জাহাঙ্গীর আলম জাহান
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
ছাত্রজীবন মধুর জীবন, পরীক্ষাটাই বাজে
না পড়ে কি পরীক্ষাতে যায় লেখা আন্দাজে?
পড়া ছাড়া লিখলে কিছু গোল্লা শুধু জোটে
ছাত্রজীবন ঘুণাক্ষরেও নয়তো মধুর মোটে।
সমস্ত দিন পড়ো পড়ো, তাগিদ শুধু পড়ার
পড়া ছাড়া বিকল্প নেই জীবনটাকে গড়ার।
ইশকুলে আর কোচিং ক্লাসে ওষ্ঠাগত প্রাণ
ঘরে এসে টিউটর সাব রোজ পড়িয়ে যান।
পড়ে পড়ে কম্মো কাবার পাই না অবসরও
নিত্যদিনই তাগিদ তবুÑ পড়ো পড়ো পড়ো।
হায়রে পড়া বড্ড কড়া, জীবন ঝালাপালা
ছাত্রজীবন বাড়ায় বরং বিরক্তিকর জ্বালা।
শিক্ষাবর্ষ শেষ হয়ে যায়, পরীক্ষাটাও কাছে
পরীক্ষাতে অংশ নেওয়ার প্রস্তুতি কি আছে?
প্রিপারেশন নিতে গেলে বুকটা ভীষণ কাঁপে
লেখাপড়া হয় না আমার পরীক্ষাটার চাপে।
ছাত্রজীবন মধুর জীবনÑ পরীক্ষাটাই বাধা
যে করে না পড়ালেখাÑ পায় না সে মর্যাদা।
পড়তে হবে গড়তে হবে এই জীবনের ভিত
নিদ্রা ছেড়ে জেগে ওঠো, ফেরাও সে সম্বিৎ।।