আনজীর লিটন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
অলংকরণ : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি
চশমা তুমি কার?
প্রশ্নটা আজ মাথার ভেতর
ঘুরছে যে বারবার।
শুধুই চোখের? নাকের কি দোষ? বাদ যাবে কি কান?
প্রশ্ন যতই হোক না কঠিন লাগবে সমাধান।
যুক্তি দিয়ে বলল দু’চোখ, আমি তোমার আলো
আমি তোমায় চেনাই সাদা, দেখাই আঁধার কালো।
এই পৃথিবীর রূপ দেখালাম, রঙের মাতামাতি
চশমা তুমি শুধুই আমার, আমিই তোমার সাথী।
এবার শোনো নাকের কথা, যুক্তি দিয়ে বলেÑ
আমিই করি কর্ম সেরা আমায় ছাড়া চলে?
চশমা তুমি বসতে কোথায়? একটু ভেবে দেখ
উপকারী নাকটাকে তাই মূল্য দিতে শেখ।
যুক্তি দিল দু’কান এবার, থামাও ঝগড়াঝাঁটি
জায়গা আমি দিলাম বলে রাখতে পার ডাঁটি।
যত-আদর মায়া দিয়ে রাখছি তোমায় ধরে
নইলে তুমি পড়ে যেতে একটু হাওয়া-ঝড়ে।
চশমা বলে, সত্যি কথা তোমরাই আপন ভাই
সবাই মিলে থাকলে পাশে কাজের মূল্য পাই।
সবার কথায় যুক্তি আছে করছি আমি আঁচ
তোমরা ছাড়া আমি শুধু টুকরো দুটো কাচ।
তোমরা ছাড়া পূর্ণতা নেই শুধুই অচল প্রাণ
তোমরাই আমায় শক্তি দিলে রাখলে অবদান
চোখ নাক কানÑ সবার আমি, পেলাম সমাধান।