× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাতে ঈদের ভোজ

নাজিয়া ফারহানা

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১২:৩৫ পিএম

পাতে ঈদের ভোজ

ঈদের বাকি আছে অল্প সময়। হয়ত বুঝতে পারছেন না ঝাল বা মিষ্টি কী কী আইটেম বানাবেন এই ঈদে। আজকের হেঁশেলে আপনাদের জন্য মজাদার কয়েকটি খাবারের রেসিপি জানিয়েছেন নাজিয়া ফারহানা। 

আফগানি বিরিয়ানি 

যা যা লাগবে : মাংসের জন্য- গরু বা মাটন ১ কেজি, দই ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, লবণ স্বাদমতো, ঘি ৪ টেবিল চামচ।

ভাতের জন্য- বাসমতী চাল ৭০০ গ্রাম, তেজপাতা ২টি, দারুচিনি ১ টুকরা, লবণ পরিমাণমতো।

টপিং- গাজর কুঁচি ১ কাপ, কিশমিশ ১/২ কাপ, কাজুবাদাম/পেস্তা ১/২ কাপ, চিনি ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন : কড়াইতে ঘি গরম করে দারুচিনি ও এলাচ দিন। এরপর পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে কষান। মাংস, দই, জিরাগুঁড়া, গোলমরিচ ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। একটি পাতিলে পানি ফুটিয়ে তাতে তেজপাতা, দারুচিনি ও লবণ দিন। বাসমতী চাল দিয়ে ৭০ শতাংশ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। প্যানে ঘি গরম করে গাজর কুঁচি হালকা ভেজে নিন। এর পর কিশমিশ, কাজু ও সামান্য চিনি দিয়ে ১-২ মিনিট নেড়ে নামিয়ে রাখুন। হাঁড়িতে প্রথমে মাংস দিন। তার ওপর ভাত ছড়িয়ে দিন। ওপরে গাজর-কিশমিশ-বাদামের মিশ্রণ দিন। ঢেকে কম আঁচে ১৫-২০ মিনিট দম দিন। গরম গরম আফগানি বিরিয়ানি সালাদ, বোরহানি বা দইয়ের রায়তার সঙ্গে পরিবেশন করুন।

স্মোকি স্পাইসি বিফ

যা যা লাগবে : গরুর মাংস ৫০০ গ্রাম (ছোট টুকরা), পেঁয়াজ কুঁচি ২টি, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৮টি (ফালি), শুকনা মরিচ ৪-৫টি, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ ফ্লেক্স ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, জিরাগুঁড়া ১/২ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুঁচি সাজানোর জন্য।

রান্নার প্রণালী 

কড়াইতে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে হালকা বাদামি করুন। আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষান। গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভুনা করুন। লাল মরিচ গুঁড়া, জিরাগুঁড়া, গোলমরিচ, লবণ দিয়ে আবার কষান। অল্প পানি দিয়ে ঢেকে দিন এবং মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে সয়াসস, টমেটো সস, মরিচ ফ্লেক্স ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট ঝাল ভুনা করুন। চুলা বন্ধ করে লেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে দিন। গরম গরম পোলাও, নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। এটা খুবই ঝাল, স্মোকি ও রেস্টুরেন্ট স্টাইল ফিউশন বিফ।

ক্রিমি নারকেল চিকেন কারি

যা যা লাগবে : মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ২টি, আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, নারকেলের দুধ ১ কাপ, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, গরম মসলা ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩টি

যেভাবে বানাবেন : কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে হালকা বাদামি করুন। আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষান। হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও টমেটো পেস্ট দিয়ে ২-৩ মিনিট কষান। এবার মুরগির মাংস দিয়ে ৫-৭ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। নারকেলের দুধ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে ১০-১২ মিনিট রান্না করুন। শেষে গরম মসলা ছিটিয়ে ২ মিনিট দম দিন। গরম ভাত, পোলাও বা নানের সঙ্গে পরিবেশন করুন।

চকলেট অরেঞ্জ লাড্ডু 

যা যা লাগবে : ডার্ক চকলেট ১/২ কাপ, অরেঞ্জ জেস্ট ১ টেবিল চামচ, বাদাম কুঁচি ২ টেবিল চামচ, নারকেল গুঁড়া।

যেভাবে বানাবেন : ডার্ক চকলেট গলিয়ে অরেঞ্জ জেস্ট ও বাদাম মেশান। ছোট লাড্ডু বানিয়ে নারকেল গুঁড়ায় রোল করুন। ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে পরিবেশন করুন।

পানাদান পেস্তাচু টার্ট

যা যা লাগবে : টার্ট শেলের জন্য- মাখন ১০০ গ্রাম (ঠান্ডা, কিউব করা), ময়দা ১৫০ গ্রাম, পাউডার চিনি ৫০ গ্রাম, ডিমের কুসুম ১টি, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ।

পেস্তাচু-পান ক্রিম ফিলিং-এর জন্য- পেস্তাচু পেস্ট ৭০ গ্রাম, হুইপিং ক্রিম ২০০ মিলি, দুধ ৫০ মিলি, চিনি ১-২ টেবিল চামচ (স্বাদমতো), পানার পেস্ট বা সস ১ চা-চামচ (ফ্লেভার বাড়ানোর জন্য), জেলাটিন ১ চা-চামচ (৩ টেবিল চামচ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা)

টপিং- পুরো পেস্তাচু, ফ্রেশ পানের পাতা (কাটা বা ছোট ছোট), ফ্রেশ বেরি বা রঙিন এডিবল ফ্লাওয়ার।

যেভাবে বানাবেন : টার্ট শেল- ময়দা ও চিনি একসঙ্গে মিশিয়ে মাখন যোগ করুন। ফিঙ্গার টিপে মিশ্রণ বেসমিল আকারের করুন। ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স মেশান। দ্রুত ডো বানিয়ে ফ্রিজে ৩০ মিনিট রাখুন। ডো বের করে টার্ট প্যানে চাপুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করুন। ঠান্ডা হতে দিন।

পেস্তাচু-পান ক্রিম ফিলিং-হুইপিং ক্রিম, দুধ ও চিনি হালকা আঁচে গরম করুন। ফুটতে দেবেন না। পেস্তাচু পেস্ট ও পানার পেস্ট মেশান। গরম জেলাটিন মিশিয়ে মসৃণ ক্রিম বানান। ঠান্ডা টার্ট শেলের মধ্যে ঢালুন। ফ্রিজে ১-২ ঘণ্টা সেট হতে দিন। পুরো পেস্তাচু দিয়ে সাজান। চাইলে ফ্রেশ বেরি বা এডিবল ফ্লাওয়ার দিয়ে আরও ইউনিক লুক দিতে পারেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা