জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
শাদা পায়রা, শাদা পায়রা, কোথায় থাকোÑ
দূরে?
তুমি এসো এই শহরে, এই নগরে মুক্ত ডানায় উড়ে।
তোমার জন্য সকালগুলো, তোমার জন্য দুপুরগুলো
বিলাপসুরে কাঁদে,
শাদা পায়রা উড়ে এসো বাংলাদেশের ছাদে।
শাদা পায়রা, শাদা পায়রা
কোন সুদূরে, কোন কাননে, বলো তোমার বাড়ি?
কোন অভিমান, দুঃখে দিলে মায়ের সঙ্গে আড়ি?
তুমি মাকে একা ফেলে কেমন করে থাকো!
দুঃখী মায়ের দুঃখ দিনের খবর তুমি রাখো?
তোমার মায়ের আঁচলে আজ আগুন জ্বলে
তোমার বোনের দুচোখজুড়ে রক্তনদী
তোমার ভাইয়ের বিবর্ণ মুখ, ধূসর, করুণ
তুমি থাকো দূর নিরালায় কেমন করে?
শাদা পায়রা, শাদা পায়রা ফিরে এসো
ফিরে এসো দুখিনী মা, মায়ের কোলে
মায়ের দুচোখ তোমায় খোঁজে ভালোবাসায়
দেখো, দেখো লাল-সবুজের নিশান দোলে।