কাঁচা কাঁঠাল বা এঁচোড় বাঙালির অনেক প্রিয় একটি খাবার। বাজারে বেশ কিছুদিন আগে থেকেই এঁচোড় পাওয়া যাচ্ছে। মৌসুম প্রায় শেষের দিকে। যারা এখনও এঁচোড় দিয়ে কী বানাবেন বলে ভাবছেন, তাদের জন্য রইলো সহজ কয়েকটি রেসিপি।
নিরামিষ
যা যা লাগবে
এঁচোড়, আলু, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনেগুঁড়া, গরম মসলার গুঁড়া, আস্ত জিরা, আস্ত শুকনো মরিচ, আদা বাটা, টমেটো কুঁচি, তেল, ঘি

যেভাবে বানাবেন
এঁচোড় পরিষ্কার করে হলুদ আর লবণ মিশ্রিত পানিতে সিদ্ধ করে নিতে হবে। আলুও টুকরো করে কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে আলু টুকরো হলুদ আর লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
এবারে ভেজে নিতে হবে সিদ্ধ করে রাখা এঁচোড়। বেশ অল্প আঁচে আস্তে আস্তে এটা ভাজতে হবে। কড়াইয়ে প্রয়োজন অনুযায়ী তেল দিতে হবে। একে একে তেলে দিতে হবে আস্ত শুকনো মরিচ, তেজপাতা, আস্ত জিরা। গন্ধ ছড়ালে দিতে হবে আদা বাটা। তারপর টমেটো কুঁচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া, ধনেগুঁড়া, জিরার গুঁড়া, হলুদ আর লবণ। এসব ভালো করে কষিয়ে নিতে হবে। টুকরো করা আলু দিয়ে আরেকটু ভেজে মিশিয়ে দিতে হবে এঁচোড়। প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে রান্নাটা হতে দিতে হবে ১০-১৫ মিনিট। সমস্ত তরকারি বেশ গা মাখা হয়ে এলে গরম মসলার গুঁড়া আর ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে।
চিংড়ি এঁচোড়
যা যা লাগবে
এঁচোড়, চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, তেল, কাঁচা মরিচ
যেভাবে বানাবেন
এঁচোড় ভালো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দেওয়া পানিতে সিদ্ধ করতে হবে। চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ২-৩ মিনিট ভেজে তুলে রাখতে হবে। বাকি তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে ভাজতে হবে। আদা আর রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিতে হবে। একে একে দিতে হবে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। অল্প পানি মিশিয়ে ভালো করে মসলা কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে সিদ্ধ করে রাখা এঁচোড়। মসলার সঙ্গে এঁচোড় ভালো করে মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। পানি কিছুটা কমে এঁচোড়টা বেশ নরম হয়ে এলে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি দিয়ে ৩-৪ মিনিট রান্না করে গরম মসলার গুঁড়া আর আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে মজাদার এঁচোড় চিংড়ি।
কাবাব
যা যা লাগবে
সিদ্ধ করে নেওয়া এঁচোড়, হলুদ, লবণ, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, কাঁচা মরিচ কুঁচি, কাবাব মসলা, পুঁদিনাপাতা, ধনেপাতা, বেসন, শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তেল।
যেভাবে বানাবেন
সিদ্ধ করা কাঁচা কাঁঠাল বা এঁচোড় ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে হলুদ, লবণ, কুঁচি করা পেঁয়াজ, বেটে নেওয়া আদা, শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, পুদিনাপাতা কুঁচি, কুঁচি করে নেওয়া ধনেপাতা, কাবাব মসলা সব দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে। বেসন শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে মেখে রাখা এঁচোড়ের সঙ্গে মিশিয়ে আবারও খুব ভালো করে মিক্স করতে হবে। এবারে হাতের তালুতে তেল মাখিয়ে এই মিশ্রণটা থেকে কাবারের আকারে বানিয়ে নিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে।