প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩ পিএম
ইফতারের সময় ঘনিয়ে এলে ঢাকার রাস্তাগুলো যেন আরও বেশি ব্যস্ত হয়ে ওঠে। যানজট, কর্মচাপ আর সময়ের সঙ্গে দৌড়—সবকিছুর মাঝেই অনেক রোজাদার পড়েন ইফতার জোগাড়ের অনিশ্চয়তায়। ঠিক সেই মুহূর্তে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন নিঃসঙ্কোচ ফাউন্ডেশন।

রমজানের প্রথম শুক্রবার রাজধানীর বেইলি রোড ও শান্তিনগর এলাকায় পথচারী, রিকশাচালক, শ্রমজীবী ও কর্মব্যস্ত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। শুধু একদিনের আয়োজন নয়—পুরো রমজানজুড়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলবে তাদের এই সেবামূলক কার্যক্রম।

এই উদ্যোগের লক্ষ্য একটাই—যারা ব্যস্ততা, আর্থিক সংকট বা আকস্মিক পরিস্থিতির কারণে সময়মতো ইফতারের ব্যবস্থা করতে পারেন না, তাদের হাতে সম্মান ও যত্নের সঙ্গে ইফতার পৌঁছে দেওয়া। প্রতিটি প্যাকেটে থাকে প্রয়োজনীয় খাবার, আর তার সঙ্গে থাকে ভালোবাসা, সহমর্মিতা ও পাশে থাকার বার্তা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একজন রোজাদারকে ইফতার করানোর সওয়াব যেমন বড়, তেমনি মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দও অনন্য। এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা সমাজের সামর্থ্যবান ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। নগর জীবনের কোলাহলের ভেতর এ যেন এক টুকরো প্রশান্তি—কিছু তরুণের স্বতঃস্ফূর্ত প্রয়াস, যারা প্রমাণ করে দিচ্ছে, মানবিকতা এখনও জীবন্ত।