মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১ পিএম
দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তির মানচিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে কোয়ান্টাম কম্পিউটিং, ৫জি থেকে এজ কম্পিউটিংÑ নতুন নতুন উদ্ভাবন শুধু প্রযুক্তি খাতকেই নয়, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এমনকি আমাদের দৈনন্দিন জীবনকেও আমূল বদলে দিচ্ছে। তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের জন্য এটি একদিকে যেমন বিশাল সুযোগের দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে তেমনি তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। ভবিষ্যতের সঙ্গে তাল মেলাতে হলে লাগাতার শিখতে হবে, দক্ষতা আপডেট রাখতে হবে এবং উদীয়মান ট্রেন্ডগুলো বুঝে এগোতে হবে।
জেনারেটিভ এআই
প্রযুক্তি দুনিয়ায় বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো জেনারেটিভ এআই বা জেন-এআই। দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত বিশ্লেষণধর্মী কাজে ব্যবহৃত হয়ে আসছিল বিশাল ডেটাসেট বিশ্লেষণ, প্যাটার্ন শনাক্তকরণ, পূর্বাভাস তৈরি ইত্যাদি। কিন্তু জেনারেটিভ এআই সেই সীমা ভেঙে দিয়েছে।
এই প্রযুক্তি নিজে থেকে টেক্সট, ছবি, ভিডিও, অডিও এমনকি কোডও তৈরি করতে পারে। ChatGPT বা DALL·E-এর মতো সিস্টেমগুলো দেখিয়েছে, কীভাবে মানুষসদৃশ কনটেন্ট তৈরি করা সম্ভব। মাল্টিমোডাল মডেলগুলো একসঙ্গে লেখা, ছবি ও শব্দ বিশ্লেষণ করে সমন্বিত আউটপুট দিতে পারে।ব্যবসা প্রতিষ্ঠানগুলো কনটেন্ট অটোমেশন, কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট ডিজাইন, ডেটা অ্যানালাইসিস বিভিন্ন ক্ষেত্রে জেন-এআই যুক্ত করছে। ফলে উৎপাদনশীলতা বাড়ছে, খরচ কমছে এবং নতুন সৃজনশীল সম্ভাবনার দ্বার খুলছে।
কোয়ান্টাম কম্পিউটিং
কোয়ান্টাম মেকানিকসের নীতির ওপর ভিত্তি করে তৈরি কোয়ান্টাম কম্পিউটার প্রচলিত কম্পিউটারের তুলনায় নির্দিষ্ট কিছু সমস্যায় বহুগুণ দ্রুত কাজ করতে পারে। বর্তমানে IBM ও Google-এর মতো প্রতিষ্ঠান এ খাতে গবেষণায় এগিয়ে রয়েছে। ক্রিপ্টোগ্রাফি ভাঙা, নতুন ওষুধ আবিষ্কার, জটিল অণুর গঠন বিশ্লেষণÑ এসব ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটিং বিপ্লব আনতে পারে। যদিও প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে, তবুও আগামী দশকে এটি আর্থিক খাত, স্বাস্থ্যসেবা ও গবেষণাক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হতে পারে।
ফাইভজি
পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ৫জি ইতোমধ্যেই বিশ্বজুড়ে সম্প্রসারিত হচ্ছে। উচ্চগতির ডাউনলোড-আপলোড, কম ল্যাটেন্সি এবং স্থিতিশীল সংযোগÑ এই তিন বৈশিষ্ট্য ৫জিকে আলাদা করেছে।৫জির বিস্তার ইন্টারনেট অব থিংস (আইওটি), অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং স্বয়ংক্রিয় যানবাহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট সিটি, রিমোট সার্জারি, রিয়েল-টাইম ডেটা প্রসেসিংÑ এসব ক্ষেত্র ৫জির ওপর নির্ভরশীল হয়ে উঠছে।
ভিআর ২.০
ভার্চুয়াল রিয়েলিটি এখন আর শুধু গেমিংয়ে সীমাবদ্ধ নেই। উন্নত ডিসপ্লে, নির্ভুল মোশন ট্র্যাকিং এবং হালকা হেডসেট প্রযুক্তি ভিআরকে আরও ব্যবহারবান্ধব করেছে। Meta Quest-এর মতো ডিভাইসগুলো ঘরে বসেই ইমার্সিভ অভিজ্ঞতা দিচ্ছে। শিক্ষা, চিকিৎসা প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য থেরাপি, ভার্চুয়াল মিটিংÑ বিভিন্ন ক্ষেত্রে ভিআর নতুন সম্ভাবনা তৈরি করছে। ভবিষ্যতে ‘মেটাভার্স’ ধারণার বিস্তারের সঙ্গে সঙ্গে ভিআর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অগমেন্টেড রিয়েলিটি
