আফসানা মিমি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪ পিএম
বর্তমান সময়ে সৌন্দর্য বলতে আমরা অনেক সময় মেকআপকেই প্রথমে বুঝি। ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, আইলাইনারÑ এসব ছাড়া যেন বাইরে বের হওয়াই যায় না। সোশ্যাল মিডিয়ায় ফিল্টার আর এডিট করা ছবির ভিড়ে স্বাভাবিক মুখ নিয়ে নিজেকে সুন্দর ভাবতেও অনেকের কষ্ট হয়। কিন্তু সত্যিকারের সৌন্দর্য কি শুধু মেকআপের ওপর নির্ভর করে? সত্যি বলতে মোটেও তা নয়। প্রকৃত সৌন্দর্য আসে ভেতর থেকেÑ সুস্থ ত্বক, উজ্জ্বল চোখ, স্বাভাবিক হাসি আর আত্মবিশ্বাস থেকেই মানুষকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। তাই মেকআপ ছাড়াও সুন্দর থাকা সম্ভব, যদি আমরা নিজেদের যত্নটা নিয়মিত ও সঠিকভাবে নিতে পারি।
ত্বকের যত্নই আসল চাবিকাঠি
মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো সুস্থ ত্বক। ত্বক ভালো না থাকলে যত দামি মেকআপই ব্যবহার করা হোক, সেটা কখনোই স্বাভাবিক সৌন্দর্য দিতে পারে না। বরং অতিরিক্ত মেকআপ অনেক সময় ত্বকের ক্ষতিও করে, লোমকূপ বন্ধ করে দিয়ে ব্রণ ও র্যাশের সমস্যা বাড়িয়ে দেয়।
প্রথমেই প্রয়োজন নিয়মিত ক্লিনজিং। প্রতিদিন সকালে ও রাতে মুখ পরিষ্কার করা খুব জরুরি। বাইরে বের হলে ধুলোবালি, ঘাম, দূষণÑ এসব ত্বকের লোমকূপ বন্ধ করে দেয়। ফলে ব্রণ, ব্ল্যাকহেড, নিস্তেজ ভাব দেখা দেয়। তাই নিজের ত্বকের ধরন অনুযায়ী হালকা ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা উচিত।
ক্লিনজিংয়ের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অনেকেই মনে করেন ত্বক তেলতেলে হলে ময়েশ্চারাইজার দরকার নেই, কিন্তু আসলে সব ধরনের ত্বকের জন্যই ময়েশ্চারাইজার প্রয়োজন। ত্বক হাইড্রেট থাকলে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও টানটান দেখায়, যা মেকআপ ছাড়াই সুন্দর লুক দেয়।
পানি পান ও খাবারের ভূমিকা
মেকআপ ছাড়াই সুন্দর থাকার সবচেয়ে বড় গোপন রহস্য হলো পানি। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়, টক্সিন বের হয়ে যায় এবং ত্বক স্বাভাবিকভাবেই গ্লো করে। পানি কম খেলে ত্বক শুষ্ক, রুক্ষ ও নিস্তেজ হয়ে যায়, যা মুখে সহজেই বোঝা যায়।
পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। তেলঝাল, ফাস্টফুড, অতিরিক্ত চিনÑ এসব ত্বকের জন্য ক্ষতিকর। এগুলো ব্রণ, রুক্ষতা ও অকাল বয়সের ছাপের অন্যতম কারণ। অন্যদিকে ফল, সবজি, শাক, বাদাম, ডিম, মাছÑ এসব খাবার ত্বক ও চুলের জন্য খুব উপকারী। ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে।
ঘুম ও মানসিক স্বাস্থ্যের প্রভাব
অনেকেই অবাক হবেন, মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর সঙ্গে ঘুমের গভীর সম্পর্ক আছে। প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম না হলে চোখের নিচে ডার্ক সার্কেল, ফোলা ভাব ও ক্লান্ত মুখ দেখা দেয়। তখন যত মেকআপই করা হোক, সেই ফ্রেশ লুক আসে না। এ ছাড়া মানসিক চাপও সৌন্দর্যের বড় শত্রু। অতিরিক্ত স্ট্রেস হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার প্রভাব পড়ে ত্বক ও চুলে। তাই মানসিকভাবে শান্ত থাকা, নিজের জন্য সময় বের করা, পছন্দের কাজ করা, গান শোনা বা হাঁটাহাঁটি করাÑ এসবও সৌন্দর্যচর্চার অংশ।
প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন
মেকআপ ছাড়াই সুন্দর থাকতে চাইলে ঘরোয়া উপায়ও খুব কার্যকর। সপ্তাহে একদিন দই ও মধু দিয়ে ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক নরম ও উজ্জ্বল হয়। বেসনের সঙ্গে হলুদ ও দুধ মিশিয়ে ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে। অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করলে ত্বক হাইড্রেট থাকে এবং ব্রণ কমে।
এই প্রাকৃতিক উপাদানগুলোর সবচেয়ে বড় সুবিধা হলোÑ এগুলো সহজলভ্য, সস্তা এবং ত্বকের কোনো ক্ষতি করে না। ধীরে ধীরে এগুলো ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনে।
চুলের যত্নেও সৌন্দর্য লুকিয়ে আছে
মেকআপ ছাড়াই সুন্দর দেখাতে শুধু মুখ নয়, চুলের যত্নও সমান জরুরি। পরিষ্কার ও ঝরঝরে চুল মানুষের চাহনি অনেকটাই বদলে দেয়। সপ্তাহে ২-৩ বার মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা ভালো। নিয়মিত তেল দেওয়া চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। নারকেল তেল, আমন্ড অয়েল বা অলিভ অয়েল চুলের জন্য খুব উপকারী। অতিরিক্ত হিট স্টাইলিং, যেমন স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ার বেশি ব্যবহার করলে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। তাই যতটা সম্ভব প্রাকৃতিকভাবেই চুল শুকাতে দেওয়া ভালো।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্ন
মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। পরিষ্কার পোশাক, পরিচ্ছন্ন নখ, সুন্দর করে আঁচড়ানো চুল- এই ছোট ছোট বিষয় মানুষের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয়। সাথে ঠোঁটের যত্ন নেওয়াও জরুরি। নিয়মিত লিপ বাম ব্যবহার করলে ঠোঁট নরম ও গোলাপি থাকে, তখন আলাদা লিপস্টিক ছাড়াও সুন্দর দেখায়। দাঁত পরিষ্কার রাখা, শ্বাসের দুর্গন্ধ দূর করাও ব্যক্তিত্বের অংশ।
আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী মানুষ এমনিতেই সুন্দর দেখায়। নিজের শরীর, ত্বক বা চেহারা নিয়ে সব সময় নেতিবাচক ভাবলে সেটা মুখে ফুটে ওঠে।
নিজেকে যেমন আছেন, তেমনভাবে গ্রহণ করা, নিজের ভালো দিকগুলোকে গুরুত্ব দেওয়Ñ এটাই প্রকৃত সৌন্দর্যের ভিত্তি। কারণ সৌন্দর্য শুধু ফর্সা হওয়া বা নিখুঁত মুখের গড়ন নয়; সৌন্দর্য হলো সুস্থতা, স্বাভাবিকতা আর নিজের প্রতি ভালোবাসা।