প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৪:১২ পিএম
জার্সি কোথায় পাবেন কেমন দাম
জার্সি কমবেশি সবখানে পাওয়া যাচ্ছে। দেশি ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে সেইলর, রাইজ, ক্লাবহাউজ, লোটো, জেন্টলপার্ক, ইজি, প্লাস পয়েন্টে মিলবে নিজস্ব কার্ট বা ডিজাইনের জার্সি। রঙ বাংলাদেশ এবার ফুটবল থিমে শাড়িও এনেছে, সাথে আছে টি-শার্টও। হরীতকী নিয়ে এসেছে শাড়ি।
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগে বাংলাদেশের অনলাইন জার্সির বাজার জমে উঠেছে। দোকানের পাশাপাশি ফেসবুক পেজ, ই-কমার্স প্লাটফর্ম আর হোয়াটসঅ্যাপ গ্রুপজুড়ে চলছে জার্সি কেনাবেচা।
বাজারে মূলত তিন ধরনের জার্সি পাওয়া যাচ্ছে। দেশীয় কারখানায় তৈরি সাধারণ মানের জার্সি ৩৫০ থেকে ৫০০ টাকায় পাওয়া যায়। মাঝারি মানের ‘থাই প্রিমিয়াম’ জার্সির দাম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা। আর প্লেয়ার এডিশন বা অথেনটিক মানের জার্সির দাম পড়ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। উত্তরায় স্পোর্টস মার্কেটে মিলবে জার্সি। বনানীর এইচ এম প্লাজার বিভিন্ন শোরুমে পাবেন অরিজিনাল জার্সি। এ ছাড়া বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট ১ ও ২-এ পাওয়া যাবে অ্যাডিডাস, পোলো, পুমা ও নাইকি ব্র্যান্ডের জার্সিগুলো। এ ছাড়া চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টার, এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুরের টোকিও স্কয়ার ও বঙ্গবাজারে পাওয়া যাবে জার্সি।
ব্র্যান্ডের জার্সিগুলোর জন্য গুনতে হবে একটু বেশি দাম। ৯০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ভালো কাপড়ের জার্সি কিনতে পারবেন পান্থপথ ও বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। সবচেয়ে কম দামে জার্সি মিলবে ঢাকা স্টেডিয়াম মার্কেটে। পাওয়া যাবে ৪৫০-৫০০ টাকায়। তবে একটু দামাদামি করলে কিনতে পারবেন ৪০০ টাকায়। আর যদি জার্সিতে প্লেয়ারের নাম প্রিন্ট করাতে চান তবে গুনতে হবে আরও ১৫০ টাকা। এ ছাড়া হাফ হাতার জার্সির দাম ৭৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। নন-ব্র্যান্ড ফুলহাতা হলে দাম পড়বে ৭৫০ থেকে ২ হাজার টাকা। হাফ হাতা পাওয়া যাবে ৮০০ টাকার মধ্যে এবং ট্রাউজার পাওয়া যাবে ৫৫০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
অনলাইনে সবচেয়ে কম দামে জার্সি মিলবে দারাজে। দারাজে জার্সি সারা বছরই বিক্রি হয়। তবে বিশ্বকাপ উপলক্ষে বেড়েছে বিক্রি। সর্বনিম্ন দাম ৯৫ টাকা থেকে শুরু করে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত। জার্সির ফেব্রিকসের ওপর এর দাম নির্ভর করে। এ ছাড়া আজকের ডেল, ক্রিকশপ বিডি, জার্সি শপ বিডি, জার্সি ফ্রিক বিডিতে জার্সি পাওয়া যাচ্ছে।