অগমেন্টেড রিয়েলিটি (এআর) বাস্তব জগতের ওপর ডিজিটাল তথ্যের স্তর যুক্ত করে। রিটেইল খাতে ভার্চুয়াল ট্রাই-অন, রিয়েল এস্টেটে ভার্চুয়াল ভিজিট, শিক্ষায় ইন্টারঅ্যাকটিভ লার্নিংÑ এসব ক্ষেত্রে এআর ব্যবহৃত হচ্ছে। Apple-এর ভিশন প্রো বা Microsoft-এর হোলোলেন্সের মতো ডিভাইস এ প্রযুক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এআর ব্যবহার করছে।
আইওটি
ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিতে বিভিন্ন সেন্সর ও ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে। এর ফলে স্মার্ট হোম, স্মার্ট সিটি এবং স্মার্ট ইন্ডাস্ট্রি বাস্তবায়ন সম্ভব হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ, স্মার্ট গ্রিডের মাধ্যমে শক্তি ব্যবস্থাপনা, জননিরাপত্তাÑ এসব ক্ষেত্রে আইওটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্প খাতে প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের মাধ্যমে যন্ত্রপাতির ত্রুটি আগেই শনাক্ত করা যাচ্ছে।
কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তি : জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির চাপে খাদ্য উৎপাদন বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তি সেই চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। CRISPR জিন সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে খরা-সহনশীল, লবণাক্ততা-সহনশীল এবং রোগপ্রতিরোধী ফসল তৈরি সম্ভব হচ্ছে। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পথে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
স্বয়ংক্রিয় গাড়ি
কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও মেশিন লার্নিং প্রযুক্তির সমন্বয়ে স্বয়ংক্রিয় যানবাহন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। Tesla ও Waymo-এর মতো প্রতিষ্ঠান এক্ষেত্রে অগ্রগামী।সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম ইতোমধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশদূষণ হ্রাসে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব্লকচেইন
প্রথম দিকে Bitcoin-এর মাধ্যমে ব্লকচেইন পরিচিতি পেলেও এখন এর ব্যবহার বহুমাত্রিক। ব্লকচেইন হলো বিকেন্দ্রীভূত ডেটা সংরক্ষণ পদ্ধতি, যেখানে তথ্য ব্লক আকারে সংরক্ষিত হয় এবং চেইনের মাধ্যমে যুক্ত থাকে।সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, ভোটিং সিস্টেম, স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণÑ এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্লকচেইন ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল আস্থার ভিত্তি হিসেবে এ প্রযুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
এজ কম্পিউটিং
ক্লাউডের ওপর পুরোপুরি নির্ভর না করে তথ্যের উৎসের কাছাকাছি ডেটা প্রক্রিয়াকরণই এজ কম্পিউটিংয়ের মূল ধারণা। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে রিয়েল-টাইম সিদ্ধান্ত নেওয়া জরুরিÑ যেমন স্বয়ংক্রিয় গাড়ি বা শিল্পকারখানার যন্ত্র নিয়ন্ত্রণ। এজ কম্পিউটিং ল্যাটেন্সি কমায়, ব্যান্ডউইথ সাশ্রয় করে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব করে। ৫জি ও আইওটির বিস্তারের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির গুরুত্ব আরও বাড়বে।
ভবিষ্যতের পথে প্রস্তুতি
প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে টিকে থাকতে হলে শুধু ডিগ্রি নয়, লাগাতার শেখার মানসিকতা জরুরি। আপস্কিলিং, রিস্কিলিং এবং নতুন প্রযুক্তির সঙ্গে হাতে-কলমে কাজ করার অভ্যাসই ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।প্রযুক্তির ঢেউ থেমে থাকে না, যারা আগে থেকে প্রস্তুত হবে, তারাই হবে আগামী দিনের নেতৃত্বদানকারী শক্তি।