকেও আরও আকর্ষণীয় করে তোলে।
ব্যাগে স্কার্ফ
ফ্যাশনে অনেক সময় সবচেয়ে ছোট জিনিসটাই সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। একটি সাধারণ ব্যাগের হাতলে স্কার্ফ বাঁধলে পুরো ব্যাগের লুক বদলে যায়। এটি খুব সহজ একটি স্টাইলিং ট্রিক, কিন্তু এর প্রভাব অনেক বড়। একই ব্যাগ প্রতিদিন ব্যবহার করলেও স্কার্ফ পরিবর্তন করে নতুন নতুন লুক তৈরি করা যায়। এতে দৈনন্দিন ফ্যাশনে আসে নতুনত্ব।

কর্মব্যস্ত দিনের সহজ স্কার্ফ লুক
গ্রীষ্মের গরমে স্কার্ফ একটি সহজ কিন্তু স্টাইলিশ অ্যাক্সেসরিজ। এটি একদিকে যেমন আরাম দেয়, অন্যদিকে তেমনি সাধারণ পোশাককেও পরিপাটি করে তোলে। সূর্য ও ধুলাবালি থেকে হালকা সুরক্ষাও পাওয়া যায়। দৈনন্দিন ব্যস্ত এই স্টাইলের স্কার্ফ লুকে আনে ভিন্নতা, যা আপনাকে করবে ভিড় থেকে আলাদা।
সঠিক স্কার্ফ নির্বাচন ও স্টাইলিং টিপস
স্কার্ফ পরার সময় ছোট কিছু বিষয় পুরো লুককে অনেক বড়ভাবে পরিবর্তন করে দিতে পারে। যেমন: কটন, শিফন বা লিনেনের মতো হালকা কাপড় বেছে নিন। কারণ এগুলো বাতাস চলাচল করতে দেয় এবং ত্বকে আরামদায়ক লাগে। মোটা কাপড়ের স্কার্ফ গরমে অস্বস্তি তৈরি করতে পারে।
পোশাকের সঙ্গে অন্তত একটি রঙ মিলিয়ে স্কার্ফ ব্যবহার করুন, যাতে পুরো লুকটি মানানসই ও সুন্দর দেখায়।
সামগ্রিক স্টাইলিং যতটা সম্ভব সহজ রাখুনÑ একটি স্টেটমেন্ট আইটেমই যথেষ্ট।