কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত, এতিম শিশুদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়
জেসিআই বরিশাল হলো জেসিআই বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় লোকাল অরগানাইজেশন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বিশ্বের ১২০টিরও বেশি দেশে তরুণ নেতাদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যারা ইতিবাচক কমিউনিটি পরিবর্তনে কাজ করছে।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবে জেসিআই বরিশাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‘ঈদ আনন্দ ভাগাভাগি ২.০’ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত, এতিম ও দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত শিশুদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।
এ উপলক্ষে দারুসসুন্নাত সালেহিয়া দীনিয়া ও মোহেব্বীয়া হিফজুল কুরআন মাদ্রাসা-এর শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। কর্মসূচিতে জেসিআই বরিশালের সদস্যরা উপস্থিত থেকে শিশুদের সঙ্গে সময় কাটান এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করেন। জেসিআই বরিশালের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জেসিআই বরিশাল মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।
জেসিআই বরিশালের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ফারজানা আক্তার বলেন, জেসিআই বিশ্বাস করে নেতৃত্ব মানেই শুধু নিজেকে এগিয়ে নেওয়া নয়, বরং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা। ‘ঈদ আনন্দ ভাগাভাগি ২.০ – ২০২৬’ আয়োজনের মাধ্যমে আমরা ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে পেরেছি। ভবিষ্যতেও জেসিআই বরিশাল তরুণ নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে এমন আরও কার্যক্রম পরিচালনা করবে।”
উল্লেখ্য, 'ঈদ আনন্দ ভাগাভাগি' জেসিআই বরিশালের একটি নিয়মিত সামাজিক উদ্যোগ, যার মাধ্যমে প্রতি বছর সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।