আফসানা মিমি
প্রকাশ : ১ ঘণ্টা আগে
অতিরিক্ত তেল, ঘি ও ময়দা দিয়ে তৈরি পরোটা দীর্ঘমেয়াদে নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে
সকালের নাশতায় গরম গরম পরোটা অনেকেরই ভীষণ পছন্দ। ডিম, ভাজি কিংবা মাংসের সঙ্গে পরোটা বাঙালির পরিচিত এক খাবার। সহজে পেট ভরে এবং খেতেও সুস্বাদু হওয়ায় অনেক পরিবারে প্রায় প্রতিদিনই সকালের নাশতায় পরোটা রাখা হয়। তবে পুষ্টিবিদদের মতে, প্রতিদিন পরোটা খাওয়ার অভ্যাস শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। বিশেষ করে অতিরিক্ত তেল, ঘি ও ময়দা দিয়ে তৈরি পরোটা দীর্ঘমেয়াদে নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
বর্তমান সময়ে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো সমস্যাগুলো দ্রুত বাড়ছে। এর অন্যতম কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অতিরিক্ত তেলযুক্ত খাবার গ্রহণ। তাই প্রতিদিনের খাবারে কী রাখছি, সেটি নিয়ে সচেতন হওয়া জরুরি।
পরোটায় কী থাকে
সাধারণত পরোটা তৈরিতে ময়দা, তেল বা ঘি বেশি ব্যবহার করা হয়। অনেক সময় একটি পরোটা তৈরিতে ২ থেকে ৩ চামচ পর্যন্ত তেল ব্যবহার করা হয়। ফলে এটি উচ্চ ক্যালরিযুক্ত খাবারে পরিণত হয়। শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি নিয়মিত গ্রহণ করলে তা চর্বি হিসেবে জমতে শুরু করে এবং ওজন বাড়ায়। এ ছাড়া ময়দা হলো একটি রিফাইন্ড কার্বোহাইড্রেট। গম থেকে ময়দা তৈরির সময় এর আঁশ বা ফাইবার অংশ বাদ দেওয়া হয়। ফলে ময়দাজাতীয় খাবার দ্রুত হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। নিয়মিত অতিরিক্ত ময়দা খেলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে, যা পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসের কারণ হতে পারে।
অতিরিক্ত তেল কেন ক্ষতিকর
পরোটা সাধারণত বেশি তেলে ভাজা বা সেঁকা হয়। অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খেলে শরীরে খারাপ কোলেস্টেরল বা LDL বাড়তে পারে। একই সঙ্গে শরীরে অপ্রয়োজনীয় ফ্যাট জমতে থাকে। এতে হৃদরোগ, ফ্যাটি লিভার ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, সকালে অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে অনেক সময় শরীর ভারী লাগে এবং অলসতা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক, অম্বল, বুকজ্বালা ও হজমের সমস্যাও বাড়তে পারে।
কেন দ্রুত ক্ষুধা লাগে
পরোটায় ফাইবার কম থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে পারে না। ফলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা অনুভূত হয় এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। অন্যদিকে ফাইবার-সমৃদ্ধ খাবার ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি জোগায়।
শিশুদের জন্যও কি প্রতিদিন পরোটা ভালো
অনেক শিশু পরোটা খেতে পছন্দ করে। তবে প্রতিদিন তেলযুক্ত পরোটা খাওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করতে পারে। এতে শিশুদের ওজন বেড়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য বা প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। শিশুদের জন্য সকালের নাশতায় ডিম, দুধ, ফল, ওটস, সবজি, আটার রুটি বা দই রাখা বেশি উপকারী। এসব খাবারে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল থাকে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে।
স্বাস্থ্যকর নাশতা কেন গুরুত্বপূর্ণ
সকালের নাশতা সারা দিনের শক্তির প্রধান উৎস। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর সকালে পুষ্টিকর খাবার চায়। তাই এমন খাবার খাওয়া উচিত, যা শরীরকে শুধু ক্যালরি নয়, প্রয়োজনীয় পুষ্টিও দেবে। একটি স্বাস্থ্যকর নাশতায় কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবারের ভারসাম্য থাকা প্রয়োজন। এতে শরীর দীর্ঘ সময় শক্তি পায়, কাজের মনোযোগ বাড়ে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ কমে।
সকালে কী ধরনের স্বাস্থ্যকর খাবার রাখা যেতে পারে
প্রতিদিন পরোটার বদলে খাদ্যতালিকায় কিছু স্বাস্থ্যকর বিকল্প রাখা যেতে পারে। যেমনÑ আটার রুটি ও সবজি, ওটস ও দুধ, ডিম ও ব্রাউন ব্রেড, ফল ও দই, চিড়া, মুড়ি বা উপমা, সবজি খিচুড়ি, স্যুপ বা সালাদ। এসব খাবারে তুলনামূলক কম তেল থাকে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়।
তাহলে কি পরোটা একেবারেই বাদ দিতে হবে
পরোটা পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। মাঝেমধ্যে পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। তবে প্রতিদিন না খেয়ে সপ্তাহে এক বা দুই দিন সীমিত রাখাই ভালো। চাইলে ময়দার বদলে আটার পরোটা তৈরি করা যেতে পারে এবং তেলের পরিমাণও কমানো যেতে পারে। সবজি বা ডিম দিয়ে তৈরি হোমমেড পরোটা তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।