প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫৬ মিনিট আগে
পুরনোতেই নতুনত্ব
ঘর সাজাতে ভালো কার না লাগে? কিন্তু চাইলেই তো সব সময় নতুন জিনিস কিনে ওঠা হয় না। বাজেটের একটা ইস্যু রয়েই যায়। অথচ চাইলেই ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে দারুণ জিনিস বানিয়ে ফেলা যায়।
পুরনো ও বাতিল কাপড়
আমাদের অনেকের ঘরেই সুন্দর টুকরো কাপোড় দীর্ঘদিন পড়ে থাকে। সেগুলো কোনো কাজেও ব্যবহার করা হয় না, আবার ফেলেও দেওয়া যায় না। এ ধরনের পর্দা বা কাপড় যদি থাকে তাহলে সেগুলো দিয়ে সোফা বা চেয়ার ও ডাইনিং টেবিলের কভার বানিয়ে ফেলতে পারেন। নতুন রূপে প্রকাশ তো পাবেই, সাথে কাপড়ের একটা গতিও হবে। বাড়িতে পরে থাকা পুরনো ট্রাংকটাও যদি এ ধরনের কাপড় দিয়ে সাজান তবে টি টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবেন।
খবরের কাগজ
যাদের বাড়িতে দিনের পর দিন খবরের কাগজ জমে স্তূপ হয়ে যাচ্ছে, তারা সেগুলো দিয়ে অরিগ্যামি বানাতে পারেন। আবার চাইলে কাগজ ভিজিয়ে গ্লু দিয়ে মিশিয়ে নানা শেইপের ফুলদানি, বাটি, শো পিসও বানাতে পারেন। টেবিল হোক বা ঘরের যে কোনো কোনা, এই জিনিসগুলো নতুনত্ব তুলে ধরবে।

ঐতিহ্যময় জিনিস
প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমাদের অনেকের ঘরেই রয়ে যায়। আবার অনেকে শখ করেও কিনেন। যেমনÑ ল্যান্ডফোন, হারিকেন, টাইপ-রাইটার, পুরনো গ্লোব কিংবা গ্রামাফোন। এগুলো পরিষ্কার করে রঙ করিয়ে ঘরে সাজালে দেখতে বেশ ভালো লাগে। সেইসাথে ফুটে ওঠে আভিজাত্যও।
কাচের বোতল
কাচের বোতল বা শিশি এমন জিনিস, যা সম্ভবত সবার বাড়িতে খুঁজলেই পাওয়া যাবে। এই বোতলগুলো পরিষ্কার করে ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকে ভিন্নতা আনতে রকমারি রঙে সাজিয়ে ফেলা বোতলগুলো দিয়ে টেবিল ও বইয়ের তাক সাজান। ল্যাম্পশেডও মন্দ হয় না।
চিনামাটির পাত্র
বাড়িতে যদি বাতিল হয়ে যাওয়া চীনামাটির পাত্র থাকে তবে তাতে ছোট্ট একটি গাছ বসিয়ে দিয়েই দেখুন! ঘরের চেহারাই বদলে যাবে। ঘরে গাছ থাকলে চোখে তো আরাম হয়ই, সাথে সজীবতাতেও ভরে থাকে ঘর। বড় পাত্র হলে তাতে পানি দিয়ে ফুল ছড়িয়ে টেবিলে রাখুন। মুগ্ধতার রেশ ছড়িয়ে যাবে আশপাশে।

প্যান্ট থেকে অর্গানাইজার
প্যান্টের কাপড় কেটে বানিয়ে ফেলতে পারেন ওয়াল অর্গানাইজার। দরকারের টুকিটাকি জিনিসপাতি প্রায়ই এদিক-সেদিক হয়ে যায়। কেউ দোরঘন্টি বাজালেই দেখা যায় চাবিটা নেই হাতের কাছে। দেয়ালেই সুন্দর একটা জায়গা বানিয়ে ফেলুন এসব গুছিয়ে রাখার। এই অসুবিধার সহজ সমাধান হয়ে যাবে আপনার বাতিল কাপড়েই।
চুড়ি
চাইলে নিজের সাজের জিনিসও বানাতে পারেন ফেলনা কাপড় দিয়ে। কাপড় পেঁচিয়ে সুন্দর চুড়ি বানিয়ে ফেলা যায় সহজেই। কিছু রঙিন কাপড় আর পুরনো ধাতব চুড়ি লাগবে নতুন চুড়ি তৈরি করতে। ইউটিউবে টিউটোরিয়াল দেখে পছন্দসই আইডিয়া নিতে পারেন।
ল্যাম্প
পুরনো কাপড় দিয়ে ল্যাম্প বানানো আজকাল নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কোন কাপড়ে আপনার ঘর দেখতে কতটুকু সুন্দর লাগতে পারে সেটা শুধু আপনিই জানেন। কোথায় কোন জায়গায় কী ধরনের ল্যাম্প ভালো লাগবে সেটা আগে ঠিক করে নিন। এরপর ল্যাম্পের স্ট্যান্ড বাছাই করে পছন্দের কাপড় কিনে সেট করে নিন। নতুনত্বের অভিনব একটি পদ্ধতি এই ল্যাম্পশেড।