বিশ্ব বাবা দিবস
জান্নাতুল মাওয়া (রিফাত)
প্রকাশ : ১ ঘণ্টা আগে
যার সারাটা জীবন কেটে যায় বাবা শব্দের ভার বহন করতে করতে, সন্তানের মুখে হাসি ফুটাতে আর একবুক ভালোবাসার পরশ এঁকে দিতে। বাবা দিবসে বাবার সেই অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (রিফাত)

না বলা কথায় বাবা
বাবা, তোমায় নিয়ে কত না বলা কথা জমে আছে আমার ডায়েরির পাতায়। কেন যেন তোমার আর আমার মাঝে এক অদৃশ্য দেয়াল সমান দূরত্ব গড়ে উঠে। ছোটবেলায় তোমার রুক্ষ হাতের কোমল স্পর্শ দিয়ে আমায় হাঁটতে শিখিয়েছো, গম্ভীর মুখের কঠোরতা দিয়ে সঠিক পথ দেখিয়েছো। তোমার কঠোর শাসনের আড়ালে যে অসীম ভালোবাসা লুকায়িত ছিল, তা অনেক দেরিতে বুঝতে পেরেছি। তবে আজ কেন আমাদের মাঝে এতটা নীরবতার সৃষ্টি হলো! পরিবারের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য তুমি নিজের সকল শখ,স্বপ্ন বিসর্জন দিয়েছো।বাবা, তোমার নীরব সংগ্রাম আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়েই গড়ে উঠেছে আমার সুখের সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে সুরক্ষিত থেকে আমি কখনো বুঝিনি বাইরের রোদের প্রখরতা, বৃষ্টির তীব্রতা আর ঝড়-ঝাপটার ব্যাকুলতা। বাবা, আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। এমনকি তোমার প্রতি যথাযথ আনুগত্য প্রকাশ করতেও আমি ব্যর্থ, বাবা। আমায় ক্ষমা করো। বাবা, এই না বলা কথাগুলো আমি তোমাকে বলতে চাই। জানাতে চাই, আমি তোমাকে কতটা ভালোবাসি।
শামসুল আলম শিহাব
সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছত্র ছায়া বটবৃক্ষের নাম বাবা
বাবা শব্দের বিশালতা এতটাই গভীর, যা বুঝতে গোটা জীবনও হয়তো যথেষ্ট হয়ে ওঠে না। জীবনের প্রখর রোদ, ঝড় কিংবা তীব্র অনিশ্চয়তার মুহূর্তে যে মানুষটা নিঃশব্দে মাথার ওপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন, তাঁর নাম বাবা। বাবার ত্যাগ খুব বেশি চোখে পড়ে না, কারণ তিনি আমাদের চোখের আড়ালে নিজেকে ভেঙে-গুঁড়িয়ে আমাদের সামনে চলার জন্য যথাসাধ্য মজবুত পথ তৈরি করেন। ভালোবাসা যে শব্দে প্রকাশ পায় না, এই কথাটার সর্বোত্তম উদাহরণ বোধহয় বাবা। তাঁর ভালোবাসা লুকিয়ে থাকে প্রবল দায়িত্ববোধ আর ত্যাগে। মেয়েদের বাবা লাগে; প্রতিটি পদক্ষেপে লাগে। নিরাপত্তার অর্থ বাবার কাঁধে ভর করেই শেখা। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বাবার সেই একটি কথা—"আমি তো বেঁচে আছি"—আমার কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সাহস হয়ে উঠেছিল। আমি বাবার চোখ দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। বাবার কঠোরতাই ভালোবাসা প্রকাশের মাধ্যম। তাঁর শাসনের আড়ালে থাকে সীমাহীন স্নেহ আর সন্তানকে নিয়ে গভীর চিন্তার বহিঃপ্রকাশ। আমার জীবনের প্রতিটি অর্জনের পেছনে, প্রতিটি নিরাপদ আশ্রয়ের গভীরে, ছত্রছায়া বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকা মানুষটির নাম—বাবা। সন্তানের প্রতিটি সাফল্যের নেপথ্যে তাঁর অবদানই সবচেয়ে বেশি। যাঁর ঋণ কোনো কিছুর বিনিময়েই শোধ করা সম্ভব নয়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।
আবিদা সুলতানা
মৃৎশিল্প, চারুকলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বাবার নীরব ভালোবাসা
সংসারে মা যদি হন শীতল ছায়া, তবে বাবা হলেন সেই ছায়ার ছাদ, যা তপ্ত রোদ্দুর আর ঝড়-ঝাপটা থেকে আমাদের আগলে রাখে। মায়ের ভালোবাসা আমরা প্রতিনিয়ত অনুভব করি তাঁর স্বস্নেহ স্পর্শে, কান্নায়, কিংবা চড়া শাসনে। কিন্তু বাবার ভালোবাসা? তা যেন এক গভীর সমুদ্র, শান্ত, নিথর, অথচ অতল। সেখানে কোনো ঢাকঢোল নেই, নেই কোনো প্রচার। বাবারা ভালোবাসেন নীরবে, এক অদ্ভুত আড়ালে। শৈশবে আমরা অনেকেই বাবাকে একটু গম্ভীর, কিছুটা দূরত্বের মানুষ মনে করে বড় হই। মা যেখানে আবদার পূরণের প্রধান মাধ্যম, বাবা সেখানে যেন একটু হিসেবী। নিজের ক্ষয়ে যাওয়া জুতো জোড়া না বদলে যিনি সন্তানের জন্য ব্র্যান্ডের জুতো কিনে আনেন, তিনিই বাবা। পৃথিবীর সবচাইতে ধনী মানুষটিও বাবার অবর্তমানে নিজেকে অসহায় আবিষ্কার করে। কারণ বাবা থাকা মানে মাথায় এক অদৃশ্য রাজমুকুট থাকা। অসুখ হলে মা মাথায় জলপট্টি দেন, রাত জেগে পাশে বসে থাকেন। কিন্তু মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন নিঃশব্দে সন্তানের গায়ের কাঁথাটা টেনে দেওয়া কিংবা পরম মমতায় কপালে হাত রেখে মনে মনে আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করার নামই বাবা। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই বাবকে আগলে রাখুন আর জড়িয়ে ধরে না বলা কথাটি বলে ফেলুন।
ইয়াছিন ইবনে ফিরোজ
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শাসনের ছায়াতলে ভালোবাসার পরশের নামই বাবা
বাবা নামক ব্যক্তির প্রতিচ্ছবি শুধুই বাবা নিজেই।বাবা নামটা শুনলেই মনে হয় এই বুঝি বকা দিবে এই কারণে তাঁকে দেখলেই ভয় হতে থাকে অনেক সন্তানদের। বাবার করা একটি শাসন মায়ের করা শত বকা এর সমান।বাবা শাসন করেন বলেই বাবার প্রতি বিশেষ শ্রদ্ধা থাকে আমাদের সকলের। বাবা শাসন করেন ঠিকই তবে তাঁর করা সেই শাসনে কারোর কোনো ক্ষতি হয় না বরং বাবার সেই শাসনকে অবমামনা করলে উল্টে সন্তানরাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ যে শাসনের প্রতিটা চয়নে মিশে থাকে ভালোবাসার ছোঁয়া সেইখানে কারোর আর যাই হোক ক্ষতি হয় না।যখন বাবা পৃথিবীতে থাকেন না সেই সময়ে সন্তানের দুনিয়াতে সঠিকভাবে জীবনযাপন করা যেন এক বড় সংগ্রাম হয়ে ওঠে। বাবার বলা প্রতিটি বাণী আমাদের কাছে পরম শিক্ষণীয়।বিপদে পড়লে বাবার গুরুত্বটা আমরা বেশি বুঝতে পারি। তাই বাবার শাসনে কোনো ক্রোধ থাকে না, থাকে শুধুই সঠিক পথচলার নির্দেশনা।
আফিয়া আলম
সমাজকল্যাণ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
বাবা, এক অনির্বাণ আলো
বাবা ছোট্ট একটি শব্দ। অথচ এর গভীরতা আকাশের মতো বিস্তৃত। জীবনের প্রতিটি ধাপে দৃশ্যমান কিংবা অদৃশ্যভাবে একজন বাবা সন্তানের পাশে থাকেন শক্তির উৎস হয়ে। তাঁর ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ পায় না, কিন্তু দায়িত্ব, ত্যাগ আর নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তা প্রতিনিয়ত অনুভূত হয়। শৈশবে বাবার হাত ধরে হাঁটতে শেখা থেকে শুরু করে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত, তিনি হয়ে ওঠেন সন্তানের সবচেয়ে বড় ভরসা। নিজের কষ্ট, ক্লান্তি কিংবা অপূর্ণ স্বপ্নগুলো আড়াল করে তিনি সন্তানের মুখে হাসি দেখতে চান। সন্তানের সাফল্যে তাঁর চোখে ফুটে ওঠে গর্ব। আর ব্যর্থতার সময়ে তিনি নীরবে সাহস জোগান সামনে এগিয়ে যাওয়ার। বাবারা ভালোবাসেন নিঃশব্দে, আগলে রাখেন অগোচরে। সংসারের শত ব্যস্ততার মাঝেও সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নই তাঁদের সবচেয়ে বড় প্রেরণা। তাই বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি জীবনের পথচলার এক অনির্বাণ আলো, যার আলো কখনো নিভে যায় না। বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁদের ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ স্নেহ আমাদের জীবনকে প্রতিনিয়ত আলোকিত করে চলেছে।
নাদির আহমেদ
সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়