ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শোনো-এর ‘আমি পারি’ কর্মশালা অনুষ্ঠিত
মানসিক স্বাস্থ্য সহায়তাবিষয়ক প্রতিষ্ঠান শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন অনুষদে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমি পারি, আত্মবিশ্বাস, সক্ষমতা ও সাফল্যের আলোচনা”, শীর্ষক দুই ঘণ্টাব্যাপী একটি অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি ২৭ জুন (শনিবার) ২০২৬ তারিখে কর্মসূচিটি ঢাকা ইউনিভার্সিটি সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিজঅ্যাবিলিটিজ ( ডি ইউ এস এস ডি), এর সভাপতি জনাব ইবনু আহমেদ-এর নেতৃত্বে আয়োজিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তাওহিদা জাহান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার্স বিভাগের সাবেক চেয়ারপারসন এবং ডি ইউ এস এস ডি -এর মডারেটর। তিনি তার বক্তব্যে জীবনের মূল্য, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার মূল সেশন পরিচালনা করেন শোনো-এর বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ও প্রশিক্ষক জনাব সালেহ সিদ্দিকী অনিক। তিনি আত্ম-সচেতনতা, জীবনের চ্যালেঞ্জ অনুধাবন, মানসিক স্থিতিস্থাপকতা এবং প্রস্তুতিমূলক মানসিক সক্ষমতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা গাইডেড রিফ্লেকশন এবং স্ব-মূল্যায়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শোনো-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিলিন আহমেদ এবং সহ-প্রতিষ্ঠাতা ফারহানা রুমি উপস্থিত ছিলেন। কর্মশালাটি জে সি আই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট -এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আত্ম-সচেতনতা, মানসিক স্থিতিস্থাপকতা এবং নিজেদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে ইতিবাচক উপলব্ধি বৃদ্ধি করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।